মস্ত অজগরের মতো পিচঢালাই রাস্তাটা চলে গেছে হ্যাঙ্গারের সামনে দিয়ে। এটাই রানওয়ে। যত দূর চোখ যায়, ধু-ধু মাঠ। সকালের মিষ্টি রোদে জায়গাটা ভারি সুন্দর দেখায়। এখানেই একজন-দুজন করে জমা হতে থাকেন ফ্লাইং ক্লাবের শিক্ষানবিশ বৈমানিকেরা। সানিয়া আফরোজ তাঁদেরই একজন। প্রথম দিন আকাশে ওড়ার অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি খানিকটা পেছনের কথাও বলে ফেলেন—‘আমি তখন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়ি। আমাদের স্কুলের মাঠে মাঝেমধ্যে বিমানবাহিনীর হেলিকপ্টার নামত। হা হয়ে দেখতাম। কীভাবে কীভাবে জানি মাথার মধ্যে ঢুকে গেল, বৈমানিকই হব আমি। স্কুল শেষ করে ঢাকায় চলে আসি। এক সময় ভর্তিও হয়ে যাই ফ্লাইং ক্লাবে। অনেক বিমানের ভিড়ে নিজের স্বপ্নটাকে আবার নতুন করে দেখি। আস্তে-ধীরে চলতে থাকে আমার প্রশিক্ষণ। হঠাত্ একদিন ডাক আসে বিমান নিয়ে আকাশে ওড়ার। সেসনা-১৫২-তে চড়ে বসি। আমার ডান দিকে বসেন প্রশিক্ষক ক্যাপ্টেন তৌহিদ। স্যারের নির্দেশমতো একটার পর একটা দ্রুত হাতে সব কিছু পরখ করে নিই। মার্শালারের সিগন্যাল পাওয়া মাত্র বিমান ছোটাতে থাকি রানওয়ের দিয়ে। দ্রুত পৌঁছে যাই টেক অফ পয়েন্টে। টাওয়ার থেকে ফাইনাল সিগন্যাল আসে। ক্যাপ্টেন তৌহিদ আস্তে করে বলেন, আমরা এখনই টেক অফ করব। থ্রটল পুল করো। পুল করা মাত্রই সেসনা-১৫২ আমাদের নিয়ে উড়ে গেল আকাশে। একেবারে মেঘরাজ্যে। স্যার তখন বললেন, হাউ ডু ইউ ফিল। মুখ থেকে আর কথা সরে না। স্কুলের সেই মাঠের কথা মনে পড়ে যায়, যে মাঠে প্রায়ই গর্জন করে নামত হেলিকপ্টার। আমি পেরেছি, সত্যিই পেরেছি আকাশে উড়তে।’সানিয়ার মতো বর্তমানে এখানে শিক্ষানবিশ বৈমানিক আছেন প্রায় ৬৫ জন। প্রতিবছরই এখানের দক্ষ বৈমানিকেরা এক সময় দেশের সীমানা ছাড়িয়ে পাড়ি দেন দূর আকাশের দূর দেশে। একালের মেঘদূতসকাল থেকেই গুমোটভাব। বৃষ্টি আসি আসি করেও আসছে না। ভোর থেকে হ্যাঙ্গারে পায়চারি করতে করতে মুনতাসীরের মেজাজটা বিগড়ে যেতে থাকে। আকাশটা একটু পরিষ্কার হতেই সেসনা-১৮০ নিয়ে দ্রুত আকাশে উড়ে যান। রানওয়ের ওপর এক চক্কর দিয়েই বিমানের নাক ঘুরিয়ে দেন রাজশাহীর দিকে। মেজাজটা আস্তে আস্তে হালকা হয়ে আসে তাঁর। মেঘের ফাঁক গলে বিমানটা প্রচণ্ড গতিতে উড়ে যেতে থাকে। খুশির আমেজটা মুনতাসীরের মুখে বেশিক্ষণ স্থায়ী হয় না। দূর থেকে কিছু আন্দাজ করার আগেই বিমানটা ঢুকে পড়ে থান্ডার স্ট্রম ফর্মিং সেলে। প্রশিক্ষণের সময় এই সেল সম্পর্কে তিনি পড়েছেন। কিন্তু এত তাড়াতাড়ি এটার মুখে পড়তে হবে ভাবতে পারেননি। মুনতাসীর বুঝতে পারেন সেলটার দৈর্ঘ্য ৩০-৩৫ মাইলের কম হবে না। নিজের অজান্তেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। শুরু হয় প্রচণ্ড ঝড়-বৃষ্টি। পুরো এলাকা তখন অন্ধকারে ডুবে গেছে। জানেন এ রকমই হবে। কেবিনের লাইটগুলো দ্রুত জ্বালিয়ে দেন। প্রায় ৩৫ হাজার ফুট উঁচু দিয়ে ৮০ নটিক্যাল মাইল বেগে বিমান ঝাঁকি খেতে খেতে এগিয়ে যান আরও অন্ধকারের দিকে। মুনতাসীর মরিয়া হয়ে ওঠেন। খুব দ্রুত সেলটা থেকে না বেরোতে পারলে বিমানের ওপর তাঁর আর নিয়ন্ত্রণ থাকবে না। দুই হাতে ট্র্যাক পাল্টে ঘুরপথ ধরেন। ভাগ্য তাঁর সহায় হয়। ছোট্ট বিমানটা তার প্রশস্ত ডানা মেলে এক সময় বেরিয়ে পড়ে খোলা আকাশে। অনেকটা পথ ঘুরে আবার ফিরে আসেন ঢাকায়।এই মুনতাসির মাহবুব ঢাকা ফ্লাইং ক্লাবের একজন শিক্ষানবিশ পাইলট। এ পর্যন্ত ১৩৫ ঘণ্টা তিনি আকাশে উড়েছেন। এই তো কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাঁর প্রশিক্ষণ। তারপর পুরোদস্তুর একজন বৈমানিক। ফ্লাইং ক্লাবের চা-ঘরে বসে তিনিই শোনাচ্ছিলেন তাঁর অভিজ্ঞতার কথা।উড়তে শেখার ইশকুল এয়ারপোর্ট রোড ধরে খিলক্ষেত হয়ে কিছুটা এগোলেই হাতের বাঁয়ে চলে গেছে ছোট্ট একটা রাস্তা। রাস্তায় ঢুকলেই একেবারে নির্ঝঞ্ঝাট। দুই পাশে উঁচু উঁচু গাছ। বন্য ঝোপ। পিচঢালা পথে আরও কিছুটা এগোলেই হাতের ডান দিকে যেতে হবে বেশ খানিকটা পথ। এখানকার পুরো এলাকা সিভিল এভিয়েশনের। নির্জন রাস্তায় গাড়ির চাকায় শুকনোপাতা ভাঙার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না তেমন। হঠাত্ প্রচণ্ড গর্জনে পুরো এলাকা জেগে ওঠে। ওপরে তাকাতেই দেখা যায় বিশাল ডানা মেলে উড়ে যায় মস্ত এক বিমান। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ফ্লাইং ক্লাবের দরজায়। শক্ত লোহার গেট ঠেলে ভেতরে পা দিতেই প্রহরীর কড়া খবরদারি। প্রয়োজনীয় তথ্য দিয়ে ঢুকে পড়ি ফ্লাইং ক্লাবের মূল হ্যাঙ্গারে। হ্যাঙ্গারেই রাখা হয় বিমানগুলো। ফ্লাইং ক্লাবের ট্রেনার ফারজানা হক পরিচয় করিয়ে দেন বিমানগুলোর সঙ্গে। যাই সেসনা ১৫২-এর কাছে। দুই আসনের প্রশিক্ষণ বিমান এটি। এই বিমানগুলোর মূল বৈশিষ্ট্য বলতে সিঙ্গেল ইঞ্জিন, হাই উইং, লাইট ওয়েট এবং ল্যান্ডিং গিয়ার ফিক্সড থাকে। সেসনা-১৫২-এর খানিকটা দূরেই আছে সেসনা ১৮২। এটার মূল বৈশিষ্ট্য সেসনার অন্য বিমানগুলোর মতোই। কিন্তু সেসনা ১৮২-এর আসনসংখ্যা চারটি। এবং তেল ধারণক্ষমতাও অন্য সেসনা বিমানগুলোর তুলনায় ঢের বেশি। ফলে একবারেই সে অনেকটা পথ পাড়ি দিতে পারে। ফ্লাইং ক্লাব প্রয়োজনে এটাকে ভাড়াও দিয়ে থাকে মাঝেমধ্যে। আর আছে অন্য জাতের একটা বিমান। নাম পিএ-৩৮ টমাহক। এটাও দুই আসনের প্রশিক্ষণ বিমান। ঘণ্টায় টমাহকের বেগ প্রায় ৮৫ নটিক্যাল মাইল।হ্যাঙ্গারের সবগুলো বিমানই দড়ি দিয়ে বাঁধা অবস্থায় থাকে। একে টাইডাউন বলে। ওড়ার আগে দড়ির বাঁধন খুলে দেওয়া হয়। বিমানগুলো হালকা হওয়ায় এই বাড়তি নিরাপত্তাব্যবস্থা—বলছিলেন ট্রেনার ফারজানা।বিমান হ্যাঙ্গারের ডানে-বাঁয়ে অফিস ঘর। কথা হয় ফ্লাইং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন আকরাম আহমেদের সঙ্গে। তিনি বলেন, এখানে অসংখ্য মেধাবী শিক্ষানবিশ বৈমানিক আছেন। কিন্তু আমরা তাঁদের সব ধরনের প্রশিক্ষণ দিতে পারছি না প্রয়োজনীয় প্রযুক্তির অভাবে। আমরা চাই সরকার এ দিকটায় নতুন করে দৃষ্টি দেবে। এত প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আমাদের শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে নিজেদের স্বতন্ত্র জায়গা করে নিচ্ছেন—এটা আমাদের জন্য সত্যিই গর্বের।পেছনের কথাবেসামরিক পাইলট তৈরির এই প্রতিষ্ঠানটির নাম ঢাকা ফ্লাইং ক্লাব। এ নামেই প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল ১৯৪৮ সালে। মাঝখানে নাম বদল করে ফ্লাইং একাডেমি করা হলেও বর্তমানে সামান্য হেরফের করে রাখা হয়েছে ঢাকা ফ্লাইং ক্লাব লিমিটেড। ১৯৪৮ সালের অক্টোবরের দিকে পূর্ব পাকিস্তান সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিষ্ঠানটি দাঁড় করান। এখানে বাঙালি পাইলটরা সিভিল এভিয়েশনের নেওয়া পরীক্ষায় খুব কমই পাস করতেন তাদের কূটকৌশলের কারণে। এ রকম চলে ১৯৭১ সাল পর্যন্ত। মুক্তিযুদ্ধ শুরু হলে ঢাকা ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণপ্রাপ্ত ১০-১২ জন পাইলট মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁদের মধ্যে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে শহীদ হন ক্যাপ্টেন আলমগীর। তিনজন বীর উত্তম খেতাব পান। তাঁরা হলেন ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, ক্যাপ্টেন আকরাম আহমেদ, ক্যাপ্টেন সরফুদ্দিন এবং বীর প্রতীক খেতাব পান আলমগীর সাত্তার। এই ফ্লাইং ক্লাবের বর্তমান সভাপতি বীর উত্তম সাহাবুদ্দিন আহমেদ ও সহসভাপতি বীর উত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদের নেতৃত্বেই চলছে ফ্লাইং ক্লাবের পুরো কার্যক্রম।