উৎসবের প্রস্তুতি
যাঁরা গিয়েছেন তাঁরা তো বটেই, যাঁরা এখন পুরান ঢাকায় যাবেন, তাঁরা দেখতে পাবেন শাঁখারিবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, সূত্রাপুরসহ পুরান ঢাকার সব এলাকার রাস্তার ওপর বাঁশ দিয়ে নানা রকম কাঠামো তৈরি হচ্ছে। হ্যাঁ, শারদীয় সর্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি চলছে জোরকদমে। শুধু পুরান ঢাকা নয়, ঢাকেশ্বরী মন্দির, বনানী, রায়েরবাজারসহ রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপেই চলছে জোর প্রস্তুতি। বেশির ভাগ জায়গাতেই প্রতিমা প্রস্তুত। কোথাও কোথাও রংও লেগেছে। শিল্পীরা কাজ করে যাচ্ছেন, মাটির প্রতিমা ধীরে সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠছে। শাড়ি, ধুতি পরানোর কাজও এগিয়ে চলছে। আর শাঁখারিবাজারের দোকানগুলোয় প্রতিমার পোশাক, ঢাল-তলোয়ার, গয়না, ঢাকঢোল—পূজার নানা উপকরণের বিক্রিবাট্টাও দেখা যাচ্ছে। দুর্গাপূজা শুরু হলে পুরান ঢাকার রাস্তাগুলোয় কিছুদূর পরপরই দেখা যাবে একেকটা মণ্ডপ। রাতে বর্ণিল আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠবে পুরো এলাকা। শাঁখারিবাজার, তাঁতীবাজার, পান্নিটোলা, গোয়ালনগর, রাধিকামোহন বসাক লেন, সূত্রাপুরের শ্রীশ্রী বিহারী লাল জিউর আখড়া, গৌতম মন্দির, বাংলাবাজারের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে এই ফটোফিচার তৈরি করেছেন পল্লব মোহাইমেন। সহযোগিতায় জয়দেব সরকার। দুর্গাপূজার সময়সূচি২০ অক্টোবর শনিবার: মহা ষষ্ঠী২১ অক্টোবর রোববার: মহা সপ্তমী২২ অক্টোবর সোমবার: মহা অষ্টমী২৩ অক্টোবর মঙ্গলবার: মহা নবমী২৪ অক্টোবর বুধবার: বিজয়া দশমীসূত্র: বাংলাবাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতি