উৎসবের সাজে সাজছে মহেশখালী
বাংলা বর্ষবরণের জন্য ব্যাপক আয়োজন করেছে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসন। বর্ষবরণ উপলক্ষে উপজেলা চত্বরে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এ মেলা। পয়লা বৈশাখের দিন সকালে পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া পয়লা বৈশাখের তিন দিন পর ১৭ এপ্রিল শুরু হবে তিন দিনব্যাপী রাখাইন সম্প্র্রদায়ের পানিখেলা উৎসব।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবারের মতো এবারের বর্ষবরণের জন্য উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করছে। এসবের মধ্যে রয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া নববর্ষের দিন সকালে চার হাজার লোকের জন্য পান্তা-ইলিশের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। পান্তা-ইলিশ খাওয়ার উৎসবে উপজেলা সদরের মহেশখালী ডিগ্রি কলেজ, মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবে। বৈশাখী মেলায় থাকবে বাংলার ঐতিহ্যের বিভিন্ন ধরনের পিঠা, হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন প্রকারের পণ্যসামগ্রী। এতে শতাধিক দোকানপাট বসবে বলে মেলার আয়োজকেরা জানিয়েছেন।জানা গেছে, নববর্ষ পালনের জন্য উদীচী শিল্পীগোষ্ঠী, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।এদিকে বাংলা নববর্ষের তিন দিন পর থেকে রাখাইনপাড়ায় চলবে পানিখেলা। পানিখেলায় অংশ নেবে রাখাইন তরুণ-তরুণীরা।রাখাইন সম্প্রদায়ের নেতা ক্যা উ চিং বলেন, প্রতি বছরের মতো এবারও বর্ষবরণের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পানিখেলা উৎসব উপভোগ করার জন্য দেশের নানা অঞ্চল থেকে আসবেন পর্যটকেরা।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, নববর্ষ পালনের জন্য তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশ খাওয়া।