কক্সবাজার শহরের টেকপাড়ার মেয়ে তো তো রাখাইন (২৩)। আগে ঘরে বসে পরিবারের অন্য সদস্যদের মতো নিজেও তাঁতের কাপড়চোপড় তৈরি করতেন। এতে তেমন স্বাবলম্বী হওয়া যাচ্ছিল না। শেষে উদ্যোগ নিলেন নিজেই একটা বিউটি পারলার খুলবেন। কিন্তু এর জন্য দরকার প্রচুর টাকা। এত টাকা তাঁর নেই। এদিক-ওদিক হাত পেতে ব্যর্থ হলেন। শেষে গেলেন কক্সবাজার সোস্যাল ইসলামী ব্যাংক শাখায়। কিছু শর্তে বিউটি পারলার করার জন্য তো তো রাখাইনকে দেওয়া হলো পাঁচ লাখ টাকা। সেই টাকায় তো তো রাখাইন নিজের নামে গড়ে তোলেন, ‘তো তো বিউটি পারলার’।তো তো রাখাইন বলেন, ‘পারলার ব্যবসা চালু করে একদিকে আমি যেমন স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল হচ্ছি, তেমনি চাকরি করে বহু মেয়ে জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছেন।’ একইভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে ‘ইরফান পোলট্রি’ নামের মুরগির খামার করেছেন গৃহবধূ জরিনা বেগম, বুটিকের ব্যবসা করছেন সুপর্ণা রানী রায়, ফাতেমা আকতারসহ অনেকে।জরিনা বেগম বলেন, ‘হাতে টাকা নেই বলে বসে না থেকে ব্যাংক থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে নিজেই এই ব্যবসা শুরু করেছি। এখন ঋণের অর্ধেক টাকা পরিশোধ হয়ে গেছে। বাকি টাকাও নির্দিষ্ট সময়ে শোধ করা সম্ভব হবে।’ আরও কয়েকজন নারী উদ্যোক্তা জানান, আগে ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে কক্সবাজারের নারীরা পিছিয়ে ছিলেন। এখন প্রয়োজনের তাগিদে নারীরা ঘর ছেড়ে বাইরে এসে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাসহ নানা খাতে টাকা খাটিয়ে লাভবান হচ্ছেন। নারীরাও পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। সূত্র জানায়, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন ব্যবসা করছেন অনেক নারী। কক্সবাজার কৃষি ব্যাংক থেকে ৪০ লাখ টাকা ঋণ নিয়ে হোটেল ‘রহমান রিসোর্ট’ করেছেন হাসনা হেনা। সিটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে ‘মো মো লেডিস কালেকশন ও বুটিক হাউস’ নামে দোকান করছেন সাজিদা খানম।এনসিসি ব্যাংক থেকে তিন লাখ টাকা নিয়ে ‘আল আকবর পোলট্রি ফার্ম’ করছেন রাশেদা বেগম। পূবালী ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে বইয়ের দোকান ‘বুক কর্নার’ করছেন রেখা নন্দী। ইসলামী ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে মাছের ব্যবসা করছেন (রাশনা ট্রেডিং) রাশনা বেগম। প্রাইম ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে ওষুধের দোকান করছেন প্রতিভা দাশ। ইস্টার্ন ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা নিয়ে বার্মিজ মার্কেটে দোকান খোলেন (মাখিমি স্টোর) মাখিমি রাখাইন। কৃষি ব্যাংক কক্সবাজারের আঞ্চলিক মুখ্য কর্মকর্তা মোতাহার হোসেন জানান, পর্যটনশিল্পের দ্রুত বিকাশ হওয়ায় কক্সবাজারের নারীরা এখন অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছেন। নারী উদ্যোক্তারা নিজের টাকা বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকেও ঋণ নিয়ে খাটাচ্ছেন। অনেকে সফলও হচ্ছেন। বিশেষ করে নারী উদ্যোক্তারা এখন হোটেল-মোটেল, খামার, বাইয়ের দোকান, পারলার, ওষুধের দোকানসহ নানা ক্ষুদ্র শিল্পে বিনিয়োগ করছেন। এতে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি বহু নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ক্ষেত্রে নারীদের সহযোগিতায় এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংকগুলো। সমপ্রতি কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এসএমই সৈকত উৎসবে কক্সবাজারে ২৫ জন নারী উদ্যোক্তাদের মধ্যে প্রায় দেড় কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উৎসবের উদ্বোধন করেন। এ সময় সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।