এ কে এম আবদুল মন্নান স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে এম আবদুল মন্নান স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিদ প্রমুখ। আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মারকগ্রন্থের প্রকাশক কবি ইউসুফ মুহম্মদ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর ছেলে মোহাম্মদ সেলিম, স্মারকগ্রন্থের সম্পাদক সাংবাদিক ইয়াসমিন ইউসুফ ও তাঁর জামাতা মোহাম্মদ সামছুল হক। সভায় বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধে অপরিসীম অবদানের কারণে এ কে এম আবদুল মন্নান চিরঞ্জীব হয়ে থাকবেন। তাঁর জীবনের লক্ষ্যই ছিল সবাইকে নিয়ে সবার তরে বাঁচা। তঁার বিশাল কর্মযজ্ঞ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের আরও উদার হতে হবে।’ বিজ্ঞপ্তি