উৎসবের আগে আরেক উৎসব
জামালপুর থেকে আই-জিনিয়াস নির্বাচিত হয় আহকাম ইশতিয়াক। এর পরই একটি নতুন চিন্তা তার মাথায় ভূতের মতো আছর করে। নিজের সেই চিন্তা সে জানিয়ে দেয় সারা দেশের আই-জিনিয়াসদের মধ্যে। মাধ্যমটা ছিল সেই ইন্টারনেট ফ্যান পেজ, যেখানে যুক্ত দেশের ১০২ জন আই-জিনিয়াস। এই পেজের মাধ্যমেই তাঁরা দুই মাসেই হয়ে উঠেছে একজন আরেকজনের ভালো বন্ধু। চলে আড্ডা, পরিচিতি কিংবা নিছক নিজের মনের কথা অন্যকে জানানো। যেখানে ইশতিয়াক লিখে, ‘আমরা তো চাইলেই দেখা করতে পারি। সেটা হতে পারে জাতীয় উৎসবের আগের দিন ৫ জানুয়ারি। এক দিনের মধ্যেই ‘লাইক’ বাটন চেপে বাকি ১০১ জিনিয়াস তাতে রাজি হয়ে যায়। ফেসবুকেই তারা ঠিক করে ফেলে কীভাবে হবে আয়োজন। এর মধ্যে ইশতিয়াকের সঙ্গে কাজে যোগ দেয় গলাচিপার (পটুয়াখালী) আই-জিনিয়াস এম কে এ হূদয়, নারায়ণগঞ্জের হিমেল, খুলনার মুকিত আজাদ খান, কক্সবাজারের নিশানসহ অনেকে। তারা আগেই ঢাকায় এসে বুকিং দিয়ে যায় পান্থপথের বসুন্ধরা সিটির একটি রেস্টুরেন্ট। ভেন্যু জানিয়ে দেওয়া হয় সারা দেশের বাকি বন্ধুদের। ৫ জানুয়ারি বিকেলে জড়ো হতে থাকে আই-জিনিয়াসরা। শেষ অবধি এর সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩২। তখনো অনেকে রাজধানী ঢাকার পথে। গলাচিপার হূদয় এটাকে সারপ্রাইজ বলেই মনে করছে। কারণ, তার ধারণা ছিল সবাই আসব বললেও আসতে পারবে না। কিন্তু ঘটল ঠিক তার উল্টোটা!সিরাজগঞ্জের লামিয়া তো এসেই মারপিট আর খুনসুটি শুরু করেছে মুকিতের সঙ্গে। তাদের কাণ্ড দেখে হিমেলের প্রশ্ন, ‘ও, তোমরা বুঝি আগে থেকেই বন্ধু ছিলে?’ লামিয়ার ঝটপট উত্তর, ‘আরে নাহ্, সে আমাকে ফেসবুকে খোঁচাতেই থাকে। তাই ওর যে কিল পাওনা ছিল, সেটাই শোধ দিয়ে নিচ্ছি।’ এরই মধ্যে মাইক্রোফোনে ঘোষণা ‘দিস টাইম ফর আই-জিনিয়াস’। পেছনের বড় স্ক্রিনে তখন প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় ছাপা হওয়া ১০২ জন আই-জিনিয়াসের প্রোফাইল প্রদর্শিত হচ্ছে। আর সেই সঙ্গে তাদের একসঙ্গে চিৎকার। এভাবেই মূল উৎসবের আগে নিজেরা মিলে আয়োজন করে আরেক উৎসবের।