এ ই ন গ রে - দূ র গ্রা মে

জিয়া স্মৃতি জাদুঘরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জিয়া স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ। ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর আয়োজন করা হয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার পর জাদুঘরের মিলনায়তনে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও এ সময় সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিয়া স্মৃতি জাদুঘরের ভারপ্রাপ্ত উপ-কিপার মো. হুমায়ূন মালিক ও সহকারী কিপার গোলাম কাউছার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ঢালী আল মামুন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী তাছাদ্দুক হোসেন ও শায়লা শারমিন। ঢালী আল মামুন বলেন, শিশুদের মেধা ও চারিত্রিক বিকাশের জন্য চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কাজে অংশগ্রহণ আবশ্যক। বিজ্ঞপ্তি।
উচ্চারকের একাদশ বর্ষপূর্তিতে আবৃত্তিকর্মী সমাবেশ
‘বুকে বাজে দ্রোহের বীণা, মুখে সত্য উচ্চারণ, আমরা মুক্ত উচ্চারক’—এই স্লোগান ধারণ করে আবৃত্তিকর্মী সমাবেশ করেছে উচ্চারক আবৃত্তি কুঞ্জ। একাদশ বর্ষপূর্তি উপলক্ষে ৩ জানুয়ারি নগরের এম ওয়াই উচ্চবিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে এতে শুভেচ্ছা জানান সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি রণজিৎ রক্ষিত, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদ রউফ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি অঞ্চল চৌধুরী, শৈশব বাচিক চর্চাকেন্দ্রের সভাপতি মিলি চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের উপদেষ্টা মাছুম আহমেদ, মুক্তধ্বনি আবৃত্তি সংগঠনের সভাপতি মশরুর আহমেদ, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি দেবাশীষ রুদ্রসহ বিভিন্ন আবৃত্তি সংগঠনের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের আলোচনা সভা
রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে এক সভা গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।
বক্তব্য দেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিনা জাকারিয়া, সংগঠনের সদ্য সাবেক সভপতি এ কে এম মাসুদ করিম, সভাপতি (ইলেক্ট) মির্জা মনিরুল হক, সহসভাপতি হাসিনা আকতার, আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. শাহজামান মনসুর খান, রোটারিয়ান এ টি এম জাফরুল আলম, রোটারিয়ান রাশেদা বেগম হেলেন প্রমুখ। বিজ্ঞপ্তি।
পথশিশুদের জন্য তহবিল গঠনে চলচ্চিত্র প্রদর্শনী
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘ওদের জন্য ভালোবাসা (ওজভা)’-এর উদ্যোগে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পথশিশুদের জন্য শিক্ষা তহবিল গঠনের উদ্দেশ্যে গত ৩০ ডিসেম্বর চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। দুই দিনের এই প্রদর্শনীতে টেলিভিশন, রানওয়ে, খোঁজ দ্য সার্চ, চোরাবালি ও থর টু চলচ্চিত্র প্রদর্শিত হয়। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এই উৎসবে যোগদান করে। গত ৩১ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আসর শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও ব্যবসায়ী মঞ্জুরুল হক। বিজ্ঞপ্তি।
স্বেচ্ছাসেবক পার্টির দোয়া মাহফিল
জাতীয় পার্টির প্রাতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগর শাখার দোয়া মাহফিল সম্প্রতি নগরের আমবাগান এলাকায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক খোকন চৌধুরী, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মিশতাক হোসেন, মাঈনুদ্দিন খান, আবুল বাশার চৌধুরী, ছোটন মল্লিক, বেলাল উদ্দীন, এস এম সম্রাট প্রমুখ। বিজ্ঞপ্তি।

চট্টগ্রাম একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম একাডেমির এয়োদশ বার্ষিক সাধারণ সভা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। একাডেমির প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আনোয়ারা আলম, রীতা দত্ত, দীপক বড়ুয়া, রহমান হাবীব, বিপুল বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।
কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদ্যাপন
নানা আয়োজনে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ। বক্তব্য দেন লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, জাহেদ সরওয়ার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বদিউল আলম, কুতুব উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ের অন্যতম গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এখান থেকে আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করতে পারবে কক্সবাজারের ছেলেমেয়েরা।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা পারিয়েল সামিহা। আলোচনা শেষে অতিথিরা নববর্ষের কেক কাটেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
ফরাসি ভাষার নতুন সেশন ১১ জানুয়ারি শুরু
চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার তিন মাসব্যাপী নতুন কোর্স ১১ জানুয়ারি শুরু হচ্ছে। কোর্সে ভর্তির জন্য নাম অন্তর্ভুক্তির শেষ তারিখ ১০ জানুয়ারি। প্রয়োজনীয় তথ্য জানার জন্য যোগাযোগ করা যাবে ০৩১-৬১৫৭৪০ নম্বরে। বিজ্ঞপ্তি।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের পক্ষকালব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয়েছে। বিভিন্ন বিষয়ের ২১ জন শিক্ষক এই কর্মশালায় অংশ নিচ্ছেন।
বসন্তকালীন সেশন সামনে রেখে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহের। চট্টগ্রামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করায় তিনি এর প্রশংসা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরুল আনোয়ার শ্রেণীকক্ষে শিক্ষকদের যুগোপযোগী শিক্ষা দেওয়ার পরামর্শ দেন। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসিফ মাহবুব। বিজ্ঞপ্তি।
নানা আয়োজনে বর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠান পালন পোর্ট্রেটের
আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, র্যাফল ড্র ও কেক কাটার মধ্য দিয়ে ইংরেজি বর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠান পালন করল সংস্কৃতিবিষয়ক সংগঠন পোর্ট্রেট। গত ৩১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ, বৈশাখী টিভির ব্যুরোপ্রধান হাসান ফেরদৌস ও নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন। বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী মহসিন, অনুষ্ঠানের আহ্বায়ক ফরিদ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লুবনা জান্নাত, লিটন সেন ও জাহেদ। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম রেসিডেনসিয়াল বিদ্যালয়ে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রেসিডেনসিয়াল বিদ্যালয় ও কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২২ ডিসেম্বর কলেজের মিলনায়তনে অধ্যক্ষ রাখাল চন্দ্র ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্প্রেড ট্রাস্ট চট্টগ্রামের সদস্য (প্রশাসন) জয়নুল আবেদীন চৌধুরী। বিজ্ঞপ্তি।