বৈশাখ মানেই নতুনের আবাহন। নতুন আশায় বুক বাঁধা। উৎসবে মাতিয়ে তোলা চারপাশ। ধর্ম-বর্ণনির্বিশেষে এ এক অন্য উৎসব। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ তাল-লয় আর সুরে-ছন্দে নববর্ষের প্রথম দিনটি মাতিয়ে রাখে।‘বর্ষবরণ ১৪১৮’ শিরোনামে আয়োজিত এ উৎসবের আয়োজক ছিল বুয়েট স্থাপত্য বিভাগের ’০৫ ব্যাচ রিক, আর্কিটেকচার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং স্থাপত্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বুয়েট।‘এসো হে বৈশাখ’ থেকে শুরু করে বাউলসংগীত, অমঙ্গলকে হটিয়ে মঙ্গল বয়ে আনা রঙে রঙিন মঙ্গল শোভাযাত্রা—সবই ছিল ‘বর্ষবরণ ১৪১৮’-এর বৈশাখী উৎসবে।উৎসব শুরু হয় বুয়েটের সাংস্কৃতিক সংঘ মূর্ছনার সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। শিল্পীদের কণ্ঠে ভর দিয়ে বৈশাখ যেন হাজির হয় স্থাপত্য বিভাগ প্রাঙ্গণে। উপস্থিত সবার মধ্যে যেন উৎসবের আমেজ দেখা যায়।এরপরই শুরু হয় মঙ্গলের আশায় মঙ্গল শোভাযাত্রা। রংবেরঙের মুখোশ, কাগজের তৈরি বিভিন্ন ফুল, পাখি, ফেস্টুনসহ নানা রকম বৈশাখী উপকরণ শোভা পায় এ শোভাযাত্রার মঙ্গলপ্রার্থী যাত্রীদের হাতে হাতে। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে চারপাশ। শিশুরাও যাতে তাদের মনের মতো করে বৈশাখকে বরণ করে নিতে পারে, এ কারণে তাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও থাকে এ বর্ষবরণ উৎসবে। শিশুদের ঢাকা শহরের ওপর ছবি আঁকতে বলা হয়। প্রতিযোগীদের বেশির ভাগই বৈশাখের প্রথম দিনে ঢাকা শহরের উৎসবমুখর আমেজটাই ফুটিয়ে তুলতে চেয়েছে তাদের নরম হাত আর তুলির আলতো পরশে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের মাসিয়াত জানায়, তার অনেক ভালো লাগছে এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে।শিশুদের ছবি আঁকতে আঁকতে উদ্বোধন করা হয় আলোকচিত্র ও স্টুডিও প্রদর্শনীর। বিভিন্ন বিষয়ের মনোমুগ্ধকর সব আলোকচিত্র প্রদর্শনীতে আগত সবাইকে মুগ্ধ না করে পারেই না। সঙ্গে স্টুডিও প্রদর্শনী তো আছেই। এর পরপরই শুরু হয় বাউলসংগীত, যা ছাড়া বৈশাখ উদ্যাপন যেন অধরাই থেকে যায়। বাউলের দল তাদের ভিন্নধর্মী পরিবেশনার মাধ্যমে আগত অতিথিসহ সবাইকে আরেকবার স্মরণ করিয়ে দেয় দিনটি ছিল বাংলা নববর্ষের প্রথম দিন।বাউলা গানের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরপর শুরু হয় বিভিন্ন মজাদার খেলার পালা। উপস্থিত সবার মধ্যে আরেকবার যেন আনন্দের বার্তা পৌঁছে যায় এসবের মধ্য দিয়ে। এমনই একজন ফয়সাল হাসান। ঢাকা মেডিকেল কলেজের এই শিক্ষার্থী বৈশাখের বর্ষবরণ উৎসবে শামিল হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এ ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে।’ এ উৎসবের মধ্য দিয়ে চারদিকে যেন বৈশাখের রং-রূপ ছড়িয়ে পড়েছে বলে মনে করেন ফয়সাল। মধ্যাহ্ন বিরতির পরপরই শুরু হয় ব্যান্ডদলের পরিবেশনা, স্লাইড শো; সেই সঙ্গে বৈশাখী ভাবটা আরেকটু জমাতে উৎসব প্রাঙ্গণে নাগরদোলার দোল পরিবেশটাকেই অন্য রকম করে দেয়।সফলভাবে উৎসব আয়োজনের জন্য যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আর্কিটেকচার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আরসিএসএ) সভাপতি একেএম আশরাফুজ্জামান ’০৫ এর পক্ষ থেকে তাঁদের সবাইকে ধন্যবাদ জানান।আরসিএসএর সাধারণ সম্পাদক নাবিলা ইকবাল বলেন, ‘আর্কিটেকচার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং স্থাপত্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বুয়েট সমন্বিতভাবে কাজ করার ফলেই এ অনুষ্ঠান সফল হয়েছে। সামনের দিনগুলোতে বাঙালি সংস্কৃতির অন্যতম এ উৎসবকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’