উৎসবের আমেজে বিসর্জন
সারা দেশের মতো চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে সাড়ম্বরে উদ্যাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি মণ্ডপে ছিল উৎসবের আমেজ। প্রতিমা বিসর্জনের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল নানা আয়োজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কক্সবাজার: প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে প্রথমবারের মতো প্রতিমা বিসর্জন দিলেন হাজার হাজার মানুষ। গত বৃহস্পতিবার দুপুর থেকে দেবী দুর্গাকে বিদায় জানাতে নদীর তীরে হাজির হন সনাতন ধর্মাবলম্বীরা। প্রথমবারের মতো বিসর্জন হওয়ায় স্থানীয় মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজনও ছুটে যান উৎসবস্থলে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার চিরিঙ্গা নদীর ওপর সেতুতে দাঁড়িয়ে প্রাণোচ্ছল পরিবেশে উৎসব উপভোগ করেন দর্শকেরা। উৎসবের আয়োজন করে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ। বেলা তিনটায় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জাকির হোসেন। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তেজেন্দ্র লাল সুশীলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পৌরসভার মেয়র নূরুল ইসলাম হায়দার, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তেজেন্দ্র লাল দে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ, পৌরসভার কাউন্সিলর লক্ষ্মণ কান্তি দাশ প্রমুখ।পরিষদের সভাপতি বলেন, ‘কয়েক দিন ধরে মণ্ডপে মণ্ডপে গিয়ে একটি কুচক্রী মহল এই নদীতে প্রতিমা বিসর্জন না দেওয়ার জন্য শাসিয়েছিল। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা প্রথমবারের মতো বিসর্জন অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছি।’কাপ্তাই: কর্ণফুলী নদীতে ভাসমান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌ-শোভাযাত্রার মধ্য দিয়ে এবার কাপ্তাইয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে ব্যতিক্রমী এ বিসর্জন দেখতে হাজির হয়েছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ শত শত উৎসাহী জনতা।কাপ্তাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য্য বলেন, কাপ্তাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ২০০১ সাল থেকে কর্ণফুলী নদীতে নৌ-শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। সে ধারাবাহিকতায় এবারও বিসর্জনের দিন নৌ-শোভাযাত্রা ও নদীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।জানা গেছে, চারটি যন্ত্রচালিত নৌকায় নদীতে মঞ্চ তৈরি করা হয়েছে। ওই মঞ্চে শতাধিক অতিথির বসার আয়োজন ছিল। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও স্থানীয় শিল্পীরা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ ছাড়া শতাধিক নৌকা একই সময় নদীতে শোভাযাত্রায় অংশ নেয়। রাঙামাটি জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে বলেন, ‘বিসর্জন অনুষ্ঠান ছিল অনেক বড়। আয়োজনেও ত্রুটি ছিল না।’রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘অন্যান্য বছর পূজা উদ্যাপন পরিষদকে সরকারিভাবে যে অর্থ বরাদ্দ দেওয়া হতো, এবার তার চেয়ে অনেক কম বরাদ্দ দেওয়া হয়। অল্প বরাদ্দ পেয়েও এত সুন্দর বিসর্জন অনুষ্ঠান উপহার দেওয়ায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার প্রথম আলোকে বলেন, ‘অনেক কম সময় নিয়ে কাপ্তাই এসেছিলাম। নদীর ওপর মঞ্চ ও সুন্দর আয়োজন দেখে পুরোটা অনুষ্ঠান উপভোগ না করে যেতে পারলাম না।’ রাঙামাটি জেলার মধ্যে কাপ্তাইয়ের আয়োজন সেরা ছিল বলেও তিনি মন্তব্য করেন। তিনি শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রশংসা করেন।রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় সাড়ম্বরে উদ্যাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি পূজামণ্ডপে ছিল উৎসবের আমেজ। এবার উপজেলায় ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩৯টি মণ্ডপে পূজা হয়। এর মধ্যে সর্বাধিক মণ্ডপ ছিল পদুয়া ইউনিয়নে—১৯টি। সবচেয়ে ব্যয়বহুল পূজামণ্ডপ তৈরি করা হয় স্বনির্ভর ইউনিয়নের সাবেক রাঙ্গুনিয়া গ্রামে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে গ্রামের মন্দির ভবনের অভ্যন্তরে সুড়ঙ্গ করে এ মণ্ডপ করা হয়, যা দর্শনার্থীদের নজর কাড়ে। রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিম বরণ সুশীল বলেন, ‘প্রশাসনের কঠোর নজরদারি থাকায় পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। ফলে পূজায় সব শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিও লক্ষণীয়।’