এ ই ন গ রে - দূ র গ্রা মে
পোর্ট্রেটের আলোকচিত্র প্রতিযোগিতার লোগো উন্মোচন
সাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেটের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘লুক বাংলাদেশ থ্রো দ্য লেন্স’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা। ১৮ নভেম্বর নগরের থিয়েটার ইনস্টিটিউটে এ প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম, বিএনএর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, আলোকচিত্র সাংবাদিক দেব প্রসাদ দাস, শোয়েব ফারুকী ও চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক বাসব শীল। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। বিজ্ঞপ্তি।

মহিউদ্দিন চৌধুরীকে সংবাদপত্র এজেন্ট সমিতির অভিনন্দন
এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম জেলা সংবাদপত্র এজেন্ট সমিতির নেতারা তাঁকে অভিনন্দন জানান।
সম্প্রতি এজেন্ট সমিতির নেতারা মহিউদ্দিনের চশমা পাহাড়ে অবস্থিত বাসভবনে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির পক্ষে মো. ইসহাক, মো. ইব্রাহিম, মো. আবদুল মালেক, আল হারুন অর রশিদ, নজরুল ইসলাম, আবদুল মান্নান, আবদুল খালেক, বোরহান উদ্দিন ও মো. শাহজান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর
ডা. জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নগরের ফিরিঙ্গি বাজারের ক্যাম্পাসে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম এ ফলক উন্মোচন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নুরুল আমিন। বক্তব্য দেন স্থানীয় কাউন্সিলর জহিরুল আলম দোভাষ, লুৎফুন্নেছা দোভাষ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাশেদা বেগম, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য আবদুল করিম প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশন এ কলেজ পরিচালনা করে। করপোরেশনের দেওয়া প্রায় ১৫ শতক জায়গার ওপর কলেজের নয়তলা ভবন নির্মাণ করা হবে। এ জন্য প্রায় এক কোটি টাকা ব্যয় করছে করপোরেশন।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কমিটি গঠিত
জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন চট্টগ্রাম মহানগরের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ২০ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ইমরান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে ইকবাল হাসান ও মুহাম্মদ মহসীন যৌথভাবে নির্বাচিত হন। কমিটির সহসভাপতি পদে সাইফুল্লাহ, মুহাইমিনুল ইসলাম, রিফাত হোসেনসহ ১০ জনকে নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইদ্রিস, দপ্তর সম্পাদক এম এ শওকত হাসান, অর্থ সম্পাদক আবদুর রহমান, প্রচার সম্পাদক মুহাম্মদ হারুন উর রশিদ ও আইনবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল। বিজ্ঞপ্তি।
ফটিকছড়িতে ডা. ফিরোজের স্মরণসভা
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের সংগঠক ডা. মো. ফিরোজের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ৮ নভেম্বর বিকেলে সংগঠনের নাজিরহাট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রায়হান উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন এ এস এম মিনহাজুল ইসলাম, রফিকুল ইসলাম, এম ফয়জুল ইসলাম, শহিদুল আলম, সৈয়দ শফিউল আজিম, মো. বেলাল উদ্দিন, সৈয়দ গোফরান ফরহাদ, নাজমুল হাসান প্রমুখ। সভার শুরুতে প্রয়াত ডা. ফিরোজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি।
জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে আলোচনা ও দুস্থসেবা কর্মসূচি ১৬ নভেম্বর আশ্রম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৫০ ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। এ ছাড়া, চার শতাধিক দুস্থ ও গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক জামাল আহমদ সিকদার, এম আলী শিকদার, অধ্যাপক মীর মো. তরিকুল আলম ও সাহেদ আলী চৌধুরী। বক্তব্য দেন সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি বরুন কুমার আচার্য। অনুষ্ঠান শেষে স্থানীয় ২০০ দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। —ফটিকছড়ি প্রতিনিধি

তারেক রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখা। কর্মসূচির মধ্যে ছিল মিলাদ ও দোয়া মাহফিল এবং শোভাযাত্রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম, শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আলী, সহসভাপতি মো. জসিম উদ্দিন, সনৎ তালুকদার, আতিকুর রহমান, মো. হাসেম, ফরিদ উল হক, মো. সিরাজউদ্দৌলাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।
আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাতরী শাখা উদ্বোধন
আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাতরী শাখা ১৬ নভেম্বর উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ২৮৫তম শাখা।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির সভাপতি মো. ইসকান্দর আলী খান। বিশেষ অতিথি ছিলেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরু, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, প্রদীপ রায়, প্রকৃতি রঞ্জন দত্ত ও মোমেনা আক্তার। ধন্যবাদ জানান শাখা ব্যবস্থাপক মোহাম্মদ এমদাদুল হক। —আনোয়ারা প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস)। ১৪ নভেম্বর ইছাখালী গণমিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় ১০০ জন কৃষক অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএসের উপজেলা সমন্বয়কারী তাজ উদ্দীন আহমদ। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান হাফিজ।
কর্মশালায় সবজিচাষে পর্যাপ্ত সার ব্যবহার করে কীভাবে ভালো ফলন পাওয়া যাবে সে পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ভারমি (কোঁচো) কম্পোস্ট সার ব্যবহারেও কৃষকদের ধারণা দেওয়া হয়।
—রাঙ্গুনিয়া সংবাদদাতা
কাল লালদীঘি ময়দানে গাউছুল আজম কনফারেন্স
আগামীকাল সোমবার বিকেলে নগরের লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে এক আজিমুশশান গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ৯ নভেম্বর সন্ধ্যায় হাজারী লেনের খানকা শরিফ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সহিদুল করিম চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মুহাম্মদ ফোরকান মিয়া।
সভায় গাউছুল আজম কনফারেন্স সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি।
রাহাতিয়া দরবারের ওরস সম্পন্ন
রাঙ্গুনিয়ার রাহাতিয়া নূরীয়া নক্সবন্দীয়া দরবারের সেবামূলক সংগঠন আন্জুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ্ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সৈয়দ মাওলানা নুরুচ্ছফা নঈমী ও মাওলানা খাইরুল বশর নঈমীর বার্ষিক ওরস ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশ্রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা এরশাহ আহমদ আল্-বুখারী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা অছিয়র রহমান আলকাদেরী ও আমিনুল হক আলকাদেরী। বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আলকাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দিন নঈমী, মাওলানা নাজমুল হোসাইন নঈমী, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ মুরাদ উল্লাহ নঈমী প্রমুখ। মাহফিল শেষে তবাররুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
ও আর নিজাম ক্রিকেট ফেস্টে চিটাগাং পাইরেটসের শিরোপা
চিটাগাং উইকএন্ড ক্রিকেট ক্লাব আয়োজিত ও আর নিজাম ক্রিকেট ফেস্টের প্রথম আসরের শিরোপা জিতেছে পাইরেটস অব চিটাগাং।
১৬ নভেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কন্টিনেন্টাল গ্রুপের ক্রিকেট টিম পাইরেটস অব চিটাগাং ৩ উইকেটে বারকোড ক্যাফেকে পরাজিত করে।
তিন দিনের এই টুর্নামেন্টের প্লেট পর্বে চিটাগাং ক্লাব এবং বল পর্বে চ্যাম্পিয়ন হয় ডিবিএল গ্রুপ। এ ছাড়া কনসোলেশন পর্বে চ্যাম্পিয়ন হয়েছে এফএমসি গ্রুপ।
রাতে নগরের একটি সামাজিক কেন্দ্রে পুরস্কার বিতরণ করা হয়। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রামের ক্রিকেট অঙ্গনে অবদানের জন্য সাবেক ক্রিকেটার রঞ্জন সিংহ, জামাল উদ্দিন ও আজিজুল আলমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান সুলতানুল আবেদিন চৌধুরী, টুর্নামেন্টের উদ্যোক্তা ওয়ালিউল আবেদিন, ফজলে আহসান খান, আবুল হাশেম, মোসলেহউদ্দিন আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার শহীদুর রহমান, নুরুল আবেদিন নোবেল ও ফজলে বারী খান। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুল আলম। ১৪ নভেম্বর আট দলের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। বিজ্ঞপ্তি।
রাউজান কল্পতরু সংঘের রাসমহোৎসব
রাউজান কল্পতরু সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী রাস মহোৎসব ১৬ ও ১৭ নভেম্বর কল্পতরু রাস মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উৎসবের কর্মসূচির মধ্যে ছিল গীতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্ম সম্মেলন, কীর্তন ও মহানামযজ্ঞ। কল্পতরু সংঘের প্রধান উপদেষ্টা সুনীল শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুলাল বৈদ্য।
প্রধান আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মুখ্য আলোচক ছিলেন ডা. সুনীল কান্তি বিশ্বাস। অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম, ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল মিয়া, হরিদাস গোস্বামী, জিয়াউর রহমান, রাজীব বিশ্বাস, বাদল দে প্রমুখ।
—রাউজান সংবাদদাতা