এ এক অসাধারণ মৃত্যু!

১৯৯৫ সালে শিল্পকলা একাডেমীর একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন শিল্পী ফিরোজ সাঁই। তিনি তখন গাইছিলেন তাঁর বহুলশ্রুত জনপ্রিয় গান ‘এক মিনিটের নাই ভরসা...’ যেন গানের বাণীকে সত্য প্রমাণ করেই আকস্মিক মৃত্যু হয়েছিল তাঁর। ২০০৬ সালে বিশ্বখ্যাত পিয়ানোবাদক অ্যান্থনি বার্জার একটি জাহাজে শ্রোতাদের সামনে বাজাচ্ছিলেন ‘ঈশ্বর আমার গান শোনো’ শিরোনামের একটি কম্পোজিশন। ঈশ্বর কি শুনতে পেয়েছিলেন সেই সুর? আমরা জানি না। কিন্তু বাজাতে বাজাতে যখন তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে, তখন অনেকেই বলেছেন, ঈশ্বরই তুলে নিয়ে গেছেন তাঁকে।
মঞ্চে পারফর্ম করার সময় মৃত্যু যেকোনো শিল্পীর জন্যই পরম আকাঙ্ক্ষিত। মনে পড়ে, নাট্যকার-অভিনেতা আবদুল্লাহ আল মামুন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যদি অভিনয় করতে করতে মঞ্চে মরে যেতে পারি, সেটাই হবে আমার শ্রেষ্ঠ মৃত্যু।’ মামুন অবশ্য সেই কাঙ্ক্ষিত মৃত্যুর স্বাদ পাননি। কিন্তু আমাদের দেশের আরেক বরণীয় শিল্পী কামরুল হাসান ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবিতা পরিষদের প্রতিবাদী মঞ্চে বসে ছবি আঁকতে আঁকতে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। মৃত্যুর অব্যবহিত আগে স্বৈরাচারী এরশাদকে নিয়ে তাঁর বিখ্যাত কৌতুকচিত্র ‘বিশ্ববেহায়া’ এঁকেছিলেন তিনি।
এসব কথা মনে পড়ল খ্যাতিমান তবলাশিল্পী ওস্তাদ বিজন চৌধুরীর মৃত্যু প্রসঙ্গে। এই গুণী শিল্পী ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মঞ্চে তবলা বাজাতে বাজাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওস্তাদ আজিজুল ইসলামের বংশীবাদন অনুষ্ঠানে তখন তবলাসংগত করছিলেন তিনি।
যেকোনো মৃত্যুই আত্মীয়-পরিজন ও গুণগ্রাহীদের কাছে বেদনাদায়ক। বিজন চৌধুরীর মতো শিল্পীর মৃত্যু তো আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাই এ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তবু বলব, যে কাজটা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই শিল্পের চর্চা করে যেতে পারাটা একজন শিল্পীর জন্য নিঃসন্দেহে এক বিরল সৌভাগ্য।
ওস্তাদ আজিজুল ইসলাম ভারাক্রান্ত কণ্ঠে বললেন, ‘ব্যক্তিগতভাবে আমি একজন বন্ধুকে হারালাম, কিন্তু দেশ হারিয়েছে একজন প্রকৃত গুণী শিল্পীকে। তাঁর মতো শিল্পী আমরা কখনো পাব কি না জানি না, কারণ এক্ষেত্রে শিক্ষা ও চর্চার জায়গাটা ক্রমেই সংকুচিত হয়ে আসছে।’ শিল্পের ব্যাপারে কখনো আপস করেননি উল্লেখ করে আজিজুল ইসলাম বলেন, ‘শিল্পী হিসেবে তাঁর আত্মমর্যাদার বোধ ছিল প্রখর।’
১৯৩৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার একটি সংস্কৃতিবান পরিবারে বিজন চৌধুরীর জন্ম। শৈশবে তিনি তালিম নিয়েছেন পণ্ডিত শিবশংকর মিত্র ও ওস্তাদ এরশাদ আলী খাঁর কাছে। কলকাতা ও লখ্েনৗয়ে তবলা শিখে এসে ষাটের দশকে ঢাকায় বুলবুল ললিতকলা একাডেমিতে যোগ দেন তিনি। পরে নিয়োগ পান বাংলাদেশ বেতারে। ১৯৯৮ সালে বাংলাদেশ বেতার থেকে অবসর নিলেও মঞ্চের পরিবেশনা অব্যাহত রাখেন। ভারত ও বাংলাদেশের বহু খ্যাতিমান শিল্পীর সঙ্গে তবলা বাজিয়েছিলেন তিনি। সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘ধ্রুব পরিষদ’ অনন্য কৃতিত্বের জন্য ‘ছন্দ রত্নাকর’ উপাধিতে ভূষিত করেছিল তাঁকে। শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন অ্যালবাম ছাড়াও একসময় চলচ্চিত্রের গানের সঙ্গেও তবলা বাজিয়েছেন তিনি। দুই পুত্র সন্তানের জনক বিজন চৌধুরী থাকতেন নগরীর হেমসেন লেন এলাকায়।
আজীবন শিল্পের সাধক বিজন চৌধুরীর মৃত্যুবরণ করেছেন মঞ্চে। মৃত্যুকে মহিমা দিয়ে গেছেন তিনি।