ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজে এর আগে চট্টগ্রামে কোনো চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে বলে মনে পড়ে না। তবে এমন ধুন্ধুমার কাণ্ড দেখে অবাকও হননি দর্শক। কারণ, প্রদর্শনীটা যে শিল্পী আহমেদ নেওয়াজের। আর আহমেদ নেওয়াজ মানেই তো ভিন্ন কিছু। গত ৩১ জুলাই শিল্পকলা একাডেমীর জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসান গ্যালারিতে শুরু হয় ‘খেরোখাতা’ শিরোনামে নেওয়াজের চার দিনব্যাপী চতুর্থ একক চিত্রকর্ম প্রদর্শনী।
প্রদর্শনীতে স্থান পাওয়া ৫৮টি চিত্রকর্মের সবগুলোই ছিল কাগজের ওপর কালিকলমে আঁকা। কোনোটি সূক্ষ্ম ডিটেলে করা, আর কোনো ছবির রেখা আঙুলের কড়ায় গুণেও ফেলা সম্ভব। ক্যালিগ্রাফি, ড্রয়িং, স্কেচ কিংবা ডিজাইন ঘুরে ফিরে এসেছে তাঁর কাজে।
নেওয়াজের ছবির জগৎ তাঁর নিজেরই মনজগতের প্রতিফলন কিংবা আত্মজৈবনিকও হয়তো। শৈশবের ফেলে আসা বাড়ি, পরিবার, স্রষ্টার মহিমায় গভীর বিশ্বাস ও প্রেম বিষয় হয়ে এসেছে। আর প্রায় ছবিতেই শিল্পী নিজেই উপস্থিত। এ প্রদর্শনী তাই এক অর্থে নেওয়াজের দিনপঞ্জিও।
প্রদর্শনীর সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ছিল ইসলামিক ক্যালিগ্রাফি। আলোকিত প্রার্থনা নামের ছবিটির বিবরণ তুলে ধরা যাক। নানা তল থেকে বিচ্ছুরিত আলোর মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আরবি হরফ আলিফ। ছবিটিতে আড়াল, রহস্যময়তা এবং ভাবগাম্ভীর্যের যুগপৎ সন্নিবেশ দেখে মুগ্ধ হতে হয়।
নেওয়াজের ছবিতে প্রেম এসেছে একাধিকবার। যুগলের উপস্থিতি, কল্পলোকের গাছ, পাখি এসব দেখা গেছে ছবিগুলোতে। বোঝা যায়, প্রেমকে তিনি বাস্তবতার ঊর্ধ্বেই স্থান দেন। তবে বারাংবার এই পুনরাবৃত্তি শেষ পর্যন্ত একঘেয়ে লাগে।
নেওয়াজের বেশ কয়েকটি ছবি দেখে পটুয়া কামরুল হাসানের কথা মনে পড়ে। আছে পিকাসোর অনুকৃতিও। আবারও কোথাও কোথাও নিজের নামের প্রতি সুবিচারও করেননি তিনি। ‘বিজয়’ শিরোনামে ছবিটির কথাই ধরা যাক। ছুরি বিদ্ধ হাতের নিচে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। এমন ছবি দেখে নবীন চারুশিল্পীর শ্রেণিরকাজের কথা মনে পড়লে দোষ দেওয়া যাবে না দর্শককে।
ভারী বর্ষণ সত্ত্বেও প্রদর্শনীতে হাজির ছিলেন প্রচুর দর্শক। নগর পিতা আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম তো ছিলেনই, তাঁদের পাশাপাশি উদ্বোধক হিসেবে ঢাকা থেকে উড়ে এসেছেন শিল্পী রফিকুন্নবী। অতিথি ছিলেন শিল্পী মনসুর-উল করিম ও কবি আসাদ চৌধুরী। তবে এখানেই শেষ নয় অদিতি মহসিনও যোগ দিলেন এই দলে। এক পাশে প্রদর্শনী যখন চলছিল তখন সুর রসে সিক্ত করলেন তিনি দর্শক–শ্রোতাদের।