উৎসবের আড়ালে আঁধার
জিম্বাবুয়ের কোনো এক অখ্যাত গ্রামের ১০ বছরের বালক জনসন। এ বয়সেই কাজের খোঁজে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। শুধু গ্রাম বললে ভুল হবে, যেতে হবে দেশ ছেড়ে। চূড়ান্ত গন্তব্য পাশের ধনী দেশ, এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দক্ষিণ আফ্রিকা। যেকোনোভাবে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পণ করেছিল জনসন। কয়েক সপ্তাহ আগে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেও যায় সে। কিন্তু তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। রীতিমতো প্রাণ হাতে করে পথে নেমেছিল সে। কিন্তু কেন এত কষ্ট করে দক্ষিণ আফ্রিকা যেতেই হবে? জনসনের ভাষায়, ‘আমাদের বাড়িতে খাবার পর্যন্ত নেই। শুনেছি, দক্ষিণ আফ্রিকায় অনেক কাজ। তাই এখানে আসার সিদ্ধান্ত নিই।’ জনসন আরও জানায়, সীমান্ত পেরিয়ে আসতে অনেক বিপদ মোকাবিলা করতে হয়েছে তাকে। তারা একসঙ্গে চারজন বের হয়েছিল। তাদের দুজন দক্ষিণ আফ্রিকায় পৌঁছাতে পেরেছে। বাকি দুজনের কী হয়েছে জানে না সে। জনসনের মতো আরও অনেক শিশু জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাবির মতো দেশগুলো থেকে অবৈধপথে দক্ষিণ আফ্রিকায় ঢোকার চেষ্টা করছে। কেউ কোনো রকমে পৌঁছাতে পারছে, কেউ হচ্ছে ব্যর্থ। পথে তাদের সবাইকে মারধর, লুটপাট এমনকি ধর্ষণের মতো ভয়াবহ নির্যাতনের শিকার হতে হচ্ছে।ফুটবল-পাগল জনসনের পরনে ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের রংচটা টি-শার্ট। সাংবাদিকদের তার পায়ের ক্ষত দেখিয়ে সে জানায়, সীমান্ত পার হওয়ার সময় মাগুমাগুমারা (স্থানীয় সশস্ত্র গুণ্ডা) মেরে তার এই হাল করেছে। জনসন দাবি করে, ঘুষ দিলে তারা নিরাপদেই সীমান্ত পার হতে দেয়। না দিলে মারধর বা ধর্ষণ করে। সীমান্তের দুই পাশেই শিকার ধরতে ঘুরে বেড়ায় মাগুমাগুমারা।জনসন বলে, ‘লিমপোপো নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে গুণ্ডারা ধরে ফেলে আমাদের দলকে। তারা সবাইকে মারধর করে টাকা-পয়সা যা ছিল কেড়ে নেয়। তারপর কয়েকটি মেয়েশিশুকে ধাওয়া করে। আমরা একটু পর ওদের চিৎকারও শুনি। কিন্তু নিজেদের বাঁচাতে আমরা দুজন দৌড়ে পালাই।’এক হিসাবে দেখা যায়, জিম্বাবুয়ে থেকে প্রতি মাসে তিন হাজার শিশু অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানোর চেষ্টা করে। বিশ্বকাপের আগে এই সংখ্যা বেড়ে গেছে। যারা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পৌঁছাতে পারে, তারা দোকানপাট বা রেস্তোরাঁয় বিভিন্ন রকম অস্থায়ী কাজও পায়।বিস্ময়ের ব্যাপার হচ্ছে, এদের কেউ কেউ কাজ নয়, শুধু বিশ্বকাপের খেলা দেখার জন্যই এত ঝুঁকি নিয়ে দক্ষিণ আফ্রিকা ঢোকার চেষ্টা করছে। সীমান্তের কাছে এ রকম দুর্গতদের জন্য লঙ্গরখানা চালায় আন্তর্জাতিক সংগঠন ‘সেভ দ্য চিলড্রেন ইউকে’। এখানে কাজ করছে জিম্বাবুয়ের তরুণ রাফায়েল। বয়স ১৭। ছয় মাস হলো দক্ষিণ আফ্রিকায় এসেছে সে। আসার পর থেকেই বিশ্বকাপের খেলা দেখার জন্য টাকা জমাচ্ছে। রাফায়েলের কাহিনিও একই। দেশে কাজ নেই, টাকা নেই। তাই দক্ষিণ আফ্রিকায় এসেছে। তবে আসার মূল উদ্দেশ্য খেলা দেখা। টিকিট জোগাড়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী রাফায়েল। দক্ষিণ আফ্রিকার সীমান্ত এলাকা মুসিনার সরকারি সমাজকর্মী নেমারানজে থেমবা বলেন, অনেকেই অবৈধ পথে আসছে। প্রতি রাতেই শহরের রাস্তায় তাদের দেখা মেলে। পুলিশ এদের অনেককে সীমান্তে আটক করে। থেমবা জানান, গত সপ্তাহেই এমন ৫০টি শিশুকে উদ্ধার করা হয়। তারা সবাই জোহানেসবার্গ যেতে চায়। কিন্তু শহরটি কোথায়, তা-ই তারা জানে না। এমন অনেক শিশুকে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যায় তারা আবারও জোহানেসবার্গের রাস্তায় ফিরে এসেছে।এমনই একটি শিশু ১০ বছরের সেসিলা। এর আগেও কয়েকবার দক্ষিণ আফ্রিকায় ঢুকেছে সে। কিছুদিন পরপরই তাকে পাওয়া যায়। সমাজকর্মীদের আশঙ্কা, একদিন হয়তো আর তাকে খুঁজে পাওয়া যাবে না। বিশ্বকাপের আগে আগে আশপাশের দরিদ্র দেশগুলো থেকে কাজের খোঁজে অনেক বেশি শিশু দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাতে পারে বলে ফেব্রুয়ারিতেই সতর্ক করে দিয়েছিল জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। দক্ষিণ আফ্রিকা তার ২০০ কিলোমিটার কাঁটাতার দিয়ে ঘেরা সীমান্তে বাড়তি টহলের ব্যবস্থা করে। এমন শিশুদের জন্য, যেসব শহরে খেলা হবে, সেখানে আশ্রয়ের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেয়। তবে মুসিনায় সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা রুদজানি রামুগোনদোর মতে, বিশ্বকাপের মতো বড় আয়োজনের সময় ঠিকভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। মুসিনা থেকে জোহানেসবার্গ প্রায় ৬০০ কিলোমিটার। সীমান্ত পেরিয়ে আসা শিশুরা পাকা রাস্তার পাশে অপেক্ষা করে, দয়া করে কোনো গাড়িচালক যদি অন্তত কিছু দূরত্বের জন্য লিফট দেয়। এভাবে ভেঙে ভেঙে যারা জোহানেসবার্গ পর্যন্ত পৌঁছাতে পারে, তারা সাধারণত যায় নগরকেন্দ্রে হিলব্রাউয়ের মতো এলাকায়। সেখানকার এক শিশু কল্যাণ সংগঠনের সমাজকর্মী ইলিয়ট হ্রুটলো বলেন, ‘বিশ্বকাপের আয়োজন দক্ষিণ আফ্রিকার জন্য অনেক বড় বিষয়। কিন্তু শিশুদের জন্য এটা অভিশাপ হয়ে এসেছে।’ইলিয়ট জানান, নতুন এসে পৌঁছানো অবুঝ শিশুরা জানতে চায়, এখানে কাজ কোথায়? পড়াশোনা করার সুযোগ কোথায়? খুব কম সময়েই তাদের মধ্যে হতাশা ঢুকে যায়।সমাজকর্মী ইলিয়ট বলেন, সমস্যা হলো বিশ্বকাপের পরেও তারা এখানে থেকে যাবে। কিন্তু বিশ্বকাপ শেষ হলে দক্ষিণ আফ্রিকার প্রতি এত মনোযোগ থাকবে না বিশ্ববাসীর। তখন অবৈধভাবে আসা এই শিশুদের ভাগ্যে কী ঘটবে?