উৎসবে রঙিন নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার কর্মস্থল বান্দরবান, কিন্তু পূজার কটা দিন চট্টগ্রামেই থাকি। মণ্ডপে মণ্ডপে ঘুরি, পরিচিতজনদের সঙ্গে দেখা হয়। আড্ডা চলে রাতভর। আড্ডার লোভেই এখানে আসা।’ বললেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা স্বাগত ধর। গত মঙ্গলবার অষ্টমী পূজার দিন নগরের পাথরঘাটার পাঁচবাড়ি মণ্ডপের সামনে কথা হয় তাঁর সঙ্গে। এ মণ্ডপে রাত ১০টায়ও অসংখ্য দর্শনার্থী দেখা গেল। তিলধারণের জায়গা নেই কোথাও। চোখধাঁধানো আলোকসজ্জা ও ঢাকের শব্দ উৎসবের বারতা ঘোষণা করছিল চারদিকে।নগরের মোট ২৩৫টি পূজামণ্ডপে এমন উৎসবমুখর আমেজে পূজা অনুষ্ঠিত হয়েছে এবার। আজ দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব।নগরের হাজারি গলি, গোসাইল ডাঙ্গা, জামাল খান, জেএমসেন হল, রহমত গঞ্জ, দেওয়ানজী পুকুরপাড়, দেওয়ান বাজার, বাকলিয়া, রাজা পুকুর লেন ও চেরাগি পাহাড়ে এবার সাড়ম্বরে পূজা উদ্যাপিত হয়েছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, জেএমসেন হলে দর্শনার্থীদের ভিড় মূল রাস্তায় এসে ঠেকেছে। মণ্ডপে ঢোকার জন্য লাইনে দাঁড়ানো একদল তরুণ একটু পরপরই ধুয়া দিচ্ছিল ‘দুর্গা মা কী জয় বলে!’দিদারুল আলম ও সোমা বড়ুয়া দুজন কাজ করেন একই প্রতিষ্ঠানে। জেএমসেন হলে পূজা দেখতে সদলবলে এসেছেন তাঁরা। বললেন, ‘এই উৎসব সর্বজনীন। সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এসেছি।’চেরাগী পাহাড়ে তরুণ লেখক, কবি ও সাংবাদিকদের আড্ডা আরও জমে উঠেছে পূজার কারণে। মাইকের শব্দে কানপাতা দায়। এর মধ্যেও চলছিল আড্ডা।চেরাগী পাহাড়ের পূজামণ্ডপে স্ত্রী-কন্যা নিয়ে পূজা দেখতে এসেছিলেন ব্যবসায়ী দম্পতি মাহাতাব মোর্শেদ ও তাহমিনা বেগম। দুই বছরের সোমন্তি এই প্রথম পূজা দেখতে এসেছেন বলে জানালেন তাঁর মা তাহমিনা। পূজা কেমন লাগছে? এ প্রশ্নের উত্তরে সোমন্তি দুই হাত প্রসারিত করেন। আধো ভাঙা ভাঙা শব্দে বলেন, অনেক অনেক ভালো।দক্ষিণ নালাপাড়ায় গলির মুখ পর্যন্ত লম্বা লাইন। প্রায় আধঘণ্টা লেগে গেল মণ্ডপে ঢুকতে। ভেতরে ঢুকতেই যেন ঘুম ভাঙল। সম্পন্ন গৃহস্থবাড়ির মতো করে সাজানো হয়েছে মণ্ডপ। ঘরের দাওয়ায় দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশ। বাড়ির বড় বড় দরজা-জানালা আর খিলানের নকশা দেখে রবীন্দ্রনাথের কোনো কুঠিবাড়ির কথাই মনে পড়ছিল। দেব-দেবীর প্রতিমাগুলো অতটা বড় নয়, রক্ত-মাংসের মানুষ যতটুকু হয় ঠিক ততটুকু।পূজা কমিটির সদস্য শ্যামল দাশ গুপ্ত জানান, এবার রবীন্দ্রনাথের সার্ধশততম বার্ষিকী। সে বিষয়টি মাথায় রেখে বাঙালির আটপৌড়ে সাজে সাজানো হয়েছে দুর্গাসহ বাদবাকি দেব-দেবীকে।পূজা দেখতে আসা সুজন চক্রবর্তী জানান, এখানে দুর্গার অসুর বধ উপাখ্যান নিয়ে পাঁচ মিনিটের একটা দৃশ্যকাব্য তৈরি করা হয়েছে। তাঁর কথা শেষ হতে না হতেই মণ্ডপের সব আলো নিভে গেল। সবার মধ্যেই টানটান উত্তেজনা। ঠিক তখনই দেবী দুুর্গার ওপর একটা হলদে স্পটলাইট এসে পড়ল। ভরাট কণ্ঠে ভেসে এল দেবী আবাহনের মন্ত্র। বেজে উঠল যুদ্ধের দামামা। আলো ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে, জ্বলছে, নিভছে, সেই সঙ্গে ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে ধেয়ে আসা লেজারের আলো আকাশের বজ্রবিদ্যুতের মতো দৃশ্যমান হচ্ছিল। পৃথিবী জুড়েই যেন প্রলয় চলছে তখন। যেভাবে শুরু হয়েছিল, ঠিক সেভাবেই শেষ হলো প্রলয়। কুণ্ডলী পাকানো ধোঁয়া সরে গেলে দেখা গেল, দুর্গার ত্রিশূলে বিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছেন মহিষাসুর। কার্তিকের ধনুক থেকে ছোড়া তীর বিদ্ধ করেছে তাঁর পিঠ। গণেশ, লক্ষ্মী, সরস্বতী—সবাই তাকিয়ে আছেন অসুরের দিকে। মনে হচ্ছিল, কোনো নাটকেরই একটি স্থিরচিত্র। জানা গেল, ব্যতিক্রমী এ পূজার সাজসজ্জার দায়িত্বে ছিলেন শিল্পী বিশ্বজিৎ তলাপাত্র ও জিহান করিম।মণ্ডপের কাছেই পাড়ার তরুণ-যুবকদের আড্ডা জমেছে। আড্ডায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া থেকে শুরু করে মধ্য বয়সীরা পর্যন্ত আছেন। রঞ্জন সাহা জানান, ষষ্ঠীর দিন থেকে সবাই এখানেই। আড্ডা চলছে প্রায় সারা রাত। এটাই পূজার আসল মজা।