নগরে যানজট নিরসনে উড়াল সেতু স্থাপনের যে পরিকল্পনা হচ্ছে তার বিপক্ষে মত দিয়েছেন বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ও গবেষক প্রকৌশলী সুভাষ বড়ুয়া। প্রথম আলোর সঙ্গে একান্তে আলাপকালে তিনি বলেন,‘ উড়াল সেতু যানজট এড়ানোর একমাত্র পথ নয়। উড়াল সেতু যানজটকে একস্থান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। এ কারণে এ ধরনের সেতু বানানোর আগে ব্যাপকভিত্তিক জরিপ এবং কোন ধরনের যানবাহন সেতুর ওপর দিয়ে চলবে তা ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা দরকার।নগরের পরিবহনব্যবস্থা নিয়ে সর্বশেষ গবেষণাকর্মের উদ্ধৃতি দিয়ে সুভাষ বড়ুয়া বলেন,‘ নগরে চলাচলকারী মোট যানবাহনের অর্ধেকেরও বেশি রিকশা, টেম্পো, অটোরিকশার মতো যানবাহন। এগুলোতে উড়াল সেতু দিয়ে চালানোর ব্যবস্থা করা বোকামি ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, উড়াল সেতু কিংবা ফ্লাইওভার যাই বলি না কেন তা নির্মাণের আগে আমাদের এখানে ট্রাফিকব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে।প্রসঙ্গত, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নগরে পাঁচটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা করেছে। বহাদ্দারহাট মোড়, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড়, কদমতলীতে উড়াল সেতুগুলো নির্মিত হবে। গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুগুলোর ভিত্তি স্থাপন করেন। গবেষণাকর্মে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সুভাষ বড়ুয়া বলেন, ‘চট্টগ্রাম শহরে আমজনতা যেসব যানবাহন ব্যবহার করেন তার ৩৭ শতাংশই রিকশা। তিন চাকার অটোরিকশা রয়েছে ৩৯ শতাংশ, ছোট ছোট মিনিবাসসহ বাস চলে মাত্র ৮ শতাংশ, আর ব্যক্তিগত গাড়ি (কার) চলে ১১-২০ শতাংশ। এ হিসাব যদি একটু অন্যভাবে করি তবে দেখা যায়, চট্টগ্রাম শহরের সড়কগুলোতে মিনিবাস ৫ দশমিক ৪ শতাংশ, রিকশা ৪০ শতাংশ, ব্যক্তিগত গাড়ি (কার) ১৮ দশমিক ৬ শতাংশ, অটোরিকশা ৩৬ শতাংশ জায়গা দখল করে। একটি মিনিবাস সড়কের ৩৩ ফুট জায়গা দখল করে ৩৩ জন যাত্রী পরিবহন করে। অথচ একই পরিমাণ যাত্রীর জন্য টেম্পোর ৬৬ ফুট জায়গা লাগবে, অটোরিকশার লাগবে ৯৯ ফুট, রিকশার লাগবে ১৩২ ফুট এবং ব্যক্তিগত গাড়ি (কার) জায়গা নেবে ৪৬২ ফুট। এই শহরে ভূরি ভূরি রিকশা, অটোরিকশা বাড়িয়ে তবে লাভ কী? এগুলো তো বেশি মানুষের প্রয়োজন মেটাতে পারছে না। তাই যেসব যানবাহন বেশি যাত্রী নিয়ে কম জায়গা দখল করে সেসব যানবাহনের সংখ্যা বাড়াতে হবে। মোট কথা গণপরিবহনব্যবস্থা জোরদার করে যানজটের ভয়াবহতা কমাতে হবে। অসহনীয় যানজট পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি পরিবহন-ব্যবস্থাপনা ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রাম মহানগরের ভয়াবহ যানজটকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। এর জন্য প্রাথমিক পর্যায়ে এক পয়সাও খরচ হবে না। ব্যক্তিগত যানবাহনের সংখ্যা না বাড়িয়ে নগরে গণপরিবহনব্যবস্থা চালু করতে হবে। তিনি বলেন, অপরিকল্পিত উন্নয়ন আমাদের যত সমস্যার মূল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নাগের ডগায় রাস্তার পাশে এক ইঞ্চি জায়গা খালি না রেখে বহুতল ভবনগুলো পই পই করে উঠে যাচ্ছে ওপরের দিকে। একেকটা ভবনে মানুষ বাস করবেন শত শত। তাঁদের প্রায় সবার ব্যক্তিগত গাড়ি (কার) থাকবে। এসব গাড়ি শহরের সংকীর্ণ, অপ্রশস্ত সড়কে নেমে পড়বে। এ অবস্থা চলতে থাকলে একদিন এ নগর অচল হয়ে পড়বে। তিনি বলেন, ভবন আইন মেনে চলতে বাধ্য করার জন্য সিডিএকে সক্রিয় হতে হবে। সুভাষ বড়ুয়া বলেন, কোনো রোগ সারাতে হলে প্রথমে দরকার রোগের কারণ বের করা। আমাদের সব ভোগান্তির প্রধান কারণ আমরা আইনের তোয়াক্কা করি না। আইন লঙঘন করে আমরা পার পেয়ে যাই। যিনি ভবন নির্মাণ করছেন তিনি ভবন নির্মাণ আইন মানছেন না, যিনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন তিনি ট্রাফিক আইন মানছেন না। তিনি বলেন, ঠিকমতো সবাই ট্রাফিক আইন মেনে চললে যানজট অনেকটা দূর হয়ে যায়। অথচ এসব চিন্তা-ভাবনা না করে আমরা বড় বড় পরিকল্পনা নিয়ে থাকি, যা কাঙ্ক্ষিত সুফল আনে না। অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। নিয়ম ভাঙার যে শাস্তি হয় তা সবাইকে জানতে হবে। নিয়ম ভেঙে শাস্তি পেলে দ্বিতীয়বার নিয়ম ভাঙতে তাঁকে ভাবতে হবে।সংকট উত্তরণের প্রস্তাব: সুভাষ বড়ুয়া বলেন, যানজট নিরসনের জন্য প্রথম পর্যায়ে যা করতে হবে তার জন্য এক পয়সাও খরচ হবে না। তিনি বলেন, প্রথমে বহাদ্দারহাট থেকে সিমেন্টক্রসিং পর্যন্ত একটি বাস লেন করতে হবে। প্রথমে পরীক্ষামূলক ভাবে চার থেকে ছয়টি বাস নিয়ে বাস প্লাটুন পদ্ধতি চালু করতে হবে। বাসকে অগ্রাধিকারভিত্তিক সংকেত (সিগন্যাল) পদ্ধতি চালু করতে হবে। অটোরিকশা, রিকশা ও ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন (বাস সার্ভিস) ব্যবস্থাকে উৎসাহ দিতে হবে। শাহ আমানত সেতু থেকে সিমেন্টক্রসিং পর্যন্ত নির্দিষ্ট স্থান ছাড়া যেখানে সেখানে গাড়ি থামানো বন্ধ করতে হবে। সড়কের ওপর পার্কিং বন্ধ করতে হবে। ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। বিদ্যালয়গুলোর নিজস্ব বাস চালু করতে হবে। আন্তজেলা বাসগুলোকে শহরে ঢুকতে দিয়ে যাত্রীদের বিভিন্ন জায়গায় নামিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের নেওয়ার জন্য অটোরিকশা ও রিকশার ভিড় লেগেই থাকে। শহরে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ করতে হবে। বিভিন্ন জংশনের ৫০ ফুটের মধ্যে পার্কিং বা গাড়ি থামানো বন্ধ করতে হবে। এসব যদি আমরা মানতে পারি তবে শহরে যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে। যানজট নিরসনের জন্য দ্বিতীয় পর্যায়ে কিছু ব্যয়সাপেক্ষ উদ্যোগের কথা বলেছেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া। তিনি বলেন, এ পর্যায়ে সড়কের পাশে কিছু পার্কিংয়ের জায়গা সৃষ্টি করতে হবে। জংশন ও সংকেত পদ্ধতির উন্নয়ন, শহরের কাছে বাস ডিপো নির্মাণ করতে হবে। এ ছাড়া কিছু কিছু বিষয়ে জাতীয়ভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এগুলো হলো সদরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত রিংরোড করা, আউটার রিংরোডের পরিকল্পনা ও বাস্তবায়ন, যত দ্রুত সম্ভব বাস রেপিড ট্রানজিট (বিআরটি) ব্যবস্থা চালু করতে হবে। শুল্কমুক্ত বাস আমদানির ব্যবস্থা করতে হবে এবং তিন চাকার অটোরিকশা আমদানি ক্রমে বন্ধ করতে হবে।