এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদরঘাট আ.লীগের নতুন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়
নবগঠিত সদরঘাট থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরীর বাসায় সম্প্রতি এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিমুল হুদা, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ সফিউর রহমান, আহম্মেদুর রহমান, ওয়ার্ড যুবলীগ নেতা নুরুল আবছার প্রমুখ। বিজ্ঞপ্তি।

ফেনীতে সেরা করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা
ফেনীতে সেরা করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা

ফেনীতে দুই দিনব্যাপী আয়কর মেলা
ফেনীতে দুই দিনের আয়কর মেলা শহরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত বুধ ও বৃহস্পতিবার আয়োজিত মেলার প্রথম দিন জেলার সেরা পাঁচজন করদাতাকে সম্মাননা জানানো হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (সার্কেল-৮) মিজানুর রহমান সরদার। কর পরিদর্শক শিপনচন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল রকিব কাজমি। বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হারুন ও জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সেরা করদাতা মাহবুবুল হক, কবির আহম্মদ খান, মাহমুদুল হক, আবদুর রহমান ও কে বি এম জাহাঙ্গীর আলমকে সম্মাননা জানানো হয়।
মেলায় ফেনীর তিনটি আয়কর সার্কেলের ৫৬০ জন করদাতা তাঁদের আয়কর বিবরণী জমা দিয়েছেন।
—নিজস্ব প্রতিবেদক, ফেনী

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অক্টোবরে
জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মহানগর শাখা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে। নিবন্ধনের জন্য বিস্তারিত জানতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ফোনে (০১৭৪২৬৮০০৫৮) যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

বাঁশখালীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা
পশ্চিম বাঁশখালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ সংগ্রাম পরিষদের উদ্যোগে আলোচনা সভা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক নেজাম উদ্দিন। সভায় বক্তব্য দেন শেখের খীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম, গন্ডামারা ইউপির চেয়ারম্যান আরিফুল্লাহ, ইফতেখার হোসেন মহসিন, আবদুস সালাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে প্রেমাশিয়া থেকে ছনুয়া পর্যন্ত সিসি ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

হোটেল আগ্রাবাদ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও বিচারকেরা
হোটেল আগ্রাবাদ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও বিচারকেরা

পর্যটন দিবস উপলক্ষে হোটেল আগ্রাবাদে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর বিকেলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মো. জসিমউদ্দিন ও মো. আলপ্তগীন। ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।
এ ছাড়া পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে খাদ্য উৎসব। একই দিন সকালে দিবসটির তাৎপর্য তুলে ধরতে হোটেল কর্তৃপক্ষ একটি শোভাযাত্রাও বের করবে। বিজ্ঞপ্তি।

চলচ্চিত্র নির্মাণ কর্মশালার নিবন্ধন চলছে
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হবে আগামী ৪ অক্টোবর। চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে ৪, ৫, ২৪, ২৫ ও ২৬ অক্টোবর তাত্ত্বিক ও ব্যবহারিক দিকগুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিরা ৩৪, বৌদ্ধমন্দির সড়ক (চতুর্থ তলা), নন্দনকাননে অবস্থিত চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের কার্যালয়ে প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত ফোনে (০১৭১৫-৫৫৪১৩৮৩ ও ০১৮১২-৩৭৭১১) জানা যাবে।

শোভনদণ্ডীতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ
পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর শোভনদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শফিকুর রহমান। বক্তব্য দেন শিক্ষিকা ছায়া চক্রবর্তী, প্রশিক্ষক সরওয়ার কামাল, ইউনিয়ন পরিষদ সদস্য আবদুস সাত্তার, ব্যাটালিয়ন আনসার (মনিটরিং) আবুল কাশেম, কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন, ইউনিয়ন কমান্ডার অজিত চৌধুরী, দলনেতা হাসানুর রশিদ ও মিনু বিশ্বাস। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানী ভাতা বিতরণ করেন। বিজ্ঞপ্তি।

জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ
উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে জামায়াত-শিবিরের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে এক সমাবেশ ১৯ সেপ্টেম্বর কদমতলী চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইলিয়াছের সভাপতিত্বে ও আবদুল ওয়াহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা মো. ওহিদুর রহমান ও মো. নাছির উদ্দিন। বক্তব্য দেন মো. হাসান, সৈয়দ নূর, রাশেদ কামাল, মো. আবদুর রাজ্জাক, মো. রহিম দাদ খান, ওয়াহিদুল আজিম, রকিবুল ইসলাম, মো. শাহাবউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।