পঞ্চ গীতিকবির শিল্পী তিনি। এর আগে চট্টগ্রামে এসে শ্রোতাদের ভাসিয়েছেন সংগীত সুধায়। এবারও তাই দর্শক-শ্রোতাদের প্রতীক্ষা ছিল তাঁর জন্য। নিরাশ করেননি ভারতীয় শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। গত ২৩ এপ্রিল নগরের নন্দনকাননে ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে রজনীকান্ত, অতুলপ্রসাদ ও দ্বিজেন্দ্রলালের গানে তিনি মুগ্ধতা ছড়ালেন আরও একবার।
ঋদ্ধির এবারের সফরের প্রধান উদ্দেশ্য ছিল এখানকার শিল্পীদের নিয়ে গানের কর্মশালা পরিচালনা করা। সংগীত সংগঠন রক্তকরবীর আয়োজনে রজনীকান্ত, অতুলপ্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গানের ওপর এই কর্মশালা শুরু হয় গত ২১ এপ্রিল। শেষ দিন গত ২৩ এপ্রিল সন্ধ্যায় ছিল অংশগ্রহণকারীদের সনদ বিতরণ ও গানের আসর।
ভারতের কলকাতায় রয়েছে ঋদ্ধির সংগীত শিক্ষার সংগঠন স্টেপ ফর মিউজিক। শিল্পী তৈরির পাশাপাশি এই সংগঠনের পক্ষ থেকে সম্ভাবনাময় নবীন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য মঞ্জুশ্রী স্মৃতি পদকও দেওয়া হচ্ছে বেশ কয়েক বছর ধরে। এত দিন সীমান্তের অপর পারের শিল্পীরা এই পুরস্কার পেলেও এবার পেলেন চট্টগ্রামের মেয়ে পূরবী বড়ুয়া। অনুষ্ঠানের এক ফাঁকে রক্তকরবীর এই শিল্পীর হাতে এই পদক তুলে দেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
তিন দিনের কর্মশালায় অংশ নিয়েছিলেন ৪০ জন শিল্পী। অনুষ্ঠানের শুরুতে ছিল তাঁদেরই সমবেত পরিবেশনা। শিল্পীরা গাইলেন অতুল প্রসাদের ‘সে ডাকে আমারে’, রজনীকান্ত সেনের ‘প্রেমে জল হয়ে যাও’ ও দ্বিজেন্দ্রলালের ‘আমরা এমনি এসে ভেসে যাই’।
মাঝে মঞ্জুশ্রী পদক পাওয়া পূরবী শোনালেন, ‘সে কেন দেখা দিল রে’ ও ‘আজি তোমার কাছে’ শিরোনামে দুটি গান।
সবশেষে অনুষ্ঠানের ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় গাইলেন, ‘বেলা বয়ে যায়’, ‘সে কেন দেখা দিল রে’, ‘লুকিয়ে ভালোবাসব তারে’, ‘কে আবার বাজায় বাঁশি’ ও ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানগুলো। অনুষ্ঠানে তবলায় ছিলেন প্রণব ভট্টাচার্য, কিবোর্ডে সৃজন বড়ুয়া। সার্বিক পরিচালনায় ছিলেন ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন ও উদয় শঙ্কর দাশ।