সাংগ্রাই উৎসবের হাওয়া লেগেছে কাপ্তাই উপজেলার আদিবাসীপাড়াগুলোতে। উপজেলার আদিবাসী অধ্যুষিত চিংম্রং, ওয়াগ্গা, রাইখালী, ডলুছড়িসহ বিভিন্ন অঞ্চলে সাংগ্রাই উৎসব ঘিরে চলছে প্রস্তুতি। গতবারের চেয়ে উৎসব এবার আরও জমজমাট হবে বলে আশা করছেন আদিবাসীরা। চিংম্রং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থোয়াইচিং মারমা জানান, কাপ্তাই উপজেলায় বর্ষবরণের সবচেয়ে বড় উৎসব হবে চিংম্রংয়ে। উৎসব ঘিরে ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। বৌদ্ধবিহার মাঠে চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। একসঙ্গে ১০ হাজার পুণ্যার্থী বসার উপযোগী প্যান্ডেল তৈরি করা হচ্ছে। পানিখেলা উৎসবের জন্য মাঠে বড় আকারের ২০টি নৌকায় থাকবে পানি। এ জন্য কর্ণফুলী নদী থেকে পানি আনার জন্য পাম্প বসানো হবে।সাংগ্রাই উপলক্ষে তিন দিনের গ্রামীণ মেলা বসবে চিংম্রংয়ে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, তৈলাক্ত বাঁশে চড়ার প্রতিযোগিতা, মোরগ লড়াই, লাটিম খেলাসহ বিভিন্ন দেশীয় খেলা এবং নাটক ও যাত্রা প্রদর্শনের আয়োজন করা হবে।থোয়াইচিং মারমা জানান, এবার সাংগ্রাই উৎসব উপভোগ করবেন দেশি-বিদেশি অতিথিরা। উৎসবে যোগ দিতে আসবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। কেবল চিংম্রং নয় রাইখালী, ওয়াগ্গা ও ডলুছড়িতেও অনুষ্ঠিত হবে সাংগ্রাইয় উৎসব।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, সাংগ্রাই উৎসবের সবচেয়ে বড় আসর বসে চিংম্রংয়ে। কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সাংগ্রাই উৎসব দেখতে চিংম্রং আসবেন পর্যটকেরা। উৎসব চলাকালে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য পুলিশের কড়া নজরদারি থাকবে।আদিবাসীদের পাশাপাশি কাপ্তাই উপজেলা প্রশাসন, নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী ও বিভিন্ন সামাজিক সংগঠনও ঘটা করে বাংলা নববর্ষ পালন করবে।