ঋতুর রঙে বাংলার রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ঋতুর রঙে বাংলার রূপ’ ​শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা
চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ঋতুর রঙে বাংলার রূপ’ ​শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা

জলরঙে তুলির টানে বাংলার ষড়ঋতুর চিত্র ফুটিয়ে তুলছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুদ্ধক নৈরিৎ সাহা। ছবি আঁকা শেষ হতেই দেখা গেল বাংলার ছয়টি ঋতু একই ফ্রেমে বন্দী। কেবল রুদ্ধক নয়, নগরের ৩২টি বিদ্যালয়ের প্রায় পাঁচ শ শিক্ষার্থী কাগজের মাধ্যমে ফুটিয়ে তুলল বাংলার ঋতুবৈচিত্র্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ঋতুর রঙে বাংলার রূপ’ শিরোনামে বর্ণিল শিশুদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে লংকাবাংলা ফিনান্স। প্রতিযোগিতার পাশাপাশি এ আয়োজনে ছিল জাদু প্রদর্শনী, গান এবং পাপেট শো।
প্রতিযোগিতায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ যোগ করেছিল ভিন্ন মাত্রা। প্রতিযোগিতা শেষে খুদে চিত্রশিল্পীদের সবাই মেতে ওঠে পাপেট মোটু-পাতলুর সঙ্গে আনন্দ আয়োজনে। পাপেটের সঙ্গে নেচেগেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা। ইস্পাহানী পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিহা নুজহাতকে দেখা গেল পাপেটের সঙ্গে আনন্দে মেতে থাকতে। কেমন লাগছে জিজ্ঞাসা করতেই তার উত্তর, ‘মায়ের সঙ্গে এসেছি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে। কিন্তু এখানে এত মজা করতে পারব, তা ভাবিনি।’
একদিকে যখন একদল খুদে শিক্ষার্থী ব্যস্ত পাপেটের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে, অন্যদিকে রাজীব বসাকের জাদু দেখে বিস্মিত হচ্ছিল আরেক দল। সবশেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় এ আনন্দ আয়োজন। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে লংকাবাংলা ফিন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার বলেন, ‘শিশুদের সুপ্ত বিকাশকে জাগ্রত করতে আমাদের এ ধরনের আয়োজন। ভবিষ্যতে আরও বড় কলেবরে এ আয়োজন করা হবে।’