উৎসবে ভাব বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঁড়ি দিয়ে উঠে করিডোরে পা রাখতেই শোনা যাচ্ছিল কলরব। আরেকটু সামনে এগিয়ে যেতেই দেখা গেল সাদা, হলুদ, নীল রংয়ের পোশাক পরা বিভিন্ন দলের কিশোর-কিশোরীদের মিতালী। কক্ষ থেকে ভেসে আসছে রকমারি খাবারের সুবাস। ভেতরে গিয়ে দেখা গেল এক ঝাঁক কিশোর-কিশোরী ছবি দেখছে মনোযোগ দিয়ে। কয়েকজন ব্যস্ত পিঠা, হালুয়া, পুডিং, সিংগাড়া, সমুচা, স্যান্ডউইচ বিক্রিতে। কেউ কেউ মশগুল লেখালেখিতে। গত মঙ্গলবার সকালে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় (বাওয়া) অ্যান্ড কলেজে অনুষ্ঠিত একটি উৎসবের চিত্র এটি। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ‘চট্টগ্রাম ক্লাস্টার ওয়ান কানেক্টিং ক্লাসরুম’ প্রকল্পের আওতায় এ উৎসবের আয়োজন করে। উৎসবে নানারকম খাবার তৈরি, পুস্তক সমালোচনা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এতে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাওয়া স্কুল, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি বিদ্যালয় থেকে একজন শিক্ষক এতে সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন। প্রকল্পের উদ্দেশ্য নিয়ে কথা হয় ডা. খাস্তগীর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহনাজ শহীদের সঙ্গে। তিনি জানান, মূলত স্কটল্যান্ডের তিনটি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক তথ্য এবং ভাব বিনিময়ের জন্য তিন বছর মেয়াদী এ প্রকল্প চালু করা হয়। এ বছরই প্রকল্পের মেয়াদ শেষ হলো। ভাব বিনিময়ের মাধ্যম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মেইল, সামাজিক নেটওয়ার্কসহ ইন্টারনেটের বিভিন্ন সাইটের মাধ্যমে আমাদের পরস্পরের সঙ্গে যোগাযোগ হয়। তা ছাড়া বছরে একবার করে দুই দেশের সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যাওয়া-আসা করেন। এ সময় এ রকম উৎসবের মধ্য দিয়ে নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য আগত শিক্ষক-শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়’। তিনি বলেন, ‘এবারের অনুষ্ঠানের ছবি ও লেখাগুলো স্কটল্যান্ডে পাঠানো হবে। আবার ওই দেশে আয়োজিত কোনো অনুষ্ঠানের ছবি এবং লেখাগুলো আমাদের কাছে আসবে। এভাবেই দুই দেশের শিক্ষক-শিক্ষার্থীরা একে অপরের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।’ এ বছর স্কটল্যান্ডে গিয়েছিলেন বাওয়া স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী উম্মে নাবিলা উদ্দিন। নাবিলা বলল, ‘স্কটল্যান্ডের শিক্ষার মান আমাদের দেশের তুলনায় অনেক বেশি উন্নত। ওরা ব্যবহারিক শিক্ষাকেই বেশি গুরুত্ব দেয়। এ ছাড়া সে দেশের ছাত্র-শিক্ষকের মাঝে সম্পর্কটা খুবই বন্ধুত্বপূর্ণ। স্কটল্যান্ডে গিয়ে আমি অনেক কিছুই শিখেছি।’