বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নগরের কিছু এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নেতা-কর্মীরা তাণ্ডব চালিয়ে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়। এ নিয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলেন আমাদের নিজস্ব প্রতিবেদকপ্রথম আলো: রোববারের ঘটনার জন্য ছয়টি মামলা হয়েছে। এ জন্য জামায়াত-শিবির ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দায়ী করা হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী: পুলিশ কী করেছে সেটা তাদের ব্যাপার। তবে রোববার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের নেতা-কর্মীরা নাসিমন ভবনের দিকে যাচ্ছিলেন। পুলিশ আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে আমাদের কর্মসূচি পালন করতে দেবে না। নগরের বিভিন্ন মোড়ে পুলিশ নেতা-কর্মীদের বাধা দিয়েছে। টিয়ার শেল ও গুলি চালিয়ে অনেককে আহত করেছে। পুলিশ যে তাণ্ডব চালিয়েছে তা অবিশ্বাস্য ও অকল্পনীয়। ওরাই পরিকল্পনা করে সব করেছে। যে কারণে নগরের সর্বত্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর দায় তো পুলিশ ও সরকারের। প্রথম আলো: গোলাম আযমের আনুষ্ঠানিক বিচার শুরুর খবরে জামায়াত-শিবির নাকি পরিকল্পিতভাবে নগরে তাণ্ডব চালিয়েছে। এ অভিযোগের সঙ্গে আপনি একমত?আমীর খসরু মাহমুদ চৌধুরী: গোলাম আযমের বিচারের সঙ্গে রোববারের কর্মসূচির কোনো সম্পর্ক ছিল না। যেকোনো প্রতিবাদ শুরু হলে সরকার যুদ্ধাপরাধের প্রসঙ্গটি টেনে আনে। এটা তাদের মুদ্রাদোষে পরিণত হয়েছে। দেশের মানুষ বহু দিন এটা (যুদ্ধাপরাধের বিষয়) খেয়েছে। এখন আর খাবে না। জনগণ এই সরকারকে আর দেখতে চায় না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।