উৎসবের রঙে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলের জন্য নিরস বদনে অপেক্ষা ছোট্ট মেয়েটির। রোদ কমলেই কেবল মিলবে বাবার কাছ থেকে বাইরে বেড়াতে যাওয়ার অনুমতি। ওদিকে নতুন পোশাক পরে বন্ধুদের দেখানো, সাজগোজ, চটপটি, আইসক্রিম খাওয়া—সবই তো রইল পড়ে। এত কিছু কখন করবে সে! ‘বাবা, ঈদ তো শেষ হয়ে যাচ্ছে’—এ বায়নার উত্তর মিলত, ‘ঈদ তো শুধু আজকে নয়; মামণি, ঈদ থাকে তিন দিন।’ অভিনয়শিল্পী মৌসুমী এভাবেই করছিলেন ঈদকে ঘিরে তাঁর শৈশবের স্মৃতিচারণা। এখনো একদম বদলাননি মৌসুমী। ঈদের দিনে আবারও যেন হয়ে ওঠেন সেই ছোট্ট মেয়ে। ঈদের সকাল-বিকেল-সাঁঝের প্রতিটি সময়ই তাঁর কাছে সমান উৎসবমুখর। এর সঙ্গে মিলিয়ে সাজে আর পোশাকে হাল ফ্যাশনে একেবারে ফিটফাট মৌসুমী।দিনের বেলায় রঙের খেলাঈদের কেনাকাটা শেষ হয়ে গেছে রমজান মাসের শুরুতেই। নতুন জামা-জুতার সঙ্গে একটা জিনিস কিনতে ভুল হয়নি এবারও, সেটা হলো লিপস্টিক। ‘ছোটবেলা থেকেই ওই বস্তুর প্রতি আমার অপার আগ্রহ। মায়ের কড়া আদেশ ছিল লিপস্টিক না ধরার। আর কোনো না কোনোভাবে এটা আমার চাই। এখন নিজের মেয়েকে বকুনি দিতে দিতে মনে পড়ে যায় সেই কথা।’ বলতে বলতে মৌসুমী হেসে ফেললেন।ঈদের দিন সকালে গোলাপি লিপস্টিক ব্যবহার করবেন মৌসুমী। বর্ষার সবুজ প্রকৃতির সঙ্গে মিল রেখে গায়ে জড়াবেন যেন এক টুকরো ঘন নীল আকাশ। হাল ফ্যাশনের লেগিংসের সঙ্গে লম্বা ঝুলের নীল কামিজে থাকবে লাল-সোনালির বর্ডার ও লেস। এর সঙ্গে হাওয়ায় ওড়াবেন লাল দোপাট্টা। কানে বড় সোনালি দুল আর অনামিকায় লাল-নীল পালকের আংটি। নখে থাকবে সাদা নকশার নেইল এক্সটেনশন। ব্লো ড্রাই করা ঢেউ খেলানো চুলে যোগ করবেন একগাছি নীলের পরশ। পায়ে পরবেন কাঠের পুঁতির রঙিন চটি জুতা।সকালের সাজটা হালকা হলেও হবে উজ্জ্বল। মুখে ফেস পাউডারের আলতো পরশ আর কাজলটানা চোখে তখন সকালের রোদ। এ সাজেই সকাল গড়িয়ে দুপুর। অলস দুপুরে একটু আলস্যেই চলবে সবার সঙ্গে খাওয়াদাওয়া আর টিভি দেখা। এর ফাঁকেই বদলে নেবেন সাজপোশাক।শেষ বিকেলের সাজটা হবে গাঢ় বেগুনির। বেগুনি গাউনের হালকা সোনালি জলছাপের সঙ্গে মিলিয়ে পরবেন চুড়িদার-পাজামা। এর সঙ্গে সাদা আর সবুজ পাথরের জুতা। চোখেও থাকবে খানিকটা বেগুনি আর সোনালির ছোঁয়া এবং তার সঙ্গে হালকা বেগুনি রঙের লেন্স। কানের দুলটা ছোট হলেও গলায় থাকবে বাহারি মালা বা গয়না। ঘরের ভেতরে এক পাশে পড়ে থাকা চুল শেষ বিকেলের খোলা বাতাসে খেতে পারে লুটোপুটিও।ঐতিহ্য আর আধুনিকতায়গোধূলির রঙে রঙে বদলে যাবে মৌসুমীর রাতের সাজ। বন্ধুবান্ধবের বাসায় বেড়াতে যাওয়া হলে একটু পাশ্চাত্য ঢঙে দেখা যাবে তাঁকে। মেটে রঙের গাউনের ওপর চাপাবেন কমলা নেটের কুর্তা আর পায়ে বুট জুতা। চুলটা থাকবে হালকা পনিটেইল করে পেছনের দিকে আটকানো। স্মোকি চোখের সঙ্গে কমলা রঙের লিপস্টিক ছড়াবে দ্যুতি। হাতে থাকবে রং-বেরঙের বালা। মায়ের বাসায় যাওয়ার আগে আবারও ঐতিহ্যে আধুনিক হয়ে উঠবেন মৌসুমী। সাদা নেটের শাড়িতে সবুজাভ চোখে এবার জমকালো মৌসুমী। শাড়ির রঙিন পাড়ের সঙ্গে মিলিয়ে পরবেন ফিরোজা স্লিভলেস ব্লাউজ। গলা গয়নাছাড়া থাকলেও হীরার আংটি, নাকের নথ আর চুড়ি বাড়াবে আভিজাত্য।সিঁথি করা চুল এবার শোভা পাবে ঘাড়ের একপাশে। এর সঙ্গে বাদামি হেয়ার এক্সটেনশন। চোখ সাজাবেন মনের মতো করেই। চোখের সাজের আগেই পরে নেবেন ফলস আইল্যাশ আর লেন্স। চোখের পাতায় থাকবে গাঢ় সবুজাভ আইশ্যাডো। ভ্রুর কাছে হাইলাইট করবেন রুপালি রঙে। বাদামি টোনের গাঢ় ব্লাশন থাকবে গালে। এর সঙ্গে ন্যাচারাল টোনের লিপস্টিক। ঝলমলে ভাব যোগ করতে এবার বুলিয়ে নেবেন শিপারের পরশ। সকালের সাদা নকশার নখগুলো তো এর সঙ্গে আছেই। ব্যস, একেবারে ষোলোকলা সাজ পূর্ণ। এবার মায়ের কাছে ফিরে গিয়ে আবার লিপস্টিক চুরি করা ছোট্ট খুকি হয়ে পড়া।বৈচিত্র্যময় ব্লাউজেযেকোনো উৎসবে শাড়ি পরতেই বেশি পছন্দ করেন মৌসুমী। আর তার সঙ্গে থাকে নিজের ডিজাইন করা বাহারি কাটের ব্লাউজ। মৌসুমী ব্লাউজের কাপড়টা বেছে নেন নরম। ফলে তা পরতেও আরামদায়ক হয় বলে জানান তিনি। ব্লাউজ বানাতে কনট্রাস্ট ট্রেন্ডকে অনুসরণ করেন তিনি। এবারের ঈদে লাল রঙের মসলিন শাড়ির সঙ্গে কপার রং কাতানের ব্লাউজ করেছেন তিনি। ব্লাউজের হাতায় দিয়েছেন এক রঙের ঝুরি নেট; শাড়ির পাড়ের কারুকাজময় সোনালি আভার সঙ্গে যেটি মিলে যাবে খুব সহজেই। ব্লাউজের হাতার নকশায়ও থাকবে বৈচিত্র্য। কনুই অবধি হাতখানা নিচের দিকে থাকবে খানিকটা ফাড়া। এর সঙ্গে মিলিয়ে কানে সোনালি দুল আর কপালে ছোট লাল টিপ। ঈদের জন্য সাদা জমিনের ফুলেল মসলিন শাড়ির সঙ্গে মৌসুমী তৈরি করেছেন কালো ব্লাউজ। কালো সাটিনের ব্লাউজের হাতাটা হবে নরম বরফি নেটের, যেটি শোভা পাবে কবজি অবধি। হাতের শেষ প্রান্তে থাকবে কালো লেসের কারুকাজ। বাহারি কাটের এই ব্লাউজটির সঙ্গে কাজলটানা চোখে পরবেন আইলাইশ। কানে সাদা আর কালো পাথরের লম্বা দুল থাকলেও নাকে থাকবে সোনালি নাকফুল।