প্রথম আলো: বহদ্দারহাট জংশনে উড়ালসড়ক নির্মাণ প্রক্রিয়া শুরুর সময় আপনি জোরালো বিরোধিতা করেছিলেন। কেন করেছিলেন?সুভাষ বড়ুয়া: উড়ালসড়ক বানিয়ে নগরের যানজট দূর করা যাবে না এ কথা আমি অনেকবার বলেছি। আপনাদের কাগজেও আমার এক সাক্ষাৎকারে এই বক্তব্য ছাপা হয়েছে। নতুন উড়ালসড়ক বরং বহদ্দারহাট জংশনের যানজট সরিয়ে মুরাদপুরে নিয়ে আসবে। এতে নগরে যোগাযোগব্যবস্থার কোনো উন্নতি তো হবেই না, উল্টো মুরাদপুর ও জিইসি মোড়ে আরও অসহনীয় যানজট সৃষ্টি হবে। এ কারণে আমরা শুরু থেকে এর বিরোধিতা করে আসছি। সিডিএ আমাদের কথায় কান দেয়নি। পেশাদার লোকদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে উড়ালসড়ক নির্মাণকাজ শুরু করে। নির্মাণ প্রক্রিয়ার সঙ্গেও অভিজ্ঞ প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়নি। এ কারণে উড়ালসড়কের গার্ডার বার বার ভেঙে পড়ছে। সর্বশেষ দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে, যা দুঃখজনক।প্রথম আলো: আপনি আগে বলেছিলেন মহাপরিকল্পনা পাশ কাটিয়ে উড়ালসড়ক নির্মাণ হচ্ছে। সুভাষ বড়ুয়া: যেকোনো উন্নয়নকাজ বাস্তবায়নের আগে পরিকল্পনার প্রয়োজন হয়। আমাদের মহানগর উন্নয়নের জন্য প্রণীত মহাপরিকল্পনায় উড়ালসড়ক নির্মাণের সুপারিশ ছিল না। তবে নগরের যানজট নিরসনের জন্য সুনির্দিষ্ট কিছু সুপারিশ ছিল। সেই সুপারিশগুলোকে পাশ কাটিয়ে বহদ্দারহাট জংশনে অপেশাদার ঠিকাদার দিয়ে এত বড় প্রকল্পের কাজ শুরু করা হয়। আসলে রাস্তা নির্মাণ আর উড়ালসড়ক নির্মাণ করা এককথা নয়। এক্ষেত্রে তা-ই ঘটেছে। বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামত উপেক্ষা করে এটা করা হচ্ছিল বলে আজ এই দুর্ঘটনা ঘটেছে। প্রথম আলো: যানজট নিরসনের জন্য মহাপরিকল্পনায় কী সুপারিশ ছিল?সুভাষ বড়ুয়া: ফৌজদারহাট থেকে অক্সিজেন, শাহ আমানত সেতু থেকে সদরঘাট এবং পতেঙ্গা-কাট্টলী আউটার রিং রোড নির্মাণের সুপারিশ ছিল মহাপরিকল্পনায়। পর্যায়ক্রমে এই তিনটি প্রকল্প নির্মাণ হলে চট্টগ্রাম নগরে যানজট সহনীয় পর্যায়ে নেমে আসত। আর বন্দরের সঙ্গে বাইরের যোগাযোগ সহজতর হতো। তিনটি পার্বত্য জেলা ও কক্সবাজারের গাড়ি ওই সড়কগুলো দিয়ে চলাচল করত।