মূল রচনা: ‘হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোন না কত হাসির খবর বলে যাই।’ হ্যাঁ, আমরাও এবার আপনাদের হাসির খবর বলছি। ঢাকার রমনা পার্কের কয়েকটি হাসির সংগঠন নিয়ে এবারের আয়োজন। জানাচ্ছেন মাহফুজ রহমান
ঊষার হাসি
এক লোক গাছে উঠেছে। গাছে বসে থাকা এক বানর তাকে জিজ্ঞেস করল, ‘গাছে উঠলেন কেন?’লোক: আপেল খাব।বানর: হা হা হা! এটা তো আপেলগাছ না, আমগাছ!লোক: আরে বেকুব, দেখ সঙ্গে আপেল নিয়ে এসেছি আমি।পাঠক, কৌতুকটি পড়ে কি হেসেছেন? হাসলে জেনে নিন, হূৎপিণ্ড সুস্থ রাখার জন্য অনেক কিছু করে ফেললেন আপনি। ‘অনেক কিছু’ বলা হলো কারণ, হূৎপিণ্ড সুস্থ রাখার মোক্ষম দাওয়াই হলো হাসি। এই তথ্য যেমন আপনি জানেন, তেমনি জানেন ঢাকার রমনা পার্কের রমনা ঊষা সংঘের সদস্যরাও। ১৯৮৫ সাল থেকে প্রতিদিন ভোরে তাঁরা জড়ো হন রমনা পার্কের নির্দিষ্ট একটা জায়গায়। ঘণ্টা খানেক শারীরিক কসরত করে সবাই দাঁড়িয়ে পড়েন বৃত্তাকারে। তারপর শুরু হয় গণনা; মানে এক-দুই-তিন করে বলে যান একেকজন। গণনা শেষ হলে যে দৃশ্যের অবতারণা হয়, তা দেখে আপনি হয়তো ভাববেন—মানুষগুলোর হলোটা কী! সবাই এমন হা হা, হো হো, হি হি করে হাসছে কেন? সংঘটির সদস্য খন্দকার শাখাওয়াত হোসেনের মুখেই শুনুন কারণটা—‘আমরা এমন হাসাহাসি করি, কারণ হাসলে আমরা সুস্থ থাকি। অনেক ধরনের ব্যায়ামই করি আমরা, কিন্তু হাসি অনেক ব্যায়ামের চেয়েও বড় ব্যায়াম।’হাসিমুখের খোঁজেরমনা পার্কে তখন হালকা কুয়াশা। ঘাসের ডগায় শিশিরের আধিপত্য। আমরা বেরিয়েছি হাসির ক্লাবের খোঁজে। পার্কে হাঁটতে আসা লোকজনকে জিজ্ঞেস করি, ভাই, বলতে পারেন এখানে হাসির ক্লাবটা কোথায়? মজার বিষয়, সবাই দেখিয়ে দেন—এই তো সামনে। ‘এই তো সামনে’ আর শেষ হয় না! ঝাড়া আধঘণ্টা ঝড়ের বেগে হেঁটেও হাসিমুখের কোনো নিশানা না দেখে আমাদের মুখের হাসি উধাও! অবশেষে ত্রাতা হয়ে সামনে উদয় হলেন খন্দকার শাখাওয়াত হোসেন। উদ্দেশ্যের কথা জানাতেই বললেন, ‘আসেন আমার সঙ্গে।’ সামনে সামনে হাঁটছেন শাখাওয়াত। আমরা তাঁর অনুসারী। পেছনে হাঁটতে হাঁটতে আন্দাজ করার চেষ্টা করি তাঁর বয়স কত। কখনো মনে হয় ৪০, কখনো ৪৫। তবে তাঁর হাঁটার গতি দেখে কখনো কখনো আরও কম বলেও বিশ্বাস করতে ইচ্ছা হলো! মোটামুটি ঘাম ঝরিয়ে একটা জায়গায় হাজির হয়ে আমাদের আক্কেলগুড়ুম! আধঘণ্টা আগে এই জায়গাটা ফেলেই চলে গিয়েছিলাম আমরা! আফসোস কেটে গেল বিভিন্ন বয়সী প্রায় জনা পঞ্চাশেক মানুষ দেখে। বিকট চিৎকার করে শারীরিক কসরত করছেন তাঁরা। আন্দাজ করতে কষ্ট হয় না, তাঁদের মধ্যে কারও কারও বয়স প্রায় ৮০ ছুঁই-ছুঁই। এঁরা সবাই রমনা ঊষা সংঘের সদস্য। এঁদের কেউ কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ী কিংবা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে।ঊষার হাসিরোদের তীক্ষ রেখা ততক্ষণে গাছের পাতার ফাঁকফোকর দিয়ে আঘাত হানছে ঘাসের শিশিরে। আর পার্কের নির্জনতায় আঘাত হানছে বিকট চিৎকার। শারীরিক কসরত করছেন নানা বয়সী মানুষ। রমনা ঊষা সংঘের সদস্যরাও আছেন সেই দলে। ভালো করে খেয়াল করলে দেখা যায়, পার্কের যে জায়গাটায় তাঁরা একেকজন দাঁড়ান, সেই জায়গাটুকুতে কোনো ঘাস নেই। বোঝাই যায়, দীর্ঘদিন একই জায়গায় দাঁড়িয়ে ব্যায়াম করার ফলেই নির্দিষ্ট জায়গাগুলোতে ঘাস মরে গেছে। তো ওই নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অনেক ধরনের শারীরিক কসরতই করলেন সবাই। শেষে কোচের ডাকে মিলিত হলেন বৃত্তাকার জায়গাটির মাঝখানে। তারপর শুরু হলো প্রভাতি গান—‘আমরা রমনা ঊষা সংঘে/ ভোরবেলা ব্যায়াম করি মনেরই আনন্দে/ আমাদের নেই কোনো ক্লান্তি/ আমরা চাই শুধু শান্তি।’ গান শেষ—শুরু হলো গণনা। গণনা শেষ হতে না হতেই নানা বয়সী মানুষগুলো শুরু করলেন অট্টহাসি! হাসতে হাসতে কেউ গড়িয়ে পড়েন, কাউকে জড়িয়ে ধরেন। কেউবা আবার পেট চেপে ধরে বসেও পড়েন! হঠাৎ করে দেখলে ভিরমিই খেতে হয়। হাসি শেষে আমাদের দিকে এগিয়ে এলেন সবাই। তাঁদেরই একজন রেজাউল করিম। বয়স ৬৭, অবসরপ্রাপ্ত শিক্ষক। বললেন কেমন উপকার পেয়েছেন ভোরবেলা এমন করে হেসে, ‘আমার হূদেরাগ ধরা পড়েছিল অনেক দিন আগে। কিন্তু সৌভাগ্যের বিষয়, এখন পর্যন্ত কোনো রকম অস্ত্রোপচার করতে হয়নি। এমনকি কোনো রকম ঝুঁকির মধ্যেও নেই আমি। এর প্রধান কারণ—হাসি আর ব্যায়াম।’ রেজাউল করিম তো পেয়েছেন হূদেরাগ থেকে উপশম, ৬৬ বছর বয়সী মো. মাজম আলী হেসে পান সারা দিনের কর্মোদ্যম। সংঘটির পাঁচজন কোচের একজন আবুল হোসেন খান। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে এখন তিনি আছেন শারীরিক কসরত আর হাসি নিয়ে। বললেন, ‘হাসি আপনাকে সুস্থ রাখবে—এতে কোনোই সন্দেহ নেই। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক অবসাদ—মোটকথা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য হাসির চেয়ে মহৌষধ আর হয় না। ভোরে প্রাণ খুলে হাসলে দিনটা আপনার শুরু হবে আনন্দের মধ্য দিয়ে। দুশ্চিন্তা দূর হবে, কাজে মনোযোগী হতে পারবেন, শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে। আর এই বিষয়গুলো সামনে রেখেই আমাদের এখানে সবাই আসেন এবং বলতে পারি, এখানকার প্রায় সবাই সুস্থ আছেন।’হাসতে নেই মানারমনা পার্কে ভোরবেলা কেবল রমনা ঊষা সংঘের সদস্যরাই হাসেন না। হাসেন ‘উজ্জীবন’, ‘প্রভাতী’, ‘শতায়ু অঙ্গন’ এবং ‘কিছুক্ষণের’ মতো প্রায় ১৩টি সংগঠনের সদস্যরা। রামগরুড়ের ছানাদের হাসতে মানা ছিল, আপনার বেলায় এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই চাইলেই আপনি যেকোনো একটি সংগঠনের সদস্য হয়ে যেতে পারেন। রমনা ঊষা সংঘের সদস্য হওয়ার নিয়ম বললেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ‘কেউ সদস্য হতে চাইলে প্রথমে আমরা তাঁকে পর্যবেক্ষণ করি। তাঁর আচার-ব্যবহার, শারীরিক সুস্থতা—সবকিছু বিচার করে যখন দেখা যায় দলে নিলে সমস্যা নেই, তখন তাঁকে আমরা এককালীন ফি হিসেবে পাঁচ হাজার টাকা দিতে বলি। সেটার পরই তিনি আমাদের আজীবন সদস্য হয়ে যান।’ আর যাঁরা ঢাকার বাইরে আছেন? তাঁদের ব্যাপারে পরামর্শ দিলেন আবুল হোসেন খান, ‘চাইলেই আপনারা কয়েকজন মিলে একটা দল গঠন করতে পারেন। ঢাকার বাইরে প্রাকৃতিক পরিবেশ তো আরও নির্মল। এদিক থেকে প্রাণ খুলে হাসার মতো একটা জায়গা পাওয়া কঠিন কিছু নয়। তবে সবচেয়ে বড় কথা, হাসতে চাইলে তো কোনো নিয়মকানুন মানতে হয় না।’দিনে ১০০ বার হাসা ১৫ মিনিট বাইসাইকেল চালানোর সমান। অট্টহাসি কেবল দম বাড়াতেই সাহায্য করে না, হাসলে মুখ, পাকস্থলী, বুক ও পেটের মধ্যস্থ পেশিগুলোর প্রবল সঞ্চালন হয়।হাসি ব্যথানাশক এবং যেকোনো ধরনের ইনফেকশনের সঙ্গে লড়াই চালায় জবরদস্ত। একবার হাসলে সাড়ে তিন ক্যালরি পোড়ে।শরীরের ক্লান্তির পেছনে কাজ করে করটিসল ও এপিনেফ্রিন নামের দুটি হরমোন। এই হরমোন দুটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে প্রতিহত করে। এর থেকে নিস্তার পেতে পারেন প্রাণ খুলে হেসে।হাসি মস্তিষ্কের রসায়নেও বড় ভূমিকা রাখে। শরীরে অক্সিজেনস্বল্পতা কাটাতেও হাসির ভূমিকা দারুণ।রাগ, ভয়, অপরাধবোধ, অস্থিরতা ও দুশ্চিন্তার মহৌষধ হাসি।হাসির কিছু দেখলে বা পড়লে মানুষের লালাতে খুঁজে পাওয়া যায় ‘স্যালাইভ্যারি ইমিউনোগ্লোবিউলিন এ’ নামের উচ্চমাত্রার অ্যান্টিবডি, যা কিনা লড়াই চালায় সংক্রামক অণুজীবের বিরুদ্ধে। এই অণুজীবগুলোই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার মূল কারণ।গবেষকেরা দেখেছেন, এক ঘণ্টার একটা হাসির ছবি দেখলে টিউমার সৃষ্টিকারী কোষকে প্রতিরোধ করা যায় অনেকাংশে।