উৎসবের সঙ্গে এবার প্রতিবাদও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারির সামনে নেউলের কাঠামোতে রং লাগাচ্ছেন এক শিক্ষার্থী l প্রথম আলো
শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারির সামনে নেউলের কাঠামোতে রং লাগাচ্ছেন এক শিক্ষার্থী l প্রথম আলো

চট্টগ্রাম নগরে মঙ্গল শোভাযাত্রা
এবারের স্লোগান ‘জঙ্গি নির্মূল চেতনায় শাণিত বৈশাখ’
আগের রাতে পোড়া তেল ছিটিয়ে দেয়ালচিত্র নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মূল ফটকের সামনে দেয়ালে আঁকা সাঁওতাল পটচিত্রে ছোপ ছোপ কালো দাগ। এই ঘটনায় মর্মাহত সবাই। কিন্তু শোভাযাত্রার প্রস্তুতিতে বিন্দুমাত্রও ভাটা পড়েনি। বরং প্রতিবাদী হয়ে দ্বিগুণ উদ্যমে কাজ করছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টায় নগরের বাদশা মিয়া সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে গেলে দেখা যায় এ চিত্র।

প্রতিবছরের ধারাবাহিকতায় ১৪ এপ্রিল পয়লা বৈশাখে এখান থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এতে অংশ নেবেন সর্বস্তরের মানুষ। শোভাযাত্রার এবারের স্লোগান ‘জঙ্গি নির্মূল চেতনায় শাণিত বৈশাখ’। ২০০৬ সাল থেকে চারুকলা প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বের হয়ে আসছে।
গত মঙ্গলবার রাতের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা মর্মাহত। এর প্রতিবাদে কর্মসূচি থাকবে। তবে এই ঘটনা কাজে প্রভাব ফেলবে না। জোরেশোরেই চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। উৎসব–প্রতিবাদ দুটোই হবে।’

মঙ্গল শোভাযাত্রার নানা অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থীরা। তৈরি হচ্ছে ঘোড়া, নেউল, তরমুজে ফালি, পাখাসহ সাজসজ্জার উপকরণ। হাতপাখা রঙিন করতে তুলতে তুলির আঁচড় দিচ্ছেন এক শিক্ষার্থী। ছবিটি গতকাল বুধবার দুপুর ১২টায় নগরের বাদশা মিয়া সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে তোলা l সৌরভ দাশ
মঙ্গল শোভাযাত্রার নানা অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থীরা। তৈরি হচ্ছে ঘোড়া, নেউল, তরমুজে ফালি, পাখাসহ সাজসজ্জার উপকরণ। হাতপাখা রঙিন করতে তুলতে তুলির আঁচড় দিচ্ছেন এক শিক্ষার্থী। ছবিটি গতকাল বুধবার দুপুর ১২টায় নগরের বাদশা মিয়া সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে তোলা l সৌরভ দাশ

শায়লা শারমিনের কথার প্রতিধ্বনি শোনা যায় শিক্ষার্থীদের মুখেও। ক্যাম্পাসে শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে মুখোশে রং লাগাচ্ছিলেন চারুকলার শিক্ষার্থী শহীদুল ইসলাম। কথা তুলতেই বললেন, ‘উৎসব উদ্যাপনের সব বাধা ঠেলে আমরা এগিয়ে যাব। গতকালও (মঙ্গলবার) কাজ করেছি। আজও (বুধবার) সারা দিন কাজ করব।’ তাঁর পাশে তরমুজের ফালির কাঠামোতে তুলির আঁচড় দিতে দিতে তাপস বিশ্বাস বলে ওঠেন, ‘দুর্বৃত্তরা তো অন্ধকারে আসে। আর আমরা আলোর মানুষ। মঙ্গল বারতা ছড়িয়ে আমাদের শোভাযাত্রা সব গ্লানি দূর করবে।’
ইনস্টিটিউট ঘুরে দেখা গেছে, চারদিকে কর্মব্যস্ততা। গ্রামবাংলার সাপ-নেউল, টমটম গাড়ি, ডুগডুগি ও পাখার কাঠামো তৈরির কাজ শেষ। চলছে কাঠামোর শরীরে রং ও নকশার কাজ। কয়েকজন মিলে বিড়ালের মাছ খাওয়া কাঠামোতে আঠা দিয়ে কাগজ লাগাচ্ছেন। এদিকে প্রাঙ্গণের এক কোনায় বাদামি কাগজে মোড়ানো লোকজ ঘোড়ার কাঠামো জানান দিচ্ছে তার অবস্থান। এ ছাড়াও চারুকলার নবীন শিক্ষার্থীরা কেউ কেউ কাগজ কেটে বানাচ্ছেন বাঘ, লক্ষ্মীপ্যাঁচা, হাতি, পাখি, বিড়ালসহ বৈচিত্র্যময় লোকজ নানা মোটিফের মুখোশ। সরায় ফুটিয়ে তুলছেন গ্রামীণ নারীর মুখ, কালীঘাটের পটচিত্র।
পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও চারুকলার ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সজীব সেন বলেন, ‘আমরা প্রায় এক মাস আগে বর্ষবিদায় ও বরণের কাজ শুরু করেছি। কিন্তু গত মঙ্গলবার রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত আমাদের আঁকা দেয়ালচিত্র নষ্ট করে দিলেও কাজ বন্ধ রাখিনি। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।’
চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন বলেন, ‘নতুন বছরের শান্তির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেয় মঙ্গল শোভাযাত্রা। যার মধ্য দিয়ে উৎসব আমাদের মনে জাগিয়ে তোলে অসাম্প্রদায়িক চেতনা। প্রতিবছরই আমরা নতুন বারতা নিয়ে হাজির হই। এবারও তার ব্যতিক্রম নয়। সব ধরনের সাজ-সজ্জার কাজ শেষ করা হচ্ছে। ১৩ এপ্রিল চারুকলা ইনস্টিটিউট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ষবিদায়ের শোভাযাত্রা বের হবে। আর ১৪ এপ্রিল সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা।’
মঙ্গল শোভাযাত্রা চটেশ্বরী মোড়, কাজীর দেউড়ি, আসকার দীঘিরপাড়, জামাল খান, প্রেস ক্লাব হয়ে সার্সন রোড হয়ে চারুকলায় এসে শেষ হবে। এরপর ইনস্টিটিউট প্রাঙ্গণে সারা দিন ধরে চলবে গ্রামীণ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। অপেক্ষা এখন পয়লা বৈশাখের, নতুন দিনের।