আসছে ঈদুল আজহা ও দুর্গাপূজা। এখনই ছড়িয়ে পড়েছে দুই উৎসবের রং। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর এ দুটি উৎসবের আগমনী বার্তা ধ্বনিত হল ‘ঈদুল আজহা ও পূজা প্রদর্শনী’ শিরোনামের আয়োজনে। এ আয়োজনে প্রদর্শিত হয় বাহারি পোশাক, প্রসাধনী, ব্যাগ, গয়না, জুতা ও ঘর সাজানো নানা উপকরণ। এতে চট্টগ্রামের অনলাইনভিত্তিক ১৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নেয়।
নগরের ওয়েল ফুড সেন্টারে আয়োজিত এ প্রদর্শনী চলে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। উৎসব অনুষঙ্গের পাশাপাশি ছিল ছবি প্রদর্শনীও। বিয়ে, ঈদ ও পূজার হরেক রকমের ছবি এতে স্থান পায়। গত ২৮ সেপ্টেম্বর এ আয়োজন উদ্বোধন করেন লেডিস ক্লাবের সভাপতি জিনাত আজম। বিশেষ অতিথি ছিলেন ফরিদা ফরহাদ ও নূরজাহান বেগম।
আয়োজক প্রতিষ্ঠান আবরণের কর্ণধার সাবরিনা জাহাঙ্গীর বলেন, অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সবার সঙ্গে পরিচিত করানোর জন্য এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।
প্রদর্শনীতে আসা চট্টগ্রাম কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্রী রিভলী রেদোয়ান বলেন, ‘সব অনলাইন প্রতিষ্ঠানকে একই ছাদের নিচে পেয়ে ভালো লাগছে। এসব প্রতিষ্ঠান সম্পর্কে আমরা এত দিন জানতাম না।’