উৎসবে মিষ্টিমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আলোচনায় অতিথি আপ্যায়নে বা গায়েহলুদের আয়োজনে বাড়িতে তৈরি মিষ্টি পরিবেশন করতে চান অনেকে। নাসরিন আলম দিয়েছেন কয়েক রকম মিষ্টি তৈরির প্রণালি।কালাকান্দউপকরণ: দুধ ২ কাপ, টকদই ১ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ১ টিন, চিনি ১ টেবিল চামচ। প্রণালি: মোটা প্যানে দুধ ফুটিয়ে দই দিয়ে ছানা কেটে নিতে হবে। এই ছানার মিশ্রণে কনডেন্সড মিল্ক ও চিনি দিয়ে অল্প আঁচে ভুনতে হবে। ভুনতে ভুনতে শুকিয়ে প্যানের গা থেকে ছেড়ে এলে বড় ছড়ানো ডিশে ঢেলে ঠান্ডা হলে টুকরা করে কেটে সাজিয়ে পরিবেশন।ক্যারামেল ফিরনিউপকরণ: দুধ ২ লিটার, পানি ২ কাপ, পোলাওয়ের চাল ২ মুঠো (২ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে আধা ভাঙা করে নিতে হবে), কনডেন্সড মিল্ক ১টা, ১ কাপ চিনির ক্যারামেল, জাফরান ১ চিমটি, সাজানোর জন্য মাওয়া, কিশমিশ, পেস্তা বাদাম। প্রণালি: সাদা ফিরনির জন্য—১ লিটার দুধের সঙ্গে ১ কাপ পানি মিলিয়ে নিতে হবে। ঠান্ডা দুধে আধা ভাঙা চাল (১ মুঠো) মিলিয়ে চুলায় দিতে হবে। ফুটে উঠলে নাড়তে হবে। নাড়তে নাড়তে চাল সেদ্ধ হয়ে গেলে জাফরান ও অল্প অল্প কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে হবে (মিষ্টি দেখে নিতে হবে)। ঘন হয়ে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে। ক্যারামেল ফিরনি—বাকি দুধের সঙ্গে পানি মিলিয়ে ঠান্ডা দুধে আধা ভাঙা চাল মিলিয়ে চুলায় বসাতে হবে। ফুটে উঠলে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন চাল সিদ্ধ হয়ে যাবে, তখন অল্প অল্প করে ক্যারামেল মেলাতে হবে। মিষ্টি কম-বেশি হলে ঠিক করে নিতে হবে। ঘন হয়ে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে।সার্ভিং ডিশে এক স্তর সাদা ফিরনি, এক স্তর ক্যারামেল ফিরনি—এভাবে সাজিয়ে মাওয়া, কিশমিশ, পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন।ক্যারামেল বানাতে—শুকনো প্যানে চিনি অল্প আঁচে গলিয়ে নিতে হবে, পরে আধা কাপ দুধ মিলিয়ে নিতে হবে। আনন্দ ভোগউপকরণ: সুজি ২৫০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম, মাওয়া ৪০০ গ্রাম গ্রেট করা, জাফরান পৌনে এক টেবিল চামচ, ছোট এলাচি দানা (১০টা এলাচির) গুঁড়া করা, গোলাপজল ২ চা-চামচ, ঘি ৯ টেবিল চামচ, দুধ ১ টেবিল চামচ, সাজানোর জন্য সিলভার ফয়েল। প্রণালি: ৪ টেবিল চামচ উষ্ণ গরম পানি ও ১ টেবিল চামচ ঘিয়ে সুজি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। প্রয়োজনে পানি বেশি দেওয়া যাবে, যাতে সুজি ভালোভাবে ভিজে যায়। প্যানে বাকি ঘিয়ে ভেজানো সুজি অল্প আঁচে হালকা বাদামি করে ভেজে নামাতে হবে। সুজির সঙ্গে মাওয়া মিলিয়ে নিতে হবে। প্যান আবার চুলায় বসিয়ে ভুনতে হবে। সুজি ও মাওয়া পুরোটা মিশে গেলে নামিয়ে বড় পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। অন্য প্যানে ১ কাপ পানি ও চিনি মিশিয়ে ঘন সিরা বানাতে হবে। ঘন সিরায় গোলাপজল ও জাফরান ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এই মিশ্রণে সুজি ও মাওয়ার মিশ্রণ ঢেলে এলাচির গুঁড়া মিলিয়ে নিতে হবে। উঁচু চারকোনা ডিশে ঢেলে সেট করে ঠান্ডা হলে সিলভার ফয়েল বা তাক দিয়ে ঢেকে দিতে হবে। ছোট ছোট চৌকো করে কেটে পরিবেশন।ছানার পুলিউপকরণ: ছানা ২৫০ গ্রাম, কনডেন্সড মিল্ক আধা টিন, ময়দা ৬-৭ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ভাজার জন্য তেল, সাড়ে তিন কাপ চিনি ও সাড়ে তিন কাপ পানি মিলিয়ে জ্বাল দিয়ে সিরা বানিয়ে নিতে হবে। প্রণালি: ছানা, কনডেন্সড মিল্ক, ময়দা, বেকিং পাউডার এবং বড় ১ টেবিল চামচ ঘি মিলিয়ে খুব করে মেখে মোলায়েম ডো বানাতে হবে। ডো দিয়ে ছোট ছোট পুলি বানিয়ে হালকা গরম তেলে (অল্প আঁচে) সোনালি করে ভেজে সিরায় দিতে হবে। মাওয়া বা গোলাপ পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন।