ঋদ্ধির কণ্ঠে পঞ্চকবির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্তকরবী আয়োজিত গানের আসরে সংগীত পরিবেশন করেন ভারতের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় l সৌরভ দাশ
রক্তকরবী আয়োজিত গানের আসরে সংগীত পরিবেশন করেন ভারতের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় l সৌরভ দাশ

রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল আর অতুল প্রসাদ—এই পঞ্চ গীতিকবির গান নিয়ে ১৩ সেপ্টেম্বর তিন ঘণ্টার সংগীত আসর হয়ে গেল চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। রক্তকরবী আয়োজিত এই সংগীত আসরে শ্রোতাদের মুগ্ধতায় ভাসালেন ভারতের পশ্চিমবঙ্গের ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল রক্তকরবীর শিল্পীদের গান ও উদয় শংকর দাশের আবৃত্তি।
সন্ধ্যা সাড়ে ছয়টায় আসরের শুরুতে ছিল রক্তকরবীর শিল্পীদের গাওয়া গান। কখনো একক কখনো সমবেতভাবে শিল্পীরা গাইলেন ‘আমরা এমনি এসে ভেসে যাই’, ‘আজি তোমার দ্বারে ভাসিয়া গেল’ ‘যাব না যাব না, যাব না ঘরে’সহ পঞ্চ গীতিকবির বেশ কয়েকটি গান।
রক্তকরবীর পরিবেশনার মাঝামাঝি আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের উপস্থাপনায় বক্তব্য দেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা।
এরপর মঞ্চে এলেন পঞ্চকবির গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া পশ্চিমবঙ্গের ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
রবীন্দ্রনাথের ‘জাগরণে যায় বিভাবরী’ দিয়ে শুরু করে একে একে শোনালেন অতুল প্রসাদের ‘যাব না যাব না’, রজনীকান্তের ‘আমি অকৃতি অধম’, নজরুলের ‘শ্রাবণ মেঘে নাচে নটবর’, দ্বিজেন্দ্রলালের ‘সে কেন দেখা দিল রে’সহ বেশ কিছু গান। সবশেষে বাংলা ও সংস্কৃত দুই ভাষায় গাইলেন ‘ধনধান্য পুষ্পভরা’। তাঁর সঙ্গে কণ্ঠ মেলালেন রক্তকরবী শিক্ষিকা ও সংগীতশিল্পী শীলা মোমেন। আসরজুড়ে ঋদ্ধির গানের সঙ্গে সঙ্গে বাংলা গানের পঞ্চ ভাস্করের রচনা ও তাঁদের জীবনের টুকরো আলেখ্য পাঠ করলেন উদয় শংকর দাশ।