উৎসবের আনন্দ সবার জন্য সত্য হোক
আজ নববর্ষ। সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বাংলা নববর্ষ আমাদের প্রধান সামাজিক উৎসব। ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ ভুলে আজ সবার এক হওয়ার দিন। আজ মিলনের দিন। আজ মিলনোৎসব। তবে নববর্ষের এ উৎসবও আমাদের অর্জন করে নিতে হয়েছে স্বাধীনতার মতোই। ধর্মান্ধ রাষ্ট্র পাকিস্তান ইসলামের দোহাই দিয়ে নববর্ষ পালনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকারের বিরুদ্ধে বরাবর উদ্যত ছিল। তখন নিষেধ ও নিপীড়নের বেড়াজালে আমাদের সংস্কৃতিচর্চা ছিল অবরুদ্ধ।মুক্তিপিয়াসী বাঙালির সংগ্রামের সূচনা তাই ভাষা থেকে সংগীত, রবীন্দ্রনাথ ও নজরুল, একুশে কি নববর্ষ—এমনি সব বিষয়ে আপন অধিকার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ, অখণ্ড নজরুল, লালন ও বাউল গান, বঙ্কিম-মাইকেল—সবই সংগ্রাম করে অর্জন করতে হয়েছে আমাদের। নববর্ষও রাষ্ট্রের সঙ্গে লড়াই করে আদায় করেছি আমরা। এ কৃতিত্ব বহুলাংশে দেশের অগ্রণী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের। তারাই শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রমনার বটমূলে নববর্ষের প্রভাতী সংগীতানুষ্ঠান চালু করেছে। আর বছর-বছর জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রে এটি নতুনতর মাত্রা ও বৃহত্তর আঙ্গিক অর্জন করেছে।আর স্বাধীনতার পর, বিশেষত পঁচাত্তরের প্রত্যাঘাতের পটভূমিতে রাজনৈতিক পশ্চাৎযাত্রার সময়ে আবার সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে পড়ে দেশে। তারই সূত্র ধরে এবার ঢাকার বাইরেও আয়োজিত হতে থাকে নববর্ষের প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রামে ১৯৭৮ থেকে ডিসি হিল প্রাঙ্গণে ‘পয়লা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব: সবার যোগে জয়যুক্ত হোক’ স্লোগানে শুরু হয় নববর্ষ উদ্যাপন। আজ তা পরিসরে অনেক বড় হয়েছে। কেবল চট্টগ্রাম শহরেই আধা ডজনের বেশি বড় আকারের দিনব্যাপী বা দুই দিনব্যাপী মুক্তাঙ্গনের অনুষ্ঠান হচ্ছে। নববর্ষের দিনে আবালবৃদ্ধবনিতা যেন উৎসবের আনন্দে যোগ দিতে রাজপথে নেমে আসেন। এখন আর বিরোধিতা নেই, হিন্দু-মুসলিম নির্বিশেষে নববর্ষের আনন্দোৎসবে শরিক হচ্ছে। উৎসব উপলক্ষে নতুন পোশাক কেনার ধুম পড়ছে, বুটিকগুলোতে ব্যস্ততা বাড়ছে। আবার উৎসবে ভালো খাওয়ার ঝোঁকও বেড়ে চলেছে। বাজারে বিচিত্র জিনিসের সরবরাহ যেমন বাড়ে এ সময়, তেমনি জিনিসপত্রের দামও একটু চড়া থাকে।একসময় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ হিন্দুদের একটি অনুষ্ঠান হিসেবেই সীমাবদ্ধ ছিল। আজ তা সম্প্রদায় ছাপিয়ে জাতীয় ও সামাজিক উৎসব হয়ে উঠেছে। এর আরও তাৎপর্য রয়েছে। বাংলাদেশের আদিবাসীও বিভিন্ন নামে এই বর্ষবরণ অনুষ্ঠান করে থাকে, ফলে এটি যথার্থই বাংলাদেশের জাতীয় উৎসব। আবার চীন থেকে ইরান পর্যন্ত এ উৎসবের ব্যাপ্তি দেখা যায়। চীন, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, ইরান পর্যন্ত এ উৎসবের ব্যাপ্তি। ফলে বৈশাখী উৎসবকে কেন্দ্র করে আমরা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এক বিশাল এলাকা ও বিপুল জনগোষ্ঠী একাত্মবোধ করতে পারি। এ অঞ্চলেই বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসতি। ধীরে ধীরে যোগাযোগ বাড়বে এবং এ উৎসব জাতীয় থেকে আন্তর্জাতিক হয়ে উঠবে। পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠীর সঙ্গে উৎসব পালনের মধ্যে নিশ্চয় আনন্দ অনেক বেশি। দারিদ্র্য ও বৈষম্য-বঞ্চনা ঘুচে গিয়ে এ আনন্দ সবার জন্য সত্য হোক।