এ ই ন গ রে - দূ র গ্রা মে
ইম্পেরিয়াল স্কুল ও কলেজে শিশুমেলা ১৫ ডিসেম্বর
ইম্পেরিয়াল স্কুল ও কলেজে শিশুমেলা ১৫ ডিসেম্বর মেহেদীবাগের স্কুল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শুরু হবে। দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করবেন লায়নস জেলা গভর্নর এস এম শামসুদ্দিন। এতে থাকবে শিশুদের নাচ, গান, জাদু প্রদর্শনী ও সাপখেলা। এ ছাড়া নানা স্বাদের খাবার, খেলনা ও পোশাকের স্টলও থাকবে। বিজ্ঞপ্তি।
মিউনিসিপ্যাল স্কুল ও কলেজে পুনর্মিলনী অনুষ্ঠান ২০ ডিসেম্বর
চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের ২০০৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান ২০ ডিসেম্বর বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্কুল মিলনায়তনে প্রস্তুতি সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র কমিটির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন। সভায় প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে কেক কাটা হয়। বিজ্ঞপ্তি।
অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের নাগরিক স্মরণসভা
শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল গত ২৯ নভেম্বর চেরাগী পাহাড় এলাকার মাওলানা ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। প্রজন্ম চট্টগ্রামের উদ্যোগে এতে আলোচকেরা গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষা বিস্তার ও মুক্তবুদ্ধির চর্চায় প্রয়াত মোহাম্মদ হোসেন খানের অবদান স্মরণ করেন।
সংগঠনের চেয়ারম্যান মো. আবুল কাসেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। প্রধান আলোচক ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, রাজনীতিক মুহাম্মদ আশরাফ খান, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ রিতা দত্ত, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, নাগরিক স্মরণসভা কমিটির সদস্যসচিব কাজী সাহাদাত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।

কর্মশালায় সৈয়দ শামসুল হক
এ দেশের মঞ্চনাটক সমাদৃত হচ্ছে বিশ্বজুড়ে
‘এ দেশের মঞ্চনাটক বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। তরুণদের উচিত এই শিল্পমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হওয়া। কারণ মঞ্চেই সাম্প্রতিক সময়কে প্রতিফলিত করা সম্ভব।’
তির্যক নাট্যদল আয়োজিত তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নবীন নাট্যকর্মীদের উদ্দেশে এ কথা বলেন নাট্যকার ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ৭ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তির্যকের কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। উল্লেখ্য, তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিওর আয়োজনে প্রতিবছর দুইবার নবীন নাট্যকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ বছর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে গত ১ নভেম্বর থেকে। বিজ্ঞপ্তি।

খাদ্যনিরাপত্তা নিয়ে কারিতাসের সভা
‘সুবিধাবঞ্চিত মানুষের প্রতি ন্যায্য পাওনা প্রদানের মাধ্যমেই বিশ্বে ক্ষুধা ও দারিদ্র্য হ্রাস করা সম্ভব। একজন ক্ষুধার্তকে নিজের সঞ্চয় থেকে দান করাই হচ্ছে সৃষ্টিকর্তাকে দান করা। এতে সমাজের মঙ্গল নিহিত আছে।’
কারিতাস আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। খাদ্যনিরাপত্তা ও ক্ষুধা সমস্যার সমাধানে মানুষকে দায়িত্বশীল ও সচেতন করতে বিশ্বব্যাপী পরিচালিত অভিযানের অংশ হিসেবে ‘কারিতাস’ এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রামের ক্যাথিড্রাল ধর্মপল্লীর পুরোহিত ফাদার লেনার্ড রিবেরু। সভার স্লোগান ছিল ‘একই মানব পরিবার, সবার জন্য খাদ্য’। এ অভিযানের লক্ষ্য, উদ্দেশ্য ও বিষয়ের তাৎপর্য তুলে ধরেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ।
সভায় বক্তারা খাবার অপচয়ের মাত্রা কমানোর ওপর গুরুত্বারোপ করেন। সভায় ‘খাদ্যনিরাপত্তা ও ক্ষুধা সমস্যা নিবারণ’ শীর্ষক একটি তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।
পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে ২৯৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কমিটির সভা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরল আনোয়ার। সভায় বিশ্ববিদ্যালয়ের ফল ২০১৩ সেশনের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা এবং ২০ ডিসেম্বর থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ কে এম এনামুল হক শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া ফল ২০১৩ সেশনে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধাবী, মুক্তিযোদ্ধা, দরিদ্র, উপজাতিসহ বিভিন্ন কোটায় ২৯৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক এম মজিবুর রহমান, মো. জাকির হোসেন, এহসানুল হক, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফজল আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০১৪ সেশনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৯টি বিভাগের অধীনে ১৯টি বিষয়ে ভর্তি কার্যক্রম ২৪ডিসেম্বর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে আগামী ১০ জানুয়ারি। বিজ্ঞপ্তি।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ ও জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ১০ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী সেতারা গাফফারের সভাপতিত্বে ও অধ্যাপক এম এন আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট ফয়জুর রহমান চৌধুরী, অধ্যক্ষ সানাউল্লাহ, মেহের আলী চৌধুরী, মুসা বাদশা, ইফতেখার হোসেন, সায়মা হক, সাইফুল আলম খান, শহীদুল কাদের চৌধুরী, লুৎফুন নাহার, কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।
এশিয়ান মানবাধিকার মিশন চট্টগ্রাম জেলা কমিটি গঠন
এশিয়ান মানবাধিকার মিশনের এক সভা ৮ ডিসেম্বর সংগঠনের চেয়ারম্যান আহমেদ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে এশিয়ান মানবাধিকার মিশনের চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
এতে মনজুর মোর্শেদকে সভাপতি ও মো. শফিউল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।