উৎসবের আয়োজন
বাকি আর দুই দিন। কড়া নাড়ছে পয়লা বৈশাখ। কালের যাত্রায় বর্ষপঞ্জিতে আসছে ১৪২০। নববর্ষ বরণে নগড়জুড়ে ছড়িয়ে পড়বে উৎসবের রং। মেতে ওঠা প্রাণের মেলায়—হইচই, কোলাহল আর বাঁশির প্যাঁ প্যুঁ। বর্ষবিদায় ও বরণের বর্ণাঢ্য আয়োজনে চারপাশ মুখর হয়ে ওঠে সব বয়সী মানুষের পদচারণায়। ঘর ছেড়ে বেরিয়ে আসে সবাই। পান্তা ইলিশে শুরু হওয়া দিনটি কাটে সুরের মূর্ছনায় আর মেলায় ঘুরে। প্রতিবারের মতো এবারও নগরে সবচেয়ে বড় আয়োজন হচ্ছে ডিসি পাহাড় ও সিআরবির শিরীষগাছের ছায়ায় এবং বাওয়া উচ্চবিদ্যালয় মাঠে। এখানে দুই দিনের অনুষ্ঠানের পাশাপাশি থাকবে গ্রামীণ আবহের মেলা। এ ছাড়া সিটি করপোরেশনের উদ্যোগে বাকলিয়া স্টেডিয়ামে রয়েছে তিন দিনের আয়োজন। এবারও শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন থাকছে শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকিতে। ডিসি পাহাড়: সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আয়োজনে দুই দিনের অনুষ্ঠান শুরু হবে বর্ষবিদায়ের দিন বিকেলে। এতে থাকবে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় গান ও নাচ, দলীয় আবৃত্তি, আদিবাসী নৃত্য ও নাটক স্মৃতি’৭১। এ ছাড়া একক সংগীত পরিবেশন করবেন হাম্মাদুর রহমান, প্রদীপ দাশ, মালবিকা দাশ, শ্রেয়সী রায় ও শিমুল। বর্ষবরণের দিন সকাল ছয়টায় সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের শিল্পীদের রাগ ভায়রো পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। দলীয় আবৃত্তি, নৃত্য ও সংগীতের পাশাপাশি একক পরিবেশনায় থাকবে রবীন্দ্র-নজরুলসংগীত, লালন, বাউল, ভাওয়াইয়া ও আধুনিক গান। এবার সম্মাননা দেওয়া হবে শহীদজায়া বেগম মুশতারী শফী ও লেখিকা ফাহমিদা আমিনকে। অনুষ্ঠান ঘিরে দুই দিনের মেলা তো থাকছেই। ডিসি পাহাড়কে কেন্দ্র করে বসা এ মেলার ব্যাপ্তি থাকে এক থেকে দেড় কিলোমিটারজুড়ে। চেরাগী পাহাড়ের মোড় থেকে বৌদ্ধ মন্দির হয়ে মেলা ছড়িয়ে যায় নন্দনকাননের বোস ব্রাদার্স পর্যন্ত। একেবারে গ্রামীণ আবহের এ মেলায় রকমারি খাবার, খেলনা, নকশা করা পাটি, মাটির তৈজসপত্র, নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী, ঘর সাজানোর উপকরণ, দা-বঁটি, ছুরিসহ সব ধরনের জিনিসই পাওয়া যায়। সিআরবি: সাত রাস্তার মোড়ে সিআরবি এলাকায় নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে গত চার বছর ধরে চলছে মেলা ও সাংস্কৃতিক আয়োজন। তবে এখানকার মূল আকর্ষণ সাহাবউদ্দিনের বলীখেলা। পয়লা বৈশাখ বিকেল তিনটায় অনুষ্ঠানস্থলের এক পাশে লড়বেন এ অঞ্চলে কুস্তিগীরেরা। বর্ষবিদায়ের দিন বিকেল সাড়ে চারটায় ঢোলবাদন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হবে। এরপর চলবে গান, নাচ ও আবৃত্তি। বর্ষবরণের দিন সকাল সাতটায় যন্ত্র সংগীতের মাধ্যমে শুরু হবে আয়োজন। এরপর একটানা রাত আটটা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এখানে দুদিনের অনুষ্ঠানে গান করবেন হেলাল উদ্দিন, আয়েশা খাতুন, সঞ্জিত আচর্য্য, শিমুল শীল, মলবিকা দাশ, মোখলেসুর রহমান, সুবর্ণা রহমান, সুপর্ণা রায় চৌধুরী প্রমুখ। এখানেও রকমারি পসরা নিয়ে বসেন দোকানিরা। বর্ষবিদায়ের দিন বিকেল থেকে মুখর হয়ে ওঠে আশপাশ। এ ছাড়া আনন্দে মেতে ওঠার নাগরদোলা তো থাকছেই। বাওয়া উচ্চবিদ্যালয় মাঠ: বর্ষবিদায় ও বরণ উদ্যাপন পরিষদের উদ্যোগে দুদিনের অনুষ্ঠানমালায় থাকবে পঞ্চকবির গান, হারানো দিনের গান, লালনগীতি, বাউল ও দেশের গান। সঙ্গে নাচ। এবারের অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে প্রয়াত ভৌতবিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামকে। বর্ষবিদায়ের দিন সন্ধ্যা ছয়টায় শুরু হবে অনুষ্ঠান। ওই দিন বিভিন্ন সংগঠনের দলীয় সংগীত ও নাচের পাশাপাশি গাইবেন নন্দিতা ইয়াসমিন, হাম্মাদুর রহমান ও সাফায়াত ইয়াসিন। বর্ষবরণের দিনও অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। রাত ১০টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক নানা আয়োজন। গান করবেন চ্যানেল আই সেরা কণ্ঠের মনোয়ারা ময়না ও বাউল সৈয়দ আশিকুর রহমানসহ স্থানীয় শিল্পীরা। সিটি করপোরেশন: চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বাকলিয়া স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে তিন দিনের বৈশাখী মেলা ও বলীখেলা। মেলা শুরু হবে পয়লা বৈশাখের দিন। ওই দিন সকাল নয়টায় মেয়র মোহাম্মদ মন্জুর আলম অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন। বলীখেলা অনুষ্ঠিত হবে মেলার শেষ দিন। এ ছাড়া মেলায় থাকবে নাগরদোলা, বায়স্কোপ ও রকমারি খাবারের দোকান। ফুলকি: শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি আয়োজন করছে তিন দিনের ছোটদের বৈশাখী মেলার। এতে থাকবে ছোটদের মজার বই, কারুপণ্য, সোনারতরীতে তৈরি নানা জিনিস ও বুদ্ধির খেলার স্টল। তিন দিনই চলবে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা শুরু হবে বর্ষবিদায়ের আগের দিন ১২ এপ্রিল থেকে। উদ্বোধন করবেন শিক্ষাবিদ সুরাইয়া ইসলাম। ফয়’সলেক: প্রতিবারের মতো ফয়’সলেকে নববর্ষের দিন থাকবে বৈশাখী কনসার্ট। এতে গান পরিবেশন করবেন বালাম, কিশোর ও সাব্বির। এ ছাড়া সি-ওয়ার্ল্ডে জেলকেলিতেও মেতে উঠতে পারেন। বিভিন্ন রাইডে চড়ার সুযোগ তো থাকছেই।জেলা শিল্পকলা একাডেমী: দুদিনের আয়োজন শুরু হবে বর্ষবিদায়ের দিন বিকেল পাঁচটায় ঢোলবাদনের মধ্য দিয়ে। এরপর রয়েছে সমবেত ও একক সংগীত, বৃন্দ ও একক আবৃত্তি, দলীয় নৃত্য, আঞ্চলিক গান ও মাইজভান্ডারি গান। নববর্ষের দিন সকাল আটাটায় বের করা হবে শোভাযাত্রা। এরপর থাকবে সমবেত ও একক সংগীত, দলীয় নৃত্য ও একক আবৃত্তি। বিকেল পাঁচটা থেকে চলবে যন্ত্র ও সমবেত সংগীত, দলীয় নৃত্য, বিচ্ছেদের গান, আঞ্চলিক গান, কবিগান, মাইজভান্ডারি গান ও নাটক।