উড়ন্ত মানুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চায়না ইন্টারন্যাশনাল প্রেস ফটো কনটেস্ট ২০১২-এ ডেইলি লাইফ বিভাগে স্বর্ণপদক জিতেছেন এপির ফটো সাংবাদিক পাভেল রহমান। তিনি শুনিয়েছেন ‘জাম্পিং’ শিরোনামের এই ছবি তোলার গল্পপুরস্কার জিততে কার না ভালো লাগে, আর সেটি যদি হয় স্বর্ণপদক! তবে তো কথাই নেই। তবে ছবিটি অবশ্যই পুরস্কারের নেশায় তোলা নয়। ছবি তুলেছিলাম খবরের নেশায়। টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। আন্তর্জাতিক ক্ষেত্রে খবর ও ছবির গুরুত্ব তো রয়েছেই। সেই ছবির খোঁজে গত ১১ জানুয়ারি কাকডাকা ভোরে ঢাকা থেকে টঙ্গী রেলস্টেশনে ছুটে যাওয়া।আমার ঘনিষ্ঠ বন্ধু ডেইলি স্টার-এর সিনিয়র ফটোসাংবাদিক সদ্যপ্রয়াত শওকত জামিল খানের সঙ্গে সেখানে যাই। ছবি তোলার একটি প্রস্তুতিপর্ব তো ছিলই আমাদের। এ বছরের ছবিতে কী করা যায়, তা-ই ছিল আমাদের ভাবনায়। অবশ্য এটা ঠিক, বিশ্ব মিডিয়ায় যে ছবি এত দিন আমরা পাঠিয়েছি, তার তেমন গুরুত্ব নেই এখন।ফটোসাংবাদিকতায় একবার প্রকাশিত কোনো ছবির পরে তেমন কোনো গুরুত্ব থাকে না শুধু আর্কাইভ মূল্য ছাড়া।ছবিটি হতে হবে অবশ্যই নতুন কোনো ফর্মে ও কম্পোজিশনে, যা দেখে পাঠকেরা বিস্মিত হবে। নব্বইয়ের দশকে বিশ্ব ইজতেমার ছাপা হওয়া ছবিগুলো বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলত। পরবর্তী সময় ট্রেনের উপচে পড়া ভিড়ের ছবি প্রকাশের প্রতিক্ষায় থাকত তারা। টঙ্গী স্টেশনে তখন উপচে পড়া মানুষ। মনে তখন ঘুরপাক খাচ্ছে নতুন ছবি, নতুন কম্পোজিশনের ভাবনা। আখেরি মোনাজাতের পর টঙ্গী স্টেশনে ততক্ষণে জড়ো হয়েছে ছয়টি ট্রেন। দুটি ট্রেনের মধ্যে আমি। হাতে ক্যানন 1D-MARK3 ক্যামেরায় 16mm 35 mm জুম লেন্স। ফ্রেমটা আকাশমুখী। মোনাজাতের পর ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। চোখের পলকে কেউ একজন আমার প্রায় ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে লাফ দিয়ে উড়ে গেল বাঁ থেকে ডানের ট্রেনটির ছাদে। আমার চোখ তখন ক্যামেরার ভিউ পয়েন্ট দিয়ে সাবজেক্টের দিকে। ডান হাতের তর্জনী ততক্ষণে শাটারে। মনে হলো নিজের অজান্তেই উঠে চলেছে ছবি, একটার পর একটা। চোখের পলকে দেখি, উড়ন্ত দুজন মানুষ আমার ক্যামেরার ফ্রেমে। ট্রেনের এক ছাদ থেকে অন্য ছাদে একইভাবে, একই ভঙ্গিতে উড়ন্ত তারা। বিস্ময়করভাবে মুহূর্তেই ঘটে গেল ঘটনাটি। ঘটনার আকস্মিকতায় আমার হূৎস্পন্দনও বেড়ে গেছে।মনের ভেতরে জন্ম নিল এক ভালো লাগা। আমি ততক্ষণে বুঝে ফেলি ব্যতিক্রমী এই ছবি। ক্যামেরার এলসিডি মনিটরে তাকিয়ে দেখি, যে ছবি আমি খুঁজছিলাম, সেটা আমারই ক্যামেরায়!