এ কালের দুখু মিয়া
নজরুল ইসলাম তাঁর বাবার নাম। পেশায় তিনি দিনমজুর। নজরুলের কবিতা তিনি কোনোকালে পড়েছেন কি না কে জানে। কিন্তু কে জানত দিনমজুর নজরুলের ছেলের জীবনটা এভাবে মিলে যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোটবেলার সঙ্গে? ঠিক অনেকটা দুখু মিয়ার মতোই জীবন মিন্টুর। শুনুন গল্পটা। প্রশিকা পরিচালিত একটি স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাস করে হাইস্কুলে ভর্তি হয় মঞ্জুরুল ইসলাম। মিন্টু নামে তাকে ডাকে সবাই। বাবা শারীরিক অসুস্থতার কারণে কাজকর্মও তেমন একটা করতে পারেন না। অভাবের কারণে ছেলের বই-খাতা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না তাঁর। বারবার আবদার করেও বই-খাতা কেনার পয়সা না পেয়ে একদিন ঘর ছাড়ে মন্টু। চলে আসে ঢাকায়। অনেক জায়গা ঘুরে শেষে পেটের দায়ে কাজ নেয় একটা চায়ের দোকানে। পুরো ছয় মাস সেখানে গাধার খাটুনি। কিন্তু মনে মনে লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন ভোলেনি মন্টু। বেয়ারার কাজ করে জমানো টাকা নিয়ে বই-খাতা কিনে আবারও স্কুলে যেতে শুরু করে। কিন্তু এভাবে খুব বেশিদূর এগোতে পারে না মন্টু। বাধ্য হয়ে আবার কাজ নেয় একটা মুদির দোকানে। মাসে ৩০০ টাকা বেতন। তাতেও জীবন চলতে চায় না। মুদির দোকানের কাজ করেও তাই করতে হয় মিনতির কাজ। একসময় এসএসসি পরীক্ষার দিন ঘনিয়ে আসে। পরীক্ষাটা ভালোমতোই দেয় মন্টু। তারপর আসে ফলাফলের দিন। মন্টু অন্য শ্রমিকদের সঙ্গে দল বেঁধে ধান কাটার কাজ করছিল সেদিন। তার জিপিএ ফাইভ পাওয়ার খবরটা সে পায় বেশ পরে। বন্ধুবান্ধবদের মুখ থেকে—দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কুন্দপুকুর উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে মন্টু। তার বাবা নজরুল ইসলাম জানান, তিনি নিজে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছেন এবং তাঁর মা মঞ্জুয়ারা বেগম অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। এক ভাই দুই বোনের মধ্যে মঞ্জুরুল বড়।মঞ্জুরুল জানায়, সে দিনের বেলা পড়ার সুযোগ পেত না। তাই গভীর রাত জেগে বই পড়ত। কিন্তু কুপিবাতির তেলের অভাবে কোনো কোনো সময় রাতের পড়াটাও হতো না।