এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন সমাজ গঠনে এগিয়ে আসতে হবে’

বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিন অহংকার-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ফরহান আহমেদ। সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি ফারুক ইসলাম। বক্তব্য দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপপরিবেশবিষয়ক সম্পাদক আবদুর রহিম, উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদুজ্জামান, ছাত্রনেতা তাজুল ইসলাম, ইকবাল হোসেন, নাজিম উদ্দিন, কাজী মোহাম্মদ, নুর মোহাম্মদ, তানভীর আহম্মেদ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এ জন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। বিজ্ঞপ্তি।

সম্মিলিত আবৃত্তি জোটের নির্বাচন

সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম-এর নির্বাচন ৭ জানুয়ারি চেরাগী পাহাড়স্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে জোটভুক্ত সংগঠনগুলো অংশ নেয়। নির্বাচিত নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাশেদ রউফ। এতে বোধন আবৃত্তি পরিষদের রণজিৎ রক্ষিত সভাপতি ও উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের অঞ্চল চৌধুরী, শৈশবের মিলি চৌধুরী ও শব্দনোঙ্গরের হাসান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তধ্বণির মছরুর হোসেন, সাংগঠনিক সম্পাদক ত্রিতরঙ্গের দেবাশীষ রুদ্র, অর্থ সম্পাদক তারুণ্যের উচ্ছ্বাসের মো. মুজাহিদুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের কণা দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অঙ্গনের ইউসুফ হাসান এবং তথ্য ও দপ্তর সম্পাদক বর্ণ আবৃত্তি পাঠশালার সাইদুল করিম। বিজ্ঞপ্তি।

কাজেম আলী স্কুল ও কলেজে পাঠ্যবই বিতরণ

নগরের কাজেম আলী স্কুল এন্ড কলেজে পাঠ্যবই বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় সহস্রাধিক বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। এ সময় তিনি বলেন, বছরের শুরুতে বিনা মূল্যে বই পাওয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। এ ছাড়া বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহণ করে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন দাতা সদস্য মোহাম্মদ সেকান্দর, অভিভাবক সদস্য আয়ুব আলী চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক শামসুল হুদা, সিনিয়র শিক্ষক সুকুমার রঞ্জন দাস। শিক্ষার্থীরা বিনা মূল্যে নতুন পাঠ্যবই পেয়ে অনেক বেশি অনুপ্রাণিত ও শিক্ষা অর্জনে মনোযোগী হবে বলে জানায়। বিজ্ঞপ্তি।

বার্জার পেইন্টসের ডায়মন্ডের ঝলক কর্মসূচির পুরস্কার বিতরণ

বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের ‘ডায়মন্ডের ঝলক’ কর্মসূচিতে চট্টগ্রাম অঞ্চলের মেসার্স শাহীন ট্রেডার্সের (নাজিরহাট) স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন জিতেছেন দ্বিতীয় পুরস্কার মোটর সাইকেল। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন বার্জার পেইন্টসের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

প্রোজ্জ্বলের পিঠা উৎসব

সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন প্রোজ্জ্বলের উদ্যোগে পিঠা উৎসব ৩ জানুয়ারি বিকেলে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার মসজিদ মার্কেটের সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় পিঠা প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর রেখা আলম চৌধুরী। সংগঠনের সভাপতি মো. মযহারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ডেইজি মওদুদ ও ফ্যাশন ডিজাইনার আইভি হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব কমিটির আহ্বায়ক খায়রুল আলম। বিজ্ঞপ্তি

ত্রিতরঙ্গের শীতবস্ত্র বিতরণ

শীতার্ত শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে কর্মসূচির মধ্য দিয়ে এবার ইংরেজি নববর্ষকে বরণ করে নিয়েছে শিল্প, সংস্কৃতি ও জনকল্যাণ সংস্থা ত্রিতরঙ্গ। কর্মসূচির উদ্বোধন করেন সাংবাদিক জহুরুল ইসলাম। এতে অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাব্বি মিয়া, ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাওন পান্থ, চিকিৎসক আকতার হোসেন চৌধুরী, ফোর এইচ গ্রুপের পরিচালক শহীদুল ইসলাম, কমরে আলম, মাহবুব উল আলম, সুবর্ণা রহমান, জুবিলি রহমান ও নাসিমা আকতার। কর্মসূচির প্রথম দিনে ত্রিতরঙ্গ পরিচালিত পথশিশু শিক্ষা কেন্দ্র এবং নাসিরাবাদ এলাকার বিভিন্ন বস্তির শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দ্বিতীয় পর্বে শাওন পান্থের সভাপতিত্বে বর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাব্বি মিয়া। এতে গান গেয়ে শোনান সুবর্ণা রহমান, নাসিমা আখতার, জুবিলি রহমান, নুসরাত ইয়াসমিন, মনোয়ার হোসেন, মো. সোহেল পলি পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিগার সুলতানা। বিজ্ঞপ্তি।

কুলটেক ও আরএফ বিল্ডার্সের মধ্যে চুক্তি সই

সরবরাহকারী প্রতিষ্ঠান কুলটেক করপোরেশন ও নির্মাণ সংস্থা আরএফ বিল্ডার্স লিমিটেডের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এয়ারকন্ডিশনার) সরবরাহের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কক্সবাজারের আরএফ ওয়ার্ল্ড বিচ প্রকল্পের জন্য কুলটেক করপোরেশন আরএফ সংস্থাকে ‘কুলটেক’ ব্র্যান্ডের ৪০০ টন এয়ারকন্ডিশনার সরবরাহ করবে।

সম্প্রতি চট্টগ্রাম নগরের নাসিরাবাদ আবাসিক এলাকায় আরএফ বিল্ডার্স লিমিটেডের করপোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুলটেকের পক্ষে স্বত্বাধিকারী মো. ওমর ফারুক ও আরএফ বিল্ডার্সের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন। এতে উপস্থিত ছিলেন আরএফ বিল্ডার্সের চেয়ারম্যান আহমদ শফিক এবং কুলটেক করপোরেশনের মহাব্যবস্থাপক হেলাল উদ্দিন, বিপণন ব্যবস্থাপক মো. সাদেক হোসেন, সহকারী ব্যবস্থাপক ইউনুস মিয়া, হাসান জিমান প্রমুখ। বিজ্ঞপ্তি।

এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়ে বই বিতরণ

এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মধ্যে বই বিতরণ কর্মসূচি ২ জানুয়ারি সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি মজুমদার, পরিচালনা পরিষদের সদস্য আবদুল হালিম দোভাষ, আবিদ হোসেন, অঞ্চল চৌধুরী, নিপা চৌধুরী, সঞ্চিতা মজুমদার, প্রভা রায়, আ ন ম নূরুল আনোয়ার, রত্না চক্রবর্তী, স্মৃতি চক্রবর্তী, তাসলিমা জামান, জাহিদা পারভীন, করিমুন্নেছা, শিল্পী দে প্রমুখ। বিজ্ঞপ্তি।

চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

দুর্নীতি দমন কমিশন সারা দেশে দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করেছে। নবগঠিত চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হয়েছেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও সাধারণ সম্পাদক এম এ আজাদ ফিরোজ।

১৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও আবুল বসর চৌধুরী, সদস্য জেসমিন সুলতান, বৃজেদ ডায়েস, সৈয়দ খোরশেদ আলম, মাহবুব উল আলম, জাহেদা আক্তার, আক্তার হোসাইন চৌধুরী, ফাতেমা জেবুন্নেছা, মোহাম্মদ রুহুল আমিন ও খালেদুজ্জামান। বিজ্ঞপ্তি।

অগ্নিদুর্গতদের পাশে খুলশী বন্ধুসভা

নগরের ঝাউতলা আমবাগান বস্তির অগ্নিদুর্গতদের মধ্যে ৬ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করেছে প্রথম আলো খুলশী বন্ধুসভার সদস্যরা। এই সময় দুর্গতদের হাতে শীত বস্ত্র তুলে দেন খুলশী বন্ধুসভার আহ্বায়ক এম এইচ স্বপন, সমন্বয়ক হারুন অর রশিদ, সাবেক যুগ্নসম্পাদক মো. দিদারুল ইসলাম, অর্থসম্পাদক কবির আহামেদ, পরিবেশবিষয়ক সম্পাদক আহাদুল ইসলাম, রহম আলি, মোশারফ হোসেন, এস এম সাইমুন, ফাতেমা আক্তার প্রমুখ। এরপর নগরের গরীব উল্ল্যা শাহ মাজার ও রেলওয়ে স্টেশন এলাকার ছিন্নমূল শীতার্ত মানুষজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।

মহেশখালীতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার দুপুরে এলাকার শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের শীতবস্ত্রগুলো দুস্থ ব্যক্তিদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কালারমারছড়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির কাসেম চৌধুরী ও উপজেলা প্রবীণ কমিটির সভাপতি মাহমুদুল হক। উল্লেখ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৭০৩টি শীতবস্ত্র (কম্বল) বরাদ্দ দেওয়া হয়।—মহেশখালী প্রতিনিধি