উৎসবের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনের উৎসব শুরু হয়েছে সপ্তাহ খানেক আগেই। এ নিয়ে খাবারদাবার, সাজসজ্জায় চলেছে বিশেষ আয়োজন ঘরে ঘরে।নগরের পাথরঘাটা, জামালখানসহ বিভিন্ন স্থানের খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন দু-তিন দিন আগ থেকে ক্রিসমাস ট্রি সাজিয়েছে। প্লাস্টিকের পাতা ও ফুল দিয়ে এই ট্রি সাজানো হয়। কোনো কোনো বাড়িতে প্রতীকী গোয়ালঘরও তৈরি করা হয়েছে। গোয়ালঘরে যিশুখ্রিষ্টের জন্ম হয়েছিল বলে এই রীতি তারা মেনে আসছে।নগরের পাথরঘাটা ক্যাথিড্রাল গির্জার ফাদার ও চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ মজেশ এম কস্তা বলেন, ‘ক্রিসমাস ট্রির বিষয়টি একটি ইউরোপিয়ান রীতি। বিষয়টি বাইবেলে সেভাবে উল্লেখ নেই। তবে গোশালাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেছিলেন গোশালায়। তাই ক্রিসমাস ট্রির পাশাপাশি অনেকে বাড়িতে প্রতীকী গোশালা তৈরি করেন।’ নানা খাবারের আয়োজনের তালিকার শীর্ষে রয়েছে কেক। বড়দিনে কেক কেটে সবাইকে বিলি করা রীতিতে পরিণত হয়েছে। মিষ্টি, ঘরে তৈরি নানা মুখরোচক খাবার তো সঙ্গে থাকছেই। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামে প্রায় ৫০ হাজার খ্রিষ্টান সম্প্রদায়ের লোক বসবাস করে। বিদ্যালয়ের শিক্ষিকা ইভা গোমেজ বলেন, ‘বড়দিন সামনে রেখে আমাদের আগে থেকে প্রস্তুতি থাকে। আমরা ক্রিসমাস ট্রি সাজানোর পাশাপাশি নানা ধরনের খাবার বানাই। আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যাই।’বড়দিন সবচেয়ে বেশি আনন্দ নিয়ে আসে ছোটদের জন্য। বাড়ি বাড়ি গিয়ে সান্তা ক্লজ বিতরণ করছে নানা উপহার সামগ্রী। সান্তা ক্লজের হাত থেকে উপহার নিতে সবচেয়ে বেশি উদগ্রীব থাকে তারা। কয়েক দিন ধরে সান্তা ক্লজ ঘরে ঘরে গিয়ে দরজায় কড়া নেড়ে চকলেট, চিপসসহ নানা সামগ্রী বিতরণ করছেন। বড়দিন উদ্যাপনে ধর্মীয় রীতিনীতির পাশাপাশি সমাজ ও সংস্কৃতিই মুখ্য হয়ে ওঠে আজকাল। বিশপ মজেশ এম কস্তা বলেন, ‘বড়দিন এখন আমাদের সংস্কৃতিরই একটা অংশ।’