উৎসবের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় গান গেয়ে সারা ক্যাম্পাস মাতিয়ে রাখতেন আবদুর রাজ্জাক। আর আজকের এই আয়োজনে তিনি গান গাইবেন না! ‘না না, ওকে গান গাইতেই হবে।’ বন্ধুদের জোর আবদার। আবদার ভেসে এল মিলনায়তনে বসা শিক্ষকসারি থেকেও। অতএব, কী আর করা! মনে মনে ‘উপায় নেই গোলাম হোসেন’ বলে অবশেষে মঞ্চে উঠলেন আবদুর রাজ্জাক। দরাজ গলায় মুখর করে তুললেন শীতের এই সন্ধ্যা।এ হলো এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ১৫ বছর পূর্তি আয়োজনের শেষ বেলার সাংস্কৃতিক সন্ধ্যার খণ্ডচিত্র, যেখানে ৩১টি ব্যাচের নতুন-পুরোনো শিক্ষার্থীদের মিলনমেলা বসেছিল। ১৫ সংখ্যাটি যে নেহাত ছোট নয়, তা তাঁদের সারা দিনের আয়োজন থেকেই বোঝা গেল। সকালে নবীনবরণ, প্রাক্তণদের কীর্তি নিয়ে ‘প্রফেশনাল এক্সিবিশন’, কর্মজীবনের প্রতিষ্ঠানিক কাজ-কারবার নিয়ে গোলটেবিল বৈঠক আর দিনশেষে সাংস্কৃতিক সন্ধ্যা। এতেই কি আর আশ মেটে? তাই যুক্ত হলো আতশবাজি।মূল খবর এটুকুই। তবে খবরের অন্তরালের খবরও কম চমকপ্রদ নয়। এই যেমন জেমিমা নাসরিনের কাছ থেকে জানা গেল, তাঁদের নাকি একজন ‘ক্যাম্পাস-মাতা’ আছেন। তিনি বললেন, ‘আমাদের ক্যাম্পাস-মাতাকে আজই প্রথম দেখলাম। তিনি আমাদের ক্যাম্পাসের সব নাটকে মায়ের ভূমিকায় অভিনয় করেন বলেই এমন নাম!’ আরও আছেন; একজন দাদি, আরেকজন গানওয়ালা। তাঁদের সবার সঙ্গে আজ দেখা হলো। জেমিমার কথার সঙ্গে যুক্ত করলেন আল রাকিব।রাকিবের কথা শেষ না হতেই দলে যোগ দিলেন সাকিব। বললেন, ‘আজ অনেক বড় ভাইয়া-আপুর সঙ্গে দেখা হলো, যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। আগে শুধু স্যারদের মুখে যাঁদের গল্প শুনতাম, আজ আমরা তাঁদের সঙ্গে বসে গল্প করলাম। তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা শুনলাম।’‘বাপরে! কী যে খাটুনি গেল এই কদিন। ক্লাসের পর রিহার্সেল। অনুষ্ঠানের জন্য এটা জোগাড় করো, অমুক জায়গায় যাও, তমুককে ডাকো...।’ সাকিবের কথার মাঝখানেই কথা শুরু করলেন রওনক, ‘যা-ই হোক, তার পরও তো ভালোভাবে শেষ হয়েছে।’ একটা তৃপ্তির ছাপ তাঁর মুখে।এতক্ষণ চুপচাপ যে নাফিয়া শারমিন, তিনি এবার মুখ খুললেন, ‘বড় ভাইদের বিভিন্ন সময়ে কর্মজীবনের কাজ নিয়ে যে প্রদর্শনী হয়েছে কিংবা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে যে গোলটেবিল বৈঠক হয়েছে, তা কর্মজীবন সম্পর্কে আমার ধারণাই বদলে দিয়েছে।’