নিজের গয়না নিজেই তৈরি করেনশামস-ই-ইসলাম তৃতীয় বর্ষ, প্রাচ্যকলা বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় গয়না পরতে ভালোবাসেন মেয়েটি। তবে তা হতে হবে নিজের মনের মতো গয়না। তাই শামস-ই-ইসলাম মনের সব রং দিয়ে নিজেই বানাতে শুরু করেন নিজের গয়না। হাতের কাছে পাওয়া যায় এমন সব দেশীয় উপাদান, যেমন শুকনো ফুল-পাতা, রঙিন সুতা, পুঁতি, কড়ি দিয়েই মূলত গয়না তৈরি করেন। ‘গয়না তৈরির নেশাটা আসে আমার মায়ের থেকে’—বলেন শামস-ই-ইসলাম। চারুকলা অনুষদে ভর্তি হওয়ার পর তিনি শিখেছেন কীভাবে মাটি থেকে গয়না তৈরি করা যায়। আর মামির কুরুশ বোনা দেখে মাথায় আসে রঙিন সুতা আর কুরুশকাঠি দিয়ে গয়না তৈরির পদ্ধতি। হাতের চুড়ি থেকে শুরু করে কানের দুল-কান পাশা, গলার মালা, পায়ের নূপুর—সবকিছুই তৈরি করেন তিনি। এর মাঝে বন্ধুদের উৎসাহে বিশ্ববিদ্যালয়ে নিজের হলে একদিন আয়োজন করে ফেললেন নিজের তৈরি গয়নার প্রদর্শনীও। বিভিন্ন দিবস উপলক্ষে ফরমাশ পাওয়া শুরু হলো। তাই তো এখন দারুণ ব্যস্ত শামস-ই-ইসলাম। সময় পেলেই বসে যান তাঁর লাল-হলুদের গয়না বানানোর সরঞ্জাম নিয়ে। গয়না বানিয়ে নিজের টুকটাক হাতখরচও চলে আসে তাঁর। নিজের শখের টাকায় পূরণ হয়ে যায় অন্য কোনো শখও। ভবিষ্যতে নিজের তৈরি গয়না নিয়ে একটা দেশীয় গয়নার দোকান করার স্বপ্ন তাঁর। আয়ও হয়, আনন্দও পাইসারা হোসাইন তৃতীয় বর্ষ, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়প্রতিবছর চারুকলার বৈশাখ উদ্যাপনের একটা অংশ হলো মুখোশ তৈরি করা। সেখান থেকেই মুখোশ তৈরির হাতেখড়ি সারা হোসাইনের। চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সারার ছোটবেলা থেকেই ঝোঁক ছিল রংতুলির প্রতি। পড়া ফাঁকি দিয়ে ছবি আঁকতে বসে যেতেন বলে মায়ের বকুনিও কম খেতে হয়নি তাঁর। তবে চারুকলায় ভর্তি হওয়ার পর বাবা-মায়ের উৎসাহই তাঁকে এগিয়ে নিয়ে এসেছে এতটা দূর। বৈশাখ ঘিরে রং-বেরঙের নানান মুখোশ তৈরি করেন তিনি। প্রিয় রংতুলি নিয়ে কাগজে ফুটিয়ে তোলেন বাঘ, প্যাঁঁচা আর খরগোশের প্রতিকৃতি। সাদা কাগজে আকৃতি পাওয়া এ প্রতিকৃতিগুলো যেন তাঁর রংতুলির ছোঁয়ায় প্রাণ পেয়ে ওঠে। প্রতিবছরের মতো এবারও বৈশাখে মুখোশের যথেষ্ট চাহিদা থাকায় মুখোশ তৈরির অনেক কাজ করেছেন সারা। বেশির ভাগ কাজ শিশুদের আনন্দযাত্রার জন্য তৈরি করা হয়েছে। সারা বলেন, রঙিন মুখোশগুলোর মাধ্যমে শিশুদের মন আরও রঙিন হয়ে ওঠে। কাজটি করে রোজগারও হয় বেশ। কাজটি করে আনন্দও পাওয়া যায়।ভালোবাসি উপহার দিতেশাবনূর আহমেদ অষ্টম সেমিস্টার, ফ্যাশন ডিজাইন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ঢাকাকোনো কাজের প্রশংসা মানুষকে অনেক বেশি উদ্যমী করে তোলে। যেমনটা হয়েছে শাবনূর আহমেদের ক্ষেত্রে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনে অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী তিনি। পড়ালেখার পাশাপাশি চালু করেছেন নিজের ডিজাইন করা পোশাক নিয়ে ফেসবুকভিত্তিক একটি ফ্যাশন হাউস গ্ল্যামগার্ল ডিজাইনার ক্রিয়েশনস অ্যান্ড জুয়েলারি। ‘ফেসবুকের মাধ্যমে পোশাক বিকিকিনি সবচেয়ে বেশি জমে ওঠে পয়লা বৈশাখে’—বলেন শাবনূর আহমেদ। প্রতিবারের মতো এবারও গ্ল্যামগার্লের ফেসবুক পাতা সেজে উঠেছে বৈশাখী সাজে। ফেসবুকের পাতায় ছবি দেখে পছন্দমতো পোশাকের কোড জানালে ক্রেতার দরজায় পৌঁছে যায় তাঁর ডিজাইন করা বৈশাখের পোশাক। শাবনূর আহমেদ বলেন, ‘পড়ালেখার পাশাপাশি নিজের কিছু করার মধ্যে একধরনের আনন্দ রয়েছে। কারণ, এর মাধ্যমে একদিকে যেমন নিজের চলার খরচটা নিয়ে ভাবতে হয় না, অন্যদিকে বাবা-মাকে নিজের টাকায় উপহার দেওয়া হয়। সবাইকে উপহার দিতে ভালোবাসি।’