‘তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি...’ গানের সঙ্গে সঙ্গে যখন পর্দায় ভেসে উঠছিল ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের ক্যাম্পাস-জীবনের নানা খুনসুটির স্থিরচিত্র, তখন দ্বিতীয় সেমিস্টারের অনিক দুঃখছোঁয়া কণ্ঠে বলে ওঠে, ‘দোস্ত, একদিন আমাদেরও যাওয়ার দিন চলে আসবে রে!’ তাঁর কথা শেষ না হতেই বিরামহীনভাবে ছবি তুলে যাওয়া তানভীর লেন্স থেকে চোখ সরিয়ে হেইহই করে ওঠে, ‘আমাদের এখনো ঠিকমতো শুরুই হলো না, আর তুই শেষের চিন্তা করে ফেলছিস!’১৮ জানুয়ারি বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত গানের শব্দ ছাপিয়ে মুহুর্মুহু শোনা যাচ্ছিল সহস্রাধিক শিক্ষার্থীর হাততালির ছন্দে ছন্দে করে ওঠা ‘টেক্সটাইল, টেক্সটাইল’ চিৎকার আর উইইইইই উল্লাস ধ্বনি!ঢাকার আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির (অস্ট) চতুর্থ বর্ষপূর্তিতে ১৯তম ব্যাচ আয়োজিত আনন্দোৎসবে ভবিষ্যৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বাঁধভাঙা উচ্ছ্বাসে সেদিন ভেসে গিয়েছিল সিনিয়র-জুনিয়র বিভেদ।বিভাগীয় প্রধান অধ্যাপক মুস্তাফিজুর রহমান এবং সোসাইটির ট্রেজারার মুহম্মদ রুবাইয়াত চৌধুরীর সূচনা বক্তব্য, আর স্যুভেনির উন্মোচনের পর নতুন ব্যাচের শিক্ষার্থীদের ফুল আর ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। উৎসব শুরু হয় আকাশের গিটারে আর রেশাদের ড্রামসে, শুভ্র, শাফি, আয়মান, সাব্বির, রিফাত আর আকাশের গাওয়া গানে। সিয়ামের অসাধারণ কৌতুক পরিবেশনা, রাইসুলের অভিনব নিত্য, শাফি ও আকাশের ভরাট গলায় গাওয়া গান ছিল গোটা অনুষ্ঠানের প্রাণ। বিপ্লব আর তৌহিদের দুর্দান্ত উপস্থাপনায় দর্শক খানেক পরপরই ফেটে পড়ছিল প্রাণখোলা হাসিতে।এরই মধ্যে বিদায়ী ১৫, ১৬, ১৭ ও ১৮তম ব্যাচের মারুফ, তানজিম, আতা ও জোয়েব মঞ্চে উঠে তাঁদের ক্যাম্পাস-জীবনের স্মৃতিচারণা করেন।‘বদ্ধ জানালা’, ‘হাসিমুখ’, ‘নদী’, ‘পাখি’ আর ‘ভালোবাসার মেঘে ভাসিয়ে’ শিরোনামহীন ব্যান্ড উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ।এত অসাধারণ আয়োজনের সার্বিক দায়িত্ব পালনের জন্য ১৯তম ব্যাচের আহাদ, মৃণ্ময়, সৈকত, শান্ত, বিপ্লব, ইমেজ, রাশেদ, আয়েশা, আনন্দ, মিনহাজ ও তাইফুর বিশেষ ধন্যবাদ পেতেই পারেন।