শতবর্ষী ওস্তাদ আবদুর রশীদ খান হুইলচেয়ারে করে প্রতিদিন এসেছেন গান শুনতে। সমাপনী দিনের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছিল তাঁকে। নিজের রচিত শের শুনিয়ে তিনি বলেন, ‘বাংলা গানের সুরমাধুর্য তাঁর হূদয় স্পর্শ করেছে।’ মুগ্ধতা ঝরল পণ্ডিত অরুণ ভাদুড়ির কণ্ঠেও, ‘আমি স্টেট্সম্যান পত্রিকায় এই উৎসব সম্পর্কে লিখেছি। প্রতিটি অনুষ্ঠান হয়েছে দেখার মতো। লিসা, ফাহিম, অদিতি, ময়না অনেক ভালো গেয়েছে। বিশেষ করে, ভানুসিংহের পদাবলির যে নাচ করল ওরা, তা মনে রাখার মতো।’ পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত বলেন, ‘আমার জন্ম তো বাংলাদেশেই। নয় দিনের এই উৎসবে বাংলাদেশকে আবার খুঁজে পেলাম।’ বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার সংগীত রিসার্চ একাডেমির (এসআরএ) যৌথ আয়োজনে গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হলো সবচেয়ে বড় বাংলা গানের উৎসব। ‘এ কোন মায়ায়’ নামের এই উৎসব উৎসর্গ করা হয়েছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো। সহযোগিতা করেছে দ্য ডেইলি স্টার ও মাছরাঙ্গা টেলিভিশনও। সুরের টানে কাছে আনেবেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে এসআরএর একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এর আওতায় এসআরএর পণ্ডিতেরা আমাদের দেশে এসে গুরু-শিষ্য পরম্পরায় তরুণ প্রজন্মের সংগীত শিক্ষার্থীদের উচ্চাঙ্গসংগীতের তালিম দেবেন। পাশাপাশি তাঁরা ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে সংগীত পরিবেশন করবেন। অপর দিকে এসআরএ ভারতের বিভিন্ন স্থানে যেসব অনুষ্ঠানে অংশ নেবে, সেখানে বাংলাদেশের শিল্পীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। বাংলা গানের ভুবন বিষয় ও আঙ্গিকের বৈচিত্র্যে বৈভবময়। সেই গানের চর্চা কোন পর্যায়ে রয়েছে, তা কলকাতার শ্রোতা ও সংগীত-সমঝদারদের কাছে তুলে ধরা ছিল উৎসবের মূল লক্ষ্য। পঞ্চকবির গান, রাগপ্রধান বৈঠকি গান, আধুনিক গান, দেশাত্মবোধক গান, জীবনমুখী গান আর লোকগানের সম্ভার দিয়ে সাজানো হয়েছিল উৎসবের গানের মালঞ্চ। গানের পাশাপাশি ছিল আবৃত্তি আর গীতিনৃত্যনাট্য। দেশের প্রবীণ থেকে নবীন প্রজন্মের অর্ধশতাধিক শিল্পী গান শুনিয়েছেন কলকাতার শ্রোতাদের। তাঁদের মধ্যে ছিলেন রামকানাই দাস, ফরিদা পারভিন, ইফফাত আরা দেওয়ান, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, কিরণ চন্দ্র রায়। ছিলেন বাপ্পা মজুমদার, সানী জুবায়ের, কৃষ্ণকলি, অর্ণব এবং পান্থকানাইয়ের মতো এ প্রজন্মের শিল্পীরা। ভারতের শিল্পীদের মধ্যে ছিলেন পণ্ডিত অরুণ ভাদুড়ি, পণ্ডিত অজয় চক্রবর্তী, বিদুষী কৌশিকি দেশিকান, সুচিশ্রী রায়, ব্রজেশ্বর মুখোপাধ্যায়, সুচেতা গঙ্গোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, শুভমিতা, অদিতি গুপ্ত, শ্রেয়া গুহঠাকুরতা, স্বাগতালক্ষ্মী প্রমুখ। আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর ও মাহবুবুর রহমান। ঢাকার দল ভাবনা পরিবেশন করেছে গীতিনৃত্যনাট্য ভানুসিংহের পদাবলি ও কলকাতার দক্ষিণী পরিবেশন করেছে শাপমোচন। উৎসবে বাংলাদেশের শিল্পীদের ৩০টির বেশি অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।গানে গানে অনুষ্ঠান হয়েছে এসআরএর প্রাঙ্গণে বিশাল মঞ্চে। বাংলাদেশ সরকারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উৎসবের উদ্বোধন করেন। প্রথম ও দ্বিতীয় দিনের উৎসব উৎসর্গ করা হয় সংগীতজ্ঞ সোহরাব হোসেন ও নীলুফার ইয়াসমীনের স্মৃতির প্রতি। সাড়ে তিন হাজারের মতো আসন ছিল মঞ্চের সামনে চমৎকার ছাউনির তলায়। দ্বিতীয় দিনে বৈঠকি গান এবং সমাপনীতে লোকগানের আয়োজন ছিল রাতভর। অন্য দিনে অনুষ্ঠান চলেছে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে মাঝরাত নাগাদ। ঘণ্টা খানেক করে গান করেছেন প্রত্যেক শিল্পী। সব শিল্পীর গায়কির বৈশিষ্ট্য সম্পর্কে শ্রোতারা যেন মোটামুটি ধারণা পান, সে জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল তাঁদের। সংগীত রিসার্চ একাডেমিতে সাধারণত উচ্চাঙ্গসংগীতের চর্চা হয়। বাংলা গানের আয়োজন হয় না। সেখানে নয় দিন ধরে বাংলা গানের আসর হওয়াটাই ছিল একটা বড় প্রাপ্তি। কেবল বাংলাদেশের শিল্পীরাই যে এই প্রথম এসআরএতে বাংলা গান করার সুযোগ পেলেন, তা নয়। কলকাতার শিল্পীদেরও অনেকে মঞ্চে উঠে বলতে দ্বিধা করেননি, এসআরএর মঞ্চে বাংলা গান করার দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা তাঁদের পূরণ হলো এই উৎসবের কল্যাণে। রসনাবিলাসশুধু গানই নয়, ঢাকার ঐতিহ্যবাহী খাদ্যসম্ভারও অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছিল উৎসবে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, তেহারি, ইলিশ পোলাও, ভুনা খিচুরির সঙ্গে পিঠাপুলি আর নড়াইলের খেজুরগুড়ের নরম পাকের সন্দেশ। এসআরএ কার্যালয়ের সামনের আঙিনায় মেলার মতো করে স্টল সাজিয়ে খাবারের আয়োজন। সঙ্গে ছিল বেঙ্গল থেকে প্রকাশিত গানের অ্যালবাম এবং সংগীত ও চারুকলা-বিষয়ক বই বিক্রির ব্যবস্থা।বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের সমাপনী দিনের অনুষ্ঠানে গান শুনতে আসা শ্রোতা এবং নেপথ্যের সব কর্মীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের দেশে গানের চর্চা সম্পর্কে একটা ধারণা তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছিল। কলকাতায় আগে আর নয় দিন ধরে এত বড় বাংলা গানের উৎসব হয়নি। আমরা চেষ্টা করব দুই দেশের শিল্পীদের নিয়ে এই সাংস্কৃতিক বিনিময়ের কার্যক্রম অব্যাহত রাখতে।’