উৎসবের এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ঋতুকে বরণ এবার বেশ ঘটা করেই করলেন ইনডিপেনডেন্ট ইউনিভারসিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীরা। ১৩ ফেব্রুয়ারি আইইউবির নিজস্ব ক্যাম্পাসের মিলনায়তনে হয়ে গেল ‘আইইউবি কার্নিভাল’। সকাল ১০টা থেকে শুরু হয় এ আয়োজন। বসন্তের সব আয়োজন সঙ্গে রেখেই বসে টি-শার্ট, চুড়ি-ফিতা ও অন্যান্য অলংকার, ফুচকা ও হাওয়াই মিঠাসহ অনেকগুলো স্টল। এ ছাড়া পাঞ্জাবি ও বাসন্তী রঙের শাড়ি বসন্তবরণ উৎসবে যোগ করে নতুন মাত্রা।দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম ভাগে ছিল নৃত্য ও সংগীতানুষ্ঠান। মূলত আইইউবির একটি সংস্থা ডিওএনএর (ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সহায়তায় অনুষ্ঠিত হয় উৎসবটি। বিপিএলের ‘দুরন্ত রাজশাহী’ দলের মারলন স্যামুয়েলস, মোহাম্মদ আসিফ, তাঁদের পরামর্শক আতহার আলী খানসহ আরও অনেকে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল কনসার্ট, যেখানে এসেছিল আর্টসেল, ওল্ড স্কুল এবং আইইউবির শিক্ষার্থীদের দুটি ব্যান্ড। এ ছাড়া আইইউবির শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় হয় ফ্যাশন শো। অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত। আইইউবির বিবিএ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘এ ধরনের আয়োজন সব শিক্ষার্থীকে আনন্দ দেবে, সবাইকে আরও বড় কিছু করার অনুপ্রেরণা দেবে।’ আইইউবি কার্নিভালের সহযোগিতায় ছিল দুরন্ত রাজশাহী এবং মিডিয়া পার্টনার ছিল একুশে টেলিভিশন।