ফাঁদের চাহিদা কমে যাওয়ায় কুটিরশিল্পীদের সংসারেও নেমে এসেছে অভাব-অনটন
ঋণের ফাঁদে ‘ফাঁদ’ তৈরির শিল্পীরা
গ্রামের মানুষ বর্ষাকাল শুরু হলে জলাশয়ে মাছ ধরতেন বাঁশ-বেতের তৈরি বিভিন্ন ধরনের ফাঁদ পেতে। ফাঁদে পড়া তাজা মাছ পরিবারে খেয়ে এবং বাইরে বিক্রি করে সংসার চলত অনেকের। একই সঙ্গে ফাঁদ তৈরি ও বিক্রি করে জীবন চলত কুটিরশিল্পীদের। সেই দিন এখন আর নেই। খাল, বিল, পুকুর, ডোবা কোথাও আগের মতো মাছ পাওয়া যায় না। ফাঁদের চাহিদা কমে গেছে। কুটিরশিল্পীদের সংসারেও এসেছে অভাব-অনটন। তবুও বংশানুক্রমে চালু পেশা আঁকড়ে ধরে আছেন লোহাগাড়ার উজিরভিটার নতুনপাড়া ও মজিদারপাড়ার দুই শতাধিক কুটিরশিল্পী পরিবার। তবে পেশা টিকিয়ে রাখতে গিয়ে ঋণের ফাঁদে আটকা পড়েছেন তাঁরা। এঁদের তৈরি মাছ ধরার ফাঁদগুলো হচ্ছে পলো, চাঁই, লুই, টইয়া, টনা, ধারগ্যা, নাশির ফতর ইত্যাদি। এলাকায় এসব ফাঁদের চাহিদা এখনো কিছুটা রয়েছে, বিশেষ করে বর্ষাকালে। তবে এই চাহিদার জন্য ফাঁদ তৈরি ও বিক্রি করে সংসার চালানোর মতো অর্থ উপার্জন তাঁদের হচ্ছে না। উজিরভিটার নতুনপাড়ার প্রবেশমুখে সিরাজ মিয়ার (৫০) বাড়ি। তিনি ও তাঁর স্ত্রী রেনু আরা বেগম মাছ ধরার বিভিন্ন ফাঁদ তৈরি করে সংসার চালান। সিরাজ মিয়া বলেন, ‘দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে আমি এ কাজে জড়িত। এখন আয় কমে গেছে। সংসারের খরচ জোগাতে গিয়ে এরই মধ্যে ৫০ হাজার টাকা ঋণ করেছি।’ সিরাজ মিয়া জানান, বর্তমানে উৎপাদিত পণ্য বিক্রি হয় মাসে প্রায় ১২ হাজার টাকার। এর মধ্যে খরচ পড়ে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা। কিস্তি শোধ করতে হয় ছয় হাজার আট শ টাকা। বাকি টাকা দিয়ে কোনো রকমে খাবার জোগাড় করা গেলেও ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো সম্ভব হয় না। স্থানীয় বাসিন্দা চেমন আরা (৭০) জানান, তিনি এখনো মাছ ধরার ফাঁদ তৈরি ও বিক্রি করেন। প্রতি মাসে বিশেষ করে বর্ষাকালে ছয় হাজার টাকার মতো পণ্য বিক্রি করে সাড়ে চার হাজার টাকার মতো আয় করেন। তবে গ্রামীণ ব্যাংক থেকে গত জানুয়ারি মাসে ১০ হাজার টাকা ঋণ নিয়েছেন। মাসে কিস্তি শোধ করতে হয় এক হাজার ছয় শ টাকা। বৃদ্ধা আনোয়ারা বেগম (৭৫) বলেন, ‘ঋণের টাকায় পেশাটা চালু রাখা গেলেও আমরা আগের মতোই দরিদ্র থেকে গেছি।’মাছ ধরার ফাঁদের পাইকারি ব্যবসায়ী আবুল বশর ও মো. আখতারুজ্জামান জানান, তাঁরা প্রতি সপ্তাহে এ গ্রাম থেকে প্রায় দুই লাখ টাকার ফাঁদ কেনেন। এগুলো লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, দোহাজারী, বান্দরবান, চকরিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়।স্থানীয় রোকেয়া বেগম, হোসনে আরা ও নীলু আক্তার জানান, ব্যক্তি খাত থেকে ঋণ চাইতে গেলে তাঁরা শর্ত দেয় অর্ধেক দামে তাঁদের কাছে পণ্য বিক্রি করতে হবে। এ অবস্থায় তাঁরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। খোঁজ নিয়ে জানা যায়, এ গ্রামের প্রায় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, উদ্দীপন, আশা, ইসলামী ব্যাংক, প্রত্যাশী, আইডিএফ, ব্যুরো বাংলাদেশ প্রভৃতি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে। অনেকে একাধিক প্রতিষ্ঠান থেকেও ঋণ নিয়েছেন।এ ব্যাপারে গ্রামীণ ব্যাংকের লোহাগাড়া আধুনগর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, এক ব্যক্তির একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার বিধান নেই। কিন্তু অনেকে তথ্য গোপন করে এ কাজটি করেন। ফলে অতিরিক্ত ঋণের বোঝা বইতে গিয়ে তাঁরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে ঋণদাতা ও ঋণগ্রহীতাদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। লোহাগাড়া উপজেলার চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, কুটিরশিল্পীদের বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সরকারি সহযোগিতায় সহজ শর্তে ঋণ দিতে হবে।