গ্রামের নাম কানুনগোপাড়া। শিক্ষা-সংস্কৃতি ও স্বদেশি আন্দোলনে গৌরবোজ্জ্বল এ গ্রামের প্রাচীনতম সংগঠন বান্ধব পাঠাগার। ২০০২ সালে শতবর্ষ পার করেছে প্রতিষ্ঠানটি। ১০৯ বছরে বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্তি উৎসব হলো। এ উপলক্ষে ২৫ মার্চ কানুনগোপাড়ায় বসেছিল মিলনমেলা। ওপার বাংলা থেকেও নাড়ির টানে ছুটে এসেছিলেন অনেকে। অনুষ্ঠানে এ গ্রামকে সরকারিভাবে আদর্শ গ্রাম ও বান্ধব পাঠাগারকে ঐতিহ্যের স্মারক ঘোষণার দাবি করেছেন বক্তারা। সকালে ঢোলের তালে শুরু হয় শোভাযাত্রা। পুরো এলাকা ঘুরে পাঠাগার মিলনায়তনে শেষ হয় এটি। মঙ্গলপ্রদীপ ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সরকারের সাবেক কর্মকর্তা সুকৃতি ভূষণ কানুনগো। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শৈবাল চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন ও কবি অরুণ দাশগুপ্ত। অজিত কুমার চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সুনীতি ভূষণ কানুনগো। বক্তব্য দেন অধ্যাপক সরোজ কুমার বল, আশীষ চক্রবর্তী, প্রবীর কুমার দত্ত, মৃণাল কান্তি ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দ রক্ষিত। অনুপম সেন বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাসংগ্রামে কানুনগোপাড়া গ্রামের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এ এলাকা জন্ম দিয়েছে অনেক জ্ঞানী-গুণী ও বীরের। রেবতী রমণ দত্ত এ অঞ্চলের কিংবদন্তি মহাপুরুষ। এ গ্রাম রত্নাগর্ভা।’আবুল মোমেন বলেন, ‘কালের পরিক্রমায় গ্রামে গ্রামে ধর্মান্ধ ও সাম্প্রদায়িক রাজনীতি ঢুকে গেছে। কুসংস্কারের কারণে সমাজ থেকে সংস্কৃতির গৌরব-জৌলুশ হারিয়ে গেছে। নগরায়ণের ফলে ক্ষয়িষ্ণু হচ্ছে গ্রাম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’অরুণ দাশগুপ্ত বলেন, ‘এখানে আমি তীর্থদর্শনে এসেছি, জ্ঞানী-গুণীর সাগরে ডুব দিয়েছি।’ তিনি সরকারের কাছে কানুনগোপাড়াকে ঐতিহ্যের স্মারক ও আদর্শগ্রাম ঘোষণার দাবি জানান।কলকাতা থেকে আসা আশীষ চক্রবর্তী বলেন, ‘আমার শৈশব-কৈশোর কেটেছে এ গ্রামে। ১৯৬৯ সালে আমি গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আমার গ্রাম নিয়ে কলকাতায় বসে গর্ববোধ করি আমি।’ শেষে বোধন আবৃত্তি পরিষদের পরিবেশনা দর্শকদের মন কাড়ে। খেলাঘর ও স্থানীয় শিল্পীরা গান করে অনুষ্ঠান মাতিয়ে তোলে। দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল তিনটায়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলকাতার বিশিষ্ট বিজ্ঞানী রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বাদলবরণ বড়ুয়া, পার্থপ্রতিম চৌধুরী ও সুকুমার শীল। রাজেন্দ্র প্রসাদ বলেন, ‘ছোটবেলা কেটেছে এ গ্রামের মাটিতে। ছেলেমেয়েদের সেই সোনালি দিনগুলোর কথা বলি।’ মুক্ত আলোচনায় ‘গ্রামের ঐতিহ্য সংরক্ষণ’ শীর্ষক প্রবন্ধ পড়েন মেঘনাদ চৌধুরী। পরে গুণীজন, কৃতী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পঞ্চকবির গান করেন অভ্যুদয় সংগীত অঙ্গন, ক্লোজ-আপ ওয়ান তারকা অনন্যা দাশগুপ্তা ও শিউলি মজুমদার। নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স।