উৎসবের শাড়ির খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব মানেই বাঙালি রমণীর প্রথম পছন্দ শাড়ি। আর ঈদ হলে তো কথাই নেই। তরুণী থেকে গৃহিণী—সবার অন্তত এক বেলা হলেও শাড়ি পরা চাই-ই। সকাল, দুপুর ও রাতে এ তিন বেলার সাজে গৃহিণীরা সকালের শাড়িটা একটু হালকা ও রাতের শাড়িটা একটু জাঁকজমক পরে থাকেন। আবার তরুণীরাও শাড়ি পরছেন শখ করে। তাঁরা এ ক্ষেত্রে ব্লাউজের নকশার ওপরই বেশি গুরত্ব দিচ্ছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী নগরের বুটিক হাউসগুলোও তাদের পসরা সাজিয়ে বসেছে। এবার মসলিন, অ্যান্ডি কটন, অ্যান্ডি সিল্ক ও বাহারি তাঁতের কাপড়ে নীল, সবুজ, মেরুন, লাল, ফিরোজা, সাদাসহ গাঢ় রঙের প্রাধান্য চোখে পড়ে। আর কাজের ক্ষেত্রে নকশি, অ্যাপ্লিক, দড়ি, লেইস, বিডস, এমব্রয়ডারি, ওয়াশ, হ্যান্ডপেইন্ট, ব্লক, স্ক্রিনপ্রিন্ট অর্থাৎ মিশ্র মাধ্যম প্রাধান্য পেয়েছে। সফট সিল্ক, বলাকা সিল্ক, ক্রেপ সিল্কে ডিজাইন করা শাড়িতে ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, টারসেল, কারচুপি ও সিকোয়েন্সের ব্যবহারও দেখা গেছে। আর তা ছাড়া বিভিন্ন বুটিকসে ভিন্ন কাটিংয়ে হাতে ও গলায় কাজ করা সেলাই ছাড়া ব্লাউজের কাপড়ও মিলছে।গত শুক্রবার দেশীদশে কথা হয় গৃহিণী সায়মা রশিদের সঙ্গে। তিনি বলেন, দেশীয় বুটিকগুলো আমাদের ঋতু ও উৎসবকে ঘিরেই কাপড় তৈরি করে। রুচিসম্মত কাপড় পাই তাই ঝটপট বাজার করতে বুটিকসেই চলে আসি।দেশীদশের ব্যবস্থাপক টিটু বড়ুয়া বলেন, মূলত শবে বরাতের পর থেকেই ঈদের কাপড় আসা শুরু হয়েছে। তবে টানা হরতালের পর এখন বেচাকেনা বেশ জমে উঠেছে। দেশীদশে বিভিন্ন মাধ্যমে কাজ করা শাড়ির দাম পড়বে ৪৮০ থেকে ৩২ হাজার ৯৩৩ টাকা।মেহেদীবাগের চারু চট্টগ্রামের কর্ণধার শিমুল খালেদ জানান, তিনি এবার শুধু সকালবেলার শাড়ি করেছেন। চারু চট্টগ্রামে সাদা, কালো, সবুজ, গোলাপি, নীল রঙের তাঁতের শাড়িতে করা হয়েছে ব্লক, হ্যান্ডপেইন্ট, এমব্রয়ডারি অ্যাপ্লিক ও হাতের কাজ। এসব শাড়ির দাম পড়বে এক থেকে তিন হাজারের মধ্যে।মেহেদীবাগের রমণীয়া বুটিকসে দেখা যায়, তাদের নিজস্ব নকশায় বোনা নানা ধরনের তাঁতের শাড়ি। রমণীয়ায় শাড়ির দাম পড়বে ৮০০ থেকে তিন হাজার টাকা।আমিন সেন্টারের তৃতীয় তলায় ডলস হাউসে পাহাড়ি তাঁত, সিল্কে কাটওয়ার্ক, অ্যাপ্লিক, এমব্র্রয়ডারি ও হাতের কাজের শাড়ির দাম পড়বে এক হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা।আফমি প্লাজা দ্বিতীয় তলার অনিন্দ্য বুটিকসের কর্ণধার লুৎফা সানজিদা বলেন, যেহেতু গরমে ঈদ, তাই আরামের দিকটা মাথায় রেখেছি। মিশ্রমাধ্যমে কাজ করা শাড়ির দাম পড়বে এক থেকে ১৪ হাজার টাকা।ডিজাইনার জোবাইদা আশরাফ সব ধরনের শাড়িই করেছেন। দিনের বেলার শাড়িতে একটু হালকা রং ও কাজ ব্যবহার করেছেন। তাঁর মিমি সুপারের (এনেক্স ভবন তৃতীয় তলা) ময়ূরাক্ষী বুটিকসে শাড়ির দাম রাখা হয়েছে দুই হাজার থেকে ১২ হাজারের মধ্যে।ওআর নিজাম সড়কের পিনন বুটিকসের মোহছেনা কোরাইশি বলেন, উৎসবটা মাথায় রেখে কাজ করেছি। তাই গাঢ় রংই প্রাধান্য দিয়েছি। আর মোটিফ হিসেবে বেছে নিয়েছি ফ্লোরাল ও জিওমেট্রিক ফরম। পিননে শাড়ির দাম এক থেকে ১৫ হাজার টাকা।