পটিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শেখ কামাল অনূর্ধ্ব-২১ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে উপজেলার ১৭ ইউনিয়নের ১৭টি ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট চলবে চারটি ভেন্যুতে। এ উপলক্ষে উৎসবের আমেজ দেখা দিয়েছে স্থানীয় ক্রীড়াঙ্গনে।১৩ এপ্রিল বিকেলে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সাবেক ও বর্তমান ফুটবলারসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও বাফুফের পতাকা উত্তোলন করেন অতিথিরা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র হারুণ অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগ পরিচালনা কমিটি চেয়ারম্যান মঞ্জুর কাদের, চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সত্যজিত দাশ, পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিচ মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন। কাজী সালাউদ্দিন বলেন, পটিয়ার মতো সব এলাকায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন হলে জাতীয় পর্যায়ে আরও অন্তত ৩০ জন খেলোয়াড় তৈরি হতেন। সাংসদ সামশুল হক চৌধুরী টুর্নামেন্টের চ্যাম্পিয়ান দলকে নগদ তিন লাখ টাকা এবং রানার্স আপ দলকে এক লাখ টাকা উপহার দেওয়ার কথা ঘোষণা করেন। এ ছাড়া, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠকে স্টেডিয়ামে রূপান্তর করার কথাও বলেন তিনি। এর আগে কাজী সালাউদ্দিনসহ অতিথিরা পটিয়া পৌঁছলে পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের ফুল ছিটিয়ে স্বাগত জানান। আয়োজক সূত্র জানায়, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ ছাড়াও ১৪ ফেব্রুয়ারি শোভনদন্ডি আলফা করিম উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্ট শুরু হয়েছে। কাল উদ্বোধন করা হবে হুলাইন ছালেহ নূর কলেজ মাঠের টুর্নামেন্ট। কর্তালা বেলখাইন মহাবোধি উচ্চবিদ্যালয় মাঠের শুরু হবে ২০ এপ্রিল। রেফারি আবদুল হান্নানের পরিচালনায় হাইদগাঁও ইউনিয়ন বনাম ভাটিখাইন ইউনিয়ন দলের মধ্যে উদ্বোধনী খেলা গোল শূন্যভাবে ড্র হয়েছে।