
ঢাকার শিক্ষিত মধ্যবিত্তের আলাভোলা ছেলেমেয়েরা। হাতের রেখার
প্যাঁচের মতো ভাঙা–গড়ার এই পুরোনো শহরটিতে জন্মেও কেন যেন কিছুতেই তারা নেই। এলোমেলো ঘোরে, অতি ক্ষুদ্রে বিস্ময় আবার মস্ত কাণ্ডে নির্লিপ্ত এক পলক দেখা শুধু, তারপর আরেক গলিতে। কেউ কেউ ঘরেই নিজের ১৪ আনা চুকিয়ে দেয়। নিজের ঘর, বন্ধুর ঘর, অফিস-কাছারি ঘর, কদাচিৎ ছাদে। এ রকম একটা সময় ঋতুকে প্রথম দেখি অভিনেত্রী বন্যা মির্জার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উত্তর গেটের কাছে ১৯৯৯৮/৯৯-এর কোনো বিকেল প্রারম্ভে। ববকাট নাকি ডায়ানা-কাট চুল, হা হা হি হি আর চোখে বিস্ময়, আলাভোলা আর চেনাজানার পর দেখি–শুনি আচানক উল্টাসিধা কাজকাম আর কথা। ‘মুক্তকণ্ঠে’ বাকচর্চার পাঠ শেষে একসময় তার থিয়েটার করতে মন চায়, চলে আসে আমাদের প্রাচ্যনাটের বারান্দায়, ১৯৯৯–এ।
ভালো ছাত্র, কথাবার্তায় একটা আপাত চটপটে ঋতু সহজেই অভিনেত্রী হিসেবে অভিষিক্ত হয় অ্যা ম্যান ফর অল সিজনস্ নাটকে টমাস মোরের কন্যা চরিত্রে। অভিনেত্রী হতে সময় না লাগলেও থিয়েটারের মানুষ হতে একটু সময় যায়।
প্রাচ্যনাট তখন শৈশবের দুরন্তপনায় অস্থির, একটু একটু করে সে-ও সেই ভাঙাগড়ায় মিশে যায়, অঙ্গ হয়, প্রাচ্যনাটের নবীন পিকেটারদের সঙ্গ হয়। পথে, রাজপথে, পাদপ্রদীপের আলোয় তার অভিনয় দর্শককে ভাবায়, কাঁপায়; প্রায় থিয়েটারের মানুষও হয়ে ওঠে। অথচ এই দুর্দান্ত সময়ের বাইরে তখন তার আরেক সংগ্রাম অন্তরে অন্দরে, অনেকের দৃষ্টিসীমার অগোচরে।
একদা সফল, সৃজনশীল ব্যবসায়ী, উদ্ভাবনী চিন্তার শিল্পপতি বাবা কেমন শরীর খারাপ বলতে বলতেই একেবারে শয্যাগত! ব্যবসা প্রতিষ্ঠান সব অন্ধকার, ভাইবোন সব ছোট। মেধাবী এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী, ভরসা শুধু প্রচণ্ড মানসিক শক্তির পদাতিক মা। সবার পাতে মাছ পড়বে এমন নিয়তে অহর্নিশ ছুটছেন। কাটাচ্ছেন ঘামঝরা দিন। ইতিমধ্যে প্রাচ্যনাটের অনিবার্য সভ্য হয়ে সার্কাস সার্কাস, কইন্যা, গ্লার, পুনর্জন্ম, মায়ের মুখ, থিয়েটারওয়ালা রেপাটরির শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস এসবে ধারাবাহিকভাবে মান-উত্তীর্ণ অভিনয় চলতে থাকে। ভালো ছাত্রটির যথার্থ ফলাফল হয় না বিশ্ববিদ্যালয়ে। টানে-চাপে বিজ্ঞাপনী সংস্থায় চাকরিও করতে হয় ছাত্রাবস্থাতেই। পিতৃবিয়োগ-পরবর্তী অসহনীয় দীর্ঘ সময়ের জাগতিক সংঘর্ষ-পরিপার্শ্বকে বুঝে নেওয়া—এসব মিলে এসবের কাটায় রক্তাক্ত সত্তা প্রলেপ পায় ধীরে সময়েরই আবর্তে।
বিয়ে হয় সেই প্রাচ্যনাটের ঘরের মানুষের সঙ্গে। সন্তানের মা হয় ঋতু। নানান পাক-দুর্বিপাক এসবের মধ্য দিয়ে যাত্রায় প্রাণশক্তি হয়তো আহত হয় কিঞ্চিৎ, তবে দৃঢ়চিত্ত আত্মবিশ্বাসী বৈশ্বিক মানুষ হিসেবে ভেতরে প্রস্তুত হয়। তার শিল্পী সত্তা একসময় স্বাতন্ত্র্য পরিচয়ের দিকে যেতে থাকে। চিন্তার বাগানের আগাছা ধীরে ধীরে নিড়ানি পায়। আলাভোলা ঋতু উবে যায়। ঋতু সাত্তার ঋদ্ধ হয়।
জাপান, ইউরোপ, মিসরে নাট্যভ্রমণ এবং আন্তঃসাংস্কৃতিক মিথস্ক্রিয়ার সাধ তাকে থিয়েটার আর অভিনয়কে দেখার নতুন বাইফোকাল মন তৈরি করে দেয়। নিয়মিত মঞ্চে অভিনয়ের পাশাপাশি ইংরেজি নাটক নির্দেশনা এবং সবশেষে যুক্ত হয় একদম নিজের অভিনয়—পারফরম্যান্স আর্ট।
একক মানুষ হিসেবে জগৎজোড়া দৃষ্টি প্রসারণ, নানান সামাজিক-রাজনৈতিক বিশৃঙ্খলাবিরুদ্ধ প্রতিবাদের ভাষা পায় তার নিজের অভিনয় নাট্যে। গাজায় ইসরায়েলের হামলা এবং মানুষ নিধন উত্সব, মানুষ মারার অভিনব আয়োজন, মনুষ্যহীন ড্রোন, রাজনৈতিক সহিংসতায় সাধারণ খেটে খাওয়া নাগরিকের শরীরে আগুন কী পেট্রলবোমা, অন্তঃসত্ত্বা মায়ের মনস্তাত্ত্বিক ভীতি, পুরোনো ঢাকার স্মৃতিচিহ্ন, রানা প্লাজা ট্র্যাজেডি এসব নিয়ে তার অভিনয়নাট্যে উঠে আসে দুঃখী মানুষের হাহাকার, অনিশ্চয়তা, ক্রন্দন আর প্রকাশ পায় শিল্পী ঋতু সাত্তারের ভেতরকার দ্রোহ।
পত্রপত্রিকা, ইন্টারনেট সর্বত্র জয়জয়কার হয়, এই জয় তার দীর্ঘদিনের সাধনার ধারাবাহিকতায় প্রাপ্য অর্জন। এই প্রচার নিশ্চয়ই ঋতুকে আনন্দে ভাসিয়ে নিয়ে যায়নি। কখনো-সখনো কিছু বিষয় খুব আকর্ষণীয়, যুগের ভাও হিসেবে প্রতিভাত হয় এবং তুমুল মিডিয়া হট্টগোলে কর্মের শক্তিটি দৃষ্টির বাইরে নিয়ে তার আবরণটিকেই ঝালা হিসেবে তুলে ধরে। আমরা ভুল করে এই পথে পা দিই অথবা আহাম্মকের মতো নিজের স্বাতন্ত্র্য প্রকাশ করতে গিয়ে শুধুই লোক দেখানো আড়ম্বর হয়ে পড়ে, উদ্দেশ্য সফল হয় না।
ঋতুর সরলতাকে ধর্তব্যে এনে কেউ তাকে ভুল পথে চালিত করে ফেলতে পারে অথবা তার নিশানা স্থির করার দুহাতে মৃদু কম্পন আছে সেটা টের পেয়ে কোনো মিথ্যা সাধু বা কপট তিরন্দাজ তার দ্রোণাচার্য বনে যেতে পারে। লক্ষ্যটা নিজেকেই স্থির করতে হয় আর শিল্পীর লক্ষ্য একটাই—সর্বদা চর্চায় থেকে আরও নিখুঁত আরও বড় শিল্পী হওয়ার চেষ্টা, আগে-পিছে কোনো গপ্প নেই। আর এই লক্ষ্য স্থিরে প্রাপ্তি বা অপ্রাপ্তিকে দূর্বাঘাস-জ্ঞানে দেখতে হয়।
ঋতুর লক্ষ্য দিন দিন স্থির হচ্ছে এবং কর্মে সমৃদ্ধিও বাঞ্ছিত ঘটনা। আর সমৃদ্ধির সুবাতাস সে যেন নিজের একার না ভাবে। তিলে তিলে গড়ে উঠতে যে আঁতুড়ঘরগুলো তার সহায় হয়েছে এই সমৃদ্ধি তাদেরও প্রাপ্য। আমরা শিল্পীরা কখনো আত্মবিস্মৃত হই, আত্মমগ্ন হই, বিযুক্ত হয়ে যাই নিজেরই পদচিহ্ন থেকে। ঋতুর নিশ্চয়ই তেমন কিছু হচ্ছে না, তাই না?