এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব চিটাগাং মিডটাউনের অভিষেক
রোটারি ক্লাব অব চিটাগাং মিডটাউনের ২৯তম অভিষেক অনুষ্ঠান গত ২২ নভেম্বর ষোলশহরের এলজিইডি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন সুফি মিজানুর রহমান, আমিনুজ্জামান ভূঁইয়া, জেড এস এম বক্তেয়ার প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি লোকমান হোসেন নতুন সভাপতি কামালুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধী ভাস্কর আচার্যকেও সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে। বিজ্ঞপ্তি।

কাপ্তাইয়ের জীবতলীতে শীতবস্ত্র বিতরণ
কাপ্তাই উপজেলার দুর্গম জীবতলীতে জেলা নৌ স্কাউটসের উদ্যোগে ১ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন গোলাম সাদেক। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নজরুল ইসলাম ও কাপ্তাই বিএন উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী।
কাপ্তাই জেলা নৌ স্কাউটস লিডার মো. জাহাঙ্গীর আলম বলেন, নৌ স্কাউটসের উদ্যোগে প্রতিবছর পিছিয়ে পড়া এলাকায় বসবাস করা লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
—কাপ্তাই প্রতিনিধি

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ
ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে পাঁচ হিন্দু বাড়িতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ ডিসেম্বর বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ভূজপুর থানা শাখার উদ্যোগে বিতরণ করা এসব ত্রাণের মধ্যে রয়েছে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তরুণ কিশোর দেব, সাধারণ সম্পাদক সঞ্জয় দে, সাবেক সভাপতি মৃদুল দেব নাথ, ডা. বিপুল চন্দ্র রায়, কাঞ্চন বড়ুয়া, মানস চক্রবর্তী, নির্মল ভট্টাচার্য, কেশব কুমার দে, প্রিয় রঞ্জন চক্রবর্তী, লিংকন চক্রবর্তী, সুমন কিশোর নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি।

চেম্বার সভাপতির সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশে শিক্ষানবিস (ইনটার্নশিপ) কার্যক্রমে আসা চার সদস্যবিশিষ্ট জাপানি প্রতিনিধিদল ৪ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে দেখা করেন। জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) কর্মকর্তা ইয়েকো মাতসুজাকি। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম এওটিএস অ্যালুমনি সোসাইটির সভাপতি মোহাম্মদ ফিরোজ শাহ ও জেটরো ঢাকার ব্যবস্থাপক শেখ মো. শরিফুল আলম।
জাপানি শিক্ষানবিসদের স্বাগত জানিয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘আর্থিক খাতে সার্ভিস মার্কেটিংয়ের ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালা সম্প্রতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সরওয়ার জাহান। মুখ্য আলোচক ছিলেন আইডিএলসি ফিন্যান্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, বাংলাদেশের আর্থিক খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিপণনের জন্য দক্ষ জনবল প্রয়োজন।
কর্মশালায় ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি কর্মশালায় অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি।

লিবাজ ও এক্সিওম সফটওয়্যারের মধ্যে চুক্তি সম্পাদন
চট্টগ্রামের পাঞ্জাবির ব্র্যান্ড লিবাজ সম্প্রতি তাদের বাণিজ্যিক কার্যক্রম প্রসারের লক্ষে আইটি প্রতিষ্ঠান এক্সিওম সফটওয়্যার টেকনোলজিস লিমিটেডের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি সই করে।
চুক্তি সম্পর্কে লিবাজের কর্ণধার হুমায়ুন কবির নূর জানান, ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় রেখে লিবাজের বাণিজ্যিক শো-রুমগুলোতে নতুন সফটওয়্যার চালু করা হচ্ছে। এ কাজে সহায়তা করছে এক্সিওম সফটওয়্যার টেকনোলজিস লিমিটেড।
চুক্তি স্বাক্ষরের সময় এক্সিওমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সিইও মো. আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।

সংকেত খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠিত
খেলাঘর আসরের পটিয়া কেলিশহর শাখা সংকেত খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন উপলক্ষে এক সভা ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। পুলক কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উপদেষ্টা অজিত মিত্র। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার সহসভাপতি ওসমান গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক ভগিরথ দাশ। আলোচনায় অংশ নেন সাধন দাশ, আলী আকবর, মিলন দে, জনি দাশ, রূপক কান্তি দাশ, রনি দে, ইমন তালুকদার, রবিউল ইসলাম এবং সুমন দেব।
সভায় আগামী বছর জানুয়ারি মাসে সংকেত খেলাঘর আসরের সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলন সফল করার লক্ষ্যে প্রদীপ দেবকে চেয়ারম্যান ও আলী আকবরকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ান
প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম জেলা শাখা দুস্থ ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে যাঁরা বন্ধুসভার সঙ্গে থাকতে চান, তাঁদের নতুন-পুরোনো (ছেঁড়া নয়) শীতবস্ত্র, কম্বল বা নগদ টাকা প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে বন্ধুসভার কক্ষে এসে জমা দিতে অনুরোধ করা হয়েছে। ঠিকানা: প্রথম আলো, চট্টগ্রাম অফিস, এএস টাওয়ার, হিলভিউ, পাঁচলাইশ, চট্টগ্রাম। বিস্তারিত ফোনে (২৫৫৮২৯০-২) জানা যাবে। বিজ্ঞপ্তি।

ফেনী প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন
ফেনী প্রেসক্লাবের নির্বাচন ৫ ডিসেম্বর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
এতে বখতেয়ার ইসলাম সভাপতি ও শওকত মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, সহসাধারণ সম্পাদক পদে দিলদার হোসেন ও কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ আবু তাহের ভূঞা নির্বাচিত হয়েছেন।
এর আগে সহসভাপতি পদে কাজী মুহম্মদ হোসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে শেখ ফরিদ উদ্দিন আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুহাম্মদ আরিফুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতে নির্বাচন কমিশনার ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন খান।—নিজস্ব প্রতিবেদক, ফেনী