উৎসবে মাতোয়ারা ক্যাম্পাস

নগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে নানা আয়োজনে উদ্যাপিত হয় পয়লা বৈশাখ। শিক্ষার্থীরা সাড়ম্বরে বরণ করেছে নববর্ষকে। শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তি আর আড্ডার আনন্দে মেতে ছিলেন সবাই।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়: সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ আয়োজন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাস থেকে শুরু হয়ে ও আর নিজাম সড়কে এসে শেষ হয়। এরপর সেখানে বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এ সময় সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ মনজুর আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীসহ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ছিল দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাদার্ন বিশ্ববিদ্যালয়: অতীতের সব জীর্ণতাকে মুছে পেলে, সব দুঃখ কষ্ট হতাশাকে ভুলে গিয়ে সুন্দর আগামীর প্রত্যাশার মধ্য দিয়ে সাদার্ন বিশ্ববিদ্যালয় বরণ করে নিল বাংলা নববর্ষ ১৪২১। আনন্দ উৎসবে মেতে উঠে পুরো ক্যাম্পাস।

শুরুতেই ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান খলিলুর রহমান, ট্রেজারার সরওয়ার জাহান, সহউপচার্য অধ্যাপক শরীফুজ্জান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আব্দুল মোকত্মাদীর, ব্যাবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হাসিনা জাকারিয়াসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ ছাড়া ক্যাম্পাসে প্রঙ্গণে মেলা, গান, নাচ, আবৃত্তি, ফ্যাশনশোসহ নানা আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের ব্যবস্থাপনায় ১৫টি স্টল স্থান পায়। এসব স্টলে ছিল পান্তা-ইলিশ, হরেক রকমের গ্রামীণ পিঠা, মাটি ও বেতের তৈজসপত্র।
চট্টগ্রাম নার্সিং কলেজ: প্রথমবারের মতো চট্টগ্রাম নার্সিং কলেজে উদ্যাপিত হয়েছে পয়লা বৈশাখ। আনন্দমেলা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এখানে উদ্যাপন করা বাংলা বছরের প্রথম দিনটি। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মিলি চৌধুরী।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় : সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এখানকার বর্ষবরণ আয়োজন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টলও ছিল। ভেটেরিনারি মেডিসিন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী ফখরুল বলেন, গত বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ে উদ্যাপন করলাম পয়লা বৈশাখ। আর ক্যামপাসে বৈশাখ উদ্যাপনের মজাই আলাদা।
ইউএসটিসি : পয়লা বৈশাখে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (ইউএসটিসি) বসে প্রাণের মেলা। ক্যামপাসজুড়ে ছিল বর্ণিল সাজ ও বৈশাখী অলপনার ছড়াছড়ি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ছিল হরেক রকমের স্টল। সকাল সাড়ে নয়টায় ছিল মঙ্গল শোভাযাত্রা। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চে চলতে থাকে সাংস্কৃতিক আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিনিউকেশন প্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘শেষ বারের মতো পয়লা বৈশাখ উদ্যাপন করলাম ক্যামপাসে। সারা দিন ক্যামপাসে থেকে অনেক মজা করেছি বন্ধুদের সঙ্গে।’
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় : সকাল থেকেই নগরীর প্রবর্তক সেন্টারে জমায়েত হয়েছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষবরণের আয়োজন রূপ নেয় প্রাণের মেলায়। রঙে রঙে মিশে গিয়েছিল ইডিইউর তারুণেরা। বাঙালির চিরায়ত সব খাবারের স্বাদ দিতে আয়োজন করা হয়েছিল খাদ্য প্রদর্শনীর। এতে প্রদর্শিত হয় পিঠা, পায়েস, ভর্তা, পান্তা-ইলিশ, মিষ্টি, দই, হালুয়াসহ নানা পদের খাবার।
সাংস্কৃতিক পর্বের শুরুতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এরপর পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার অনুভূতি ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে শুরু হয় শিক্ষার্থীদের পরিবেশনা। এরপর একে একে মঞ্চ মাতায় নাচ, গান, নাটিকা ও ফ্যাশন শো।