উৎসবের রঙে সাজবে নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১২০ বর্গকিলোমিটারের চট্টগ্রাম সাজবে উৎসবের আমেজে। এর জন্য যা কিছু দরকার সবই ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। এরপর ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে যা কিছু বাদ পড়েছে তা জোড়াতালি দেওয়ার কাজ। এর আগে কোনো ছোটখাটো কাজের জন্য নতুন করে অর্থব্যয়ের দরকার হলে উপযুক্ত প্রকল্প নিয়ে জরুরিভিত্তিতে সেটাও করা যাবে। প্রধানমন্ত্রী নিজেই এ-সংক্রান্ত নির্দেশ দিয়েছেন।আইসিসি বিশ্বকাপ ২০১১-এর প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা সভায় এই তথ্য প্রকাশ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুল করিম। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এ-সংক্রান্ত সভায় তিনি সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য সাংসদ সামছুল হক চৌধুরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান, জেলা প্রশাসক ফয়েজ আহমদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল্লাহ, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম ভেন্যুর চেয়ারম্যান আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দীন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব প্রমুখ।বেলা ১১টা থেকে শুরু হয়ে টানা আড়াইটা পর্যন্ত এই বৈঠক চলে। এতে সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।প্রসঙ্গত, বিশ্বকাপ ২০১১-এর দুটি ম্যাচ চট্টগ্রামের সাগরিকায় জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১১ মার্চ প্রথম ম্যাচ হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে। বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচটি হবে ১৪ মার্চ। এ দুই ম্যাচের জন্য ওই স্টেডিয়ামের সুযোগসুবিধা আন্তর্জাতিক মানে উন্নীত করতে ৭০ কোটি টাকা খরচ করা হচ্ছে। নতুন কাঠামোয় গ্যালারিকে পুরোপুরি প্রস্তুত করার কাজের নির্ধারিত সময় গতকাল শেষ হয়েছে। এরপর শুরু হচ্ছে গ্যালারিতে চেয়ার বসানোর কাজ। খেলা উপলক্ষে দেশি-বিদেশি অন্তত দুই হাজার গুরুত্বপূর্ণ অতিথি চট্টগ্রামে অবস্থান করবেন। নগরের সর্বোচ্চ মানের ১২টি আবাসিক হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে মন্ত্রিপরিষদের সচিব চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে প্রতি সপ্তাহে অন্তত একটি সমন্বয় বৈঠক করে কাজের অগ্রগতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই খেলার আয়োজন চট্টগ্রামবাসীর জন্য একটি মর্যাদার লড়াই (প্রেস্টিজ ইস্যু)। এর জন্য যা যা দরকার সবই খেলা শুরুর আগেই করতে হবে। বৈঠকে জানানো হয়, বিশ্বকাপ উপলক্ষে সাগরিকা পশুর হাট ৩০ জানুয়ারি থেকে বন্ধ থাকবে। পতেঙ্গার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত সব বৈদ্যুতিক খুঁটি, সড়কবাতির খুঁটি এবং যানবাহন চলাচল সংকেতের বক্সকে জাতীয় পতাকার লাল-সবুজ ও রাস্তার ধারের ঘরবাড়ি নতুন রঙে রাঙানো হবে। এ ছাড়া নগরের সড়কদ্বীপগুলোতে ঝাড়বাতি ও ফোয়ারা স্থাপনের কাজ শুরু হয়েছে। অতিথিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বৈঠক শেষে কর্মকর্তারা বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করেন।