এ ই ন গ রে - দূ র গ্রা মে
আসলাম স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
রাউজানের আসলাম স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত চতুর্থ শ্রেণীর ১১তম বৃত্তি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল, ১৪ জন এ গ্রেড, ১১ জন ইউনিয়ন কোটা ও ১৩ জন বিশেষ বিবেচনায় বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা আসলাম স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছানো হয়েছে।
১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ফাউন্ডেশন চত্বরে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ বিতরণ করা হবে। এতে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
সিইউডিএসের কমিটি ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) বার্ষিক সাধারণ সভা সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিইউডিএসের মডারেটর অধ্যাপক মাহবুবুল হক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ও আইন বিভাগের প্রভাষক সায়ীদ আহসান।
মাহবুবুল হক বলেন, ‘তরুণেরাই যুগের দাবি মেটাতে পারে। তাই আমরা আশা করি, আজকের ঘোষিত কমিটির তরুণেরাই সিইউডিএসকে সামনের দিনগুলোয় আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে।’
সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি মরিয়ম জাহান। এতে কাওসার মাহমুদ সভাপতি ও শাহরিয়ার আমিন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তি।

সৎসঙ্গ বিহার পরিদর্শনে নৌপরিবহনমন্ত্রী
নগরের বাকলিয়া সৎসঙ্গ বিহার পরিদর্শন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ উপলক্ষে গত ১৭ জানুয়ারি বিহার প্রাঙ্গণে এক ধর্মীয় সভা বিহারের চট্টগ্রাম শাখার সভাপতি ঋত্বিক জনার্দন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী চট্টগ্রামের সৎসঙ্গ বিহারসংলগ্ন কর্ণফুলী নদীর পাড়ে এক কিলোমিটার বেড়িবাঁধ ও ঘাট নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।
প্রকৌশলী সনৎ ঘোষের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন তিমির কান্তি সেন, বিপ্লব বিশ্বাস, চন্দন ভট্টাচার্য, হরিপদ দাশ, সঞ্জয় বিশ্বাস, নূপুর দত্ত, কৃষ্ণাশীষ দাশ, নারায়ণ দত্ত, শুভাশীষ দাশ প্রমুখ। পরে মন্ত্রী স্থানীয় দুস্থ লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি।

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের নতুন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান। স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে গত ২৫ জানুয়ারি প্রবর্তক ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান।
অনুষ্ঠানে স্পিকার ছিলেন নেসলে বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক সংগীতশিল্পী নকিব খান।
নকিব খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে তিনটি ধাপে এগিয়ে যেতে হবে। প্রথমটি হলো, তার স্বপ্ন থাকতে হবে। সে কোথায় গিয়ে নিজেকে দাঁড় করাবে, এর একটি পরিকল্পনা ও রুটিন ঠিক করা থাকবে। এরপর কাজের প্রতি হতে হবে আন্তরিক। অর্থাৎ, সে যে কাজ করবে, তা যেন নিষ্ঠার সঙ্গে করা হয়। সবশেষে কাজের ফলাফল ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টস প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর মহুয়া রশিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ আহমেদ, তাবাসুম চৌধুরী, সামিনা আফরিন, শারজিতা ইয়াসমিন ও শেহরীন আহমেদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নকিব খান ও সাঈদ আল নোমান গেয়ে শোনান জনপ্রিয় বেশ কিছু গান। শিক্ষার্থীদের পরিবেশনাও সবার নজর কাড়ে। বিজ্ঞপ্তি।
৫ ফেব্রুয়ারি হাফেজ দৌলত খানের বার্ষিক ওরস
শাহ সুফি হাফেজ দৌলত খানের (র.) ৩৪তম বার্ষিক ওরস ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ফটিকছড়ির হাইদচকিয়া দরবার শরিফে দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ, মিলাদ মাহফিল, মোনাজাত ও তবারক বিতরণ।
এতে সব ভক্ত অনুরাগীকে উপস্থিত থাকার জন্য শাহজাদা জাফর উল্লাহ খান অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আজকের প্রজন্মের রোডমার্চ
সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং মন্দিরসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে আজকের প্রজন্মের উদ্যোগে রোডমার্চ কর্মসূচি গত ২৪ জানুয়ারি পালিত হয়। নাজিরহাট শহীদ মানিক চত্বর থেকে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বোরহান আহমেদ। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে রোডমার্চ নাজিরহাট, ফটিকছড়ি সদর, গাড়িটানা, মানিকছড়ি জালিয়াপাড়া, মাটিরাঙা, গুইমারা ও মহালছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ির জিরো পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সেলিম জাহাঙ্গীর, এম মির্জা এসকান্দর, এম এন রহমতুল্লাহ, এম এন আলম আজাদ, রুবেল বিশ্বাস, ওমর ফারুক সিকদার, শেখ মুহাম্মদ রায়হান, শফিউদ্দিন, সুজন চক্রবর্তী, বুলবুল ঘোষ, মহিউদ্দিন সিকদার, মো. আমান উল্লাহ, নুরুল হুদা, মোরশেদ আমিন প্রমুখ। সভায় বক্তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। বিজ্ঞপ্তি।
রাঙ্গুনিয়ায় টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গুনিয়া ক্রিকেট একাডেমির আয়োজনে টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট গত ২৯ জানুয়ারি থেকে রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রাফি ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড টুরস একাডেমি।
রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র খলিলুর রহমান চৌধুরী। খেলা উদ্বোধন করেন রাফি ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড টুরসের স্বত্বাধিকারী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খালেদ। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালিউল্লা ও কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মুছা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি সামসুদ্দোহা সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বি কে লিটন চৌধুরী, মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম প্রমুখ।
লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় উদীয়মান ও কর্ডিয়াল ক্রিকেট একাডেমির মধ্যকার খেলায় উদীয়মান ক্রিকেট একাডেমি ৭৯ রানে জয়ী হয়। —রাঙ্গুনিয়া সংবাদদতা
স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে সাম্প্রদায়িকতাবিরোধী বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে সম্প্রতি সাম্প্রদায়িকতাবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের প্রবর্তক মোড়ে আয়োজিত সমাবেশ সভাপতিত্ব করেন লুৎফুর রহমান। বক্তব্য দেন আবদুল হান্নান, আনোয়ারুল ইসলাম, হাসান মুরাদ, মাসুদুর রহমান, সাইফুদ্দিন রহমান, জাকারুল হাসান চৌধুরী, রুমা আলম, সুমন দেবনাথ, সাজ্জাদ হোসেন, মাসুদ খান, সাখাওয়াত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জামায়াত-শিবির ১৯৭১ সালে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী গঠন করে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা এখনো বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। বিজ্ঞপ্তি।
চকরিয়ায় তামাক চাষ বন্ধে মতবিনিময় সভা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় তামাক চাষ বন্ধে চাষিদের সঙ্গে মতবিনিময় সভা গত ১৬ জানুয়ারি ভরামুহুরীর সচেতন নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা তামাকবিরোধী নারী জোট ও উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) এ সভার আয়োজন করে।
বেসরকারি উন্নয়ন সংস্থার উপজেলা সমন্বয় পরিষদের সমন্বয়ক মোহাম্মদ নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরীফ উদ্দিন চৌধুরী, পূর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মোহাম্মদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি এম আর মাহমুদ ও চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, তামাক চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে নীতিমালা তৈরি করতে হবে। —চকরিয়া প্রতিনিধি
সীতাকুণ্ডে এক্সিম ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
এক্সিম ব্যাংক সীতাকুণ্ড শাখার উদ্যোগে শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত সোমবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেট এলাকায় এক্সিম ব্যাংকের ওই শাখা থেকে ৩০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপক মো. আরফান আলী, সহকারী ব্যবস্থাপক হাফিজুর রহমান, ব্যবসায়ী মো. ইউনুছ, সালেহ জহুর প্রমুখ। বিজ্ঞপ্তি।
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণ-ঐক্য গড়ে তোলার আহ্বান
সাতকানিয়া-লোহাগাড়ার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণ-ঐক্য গড়ে তোলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ। তিনি দুর্বৃত্তদের হামলায় নিহত সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন যুবলীগের নেতা মো. আলমগীরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে এ আহ্বান জানান। মোছলেম উদ্দিন প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁর স্ত্রীর হাতে নগদ অর্থসাহায্য তুলে দেন। আলমগীরের প্রকৃত খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোনাফ প্রমুখ। বিজ্ঞপ্তি।
ঢাকা ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ
ঢাকা ব্যাংকের উদ্যোগে কক্সবাজার উপকূল, মহেশখালী, চৌফলদণ্ডীসহ বিভিন্ন অঞ্চলের হতদরিদ্র লোকজনের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গত জানুয়ারি মাসের শেষের কয়েক দিন পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ মফিজ উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপক (পরিচালন) এস এম গিয়াস উদ্দিন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার