এ দেশের তরুণদের চোখে সম্ভাবনা দেখেছেন সাবিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম এ দেশের তরুণদের মধ্যে অপার সম্ভাবনা দেখেছেন। ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যারয়ের (ইডিইউ) আমন্ত্রণে উদ্দীপনামূলক বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগং। ইডিইউর প্রবর্তক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সাবিরুল বলেন, ‘তরুণ প্রজন্মকে ইতিবাচক মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের চিন্তাচেতনায় সব সময় থাকবে অভিনব ও ভিন্নতর বিষয়। নিতে হবে সময় উপযোগী পরিকল্পনা। আগ্রহ, পরিশ্রম, ধৈর্য আর উদ্দেশ্যের প্রতি আপসহীন থাকলে সাফল্য ধরা দেবেই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিইউর শিক্ষক ও শিক্ষার্থী এবং রোটারি ক্লাব অব চিটাগং মহানগরের কর্মকর্তারা। জনপ্রিয় এই লেখককে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন শিক্ষার্থীরা। অনেকে তাঁর সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে ছবি তোলেন। কেউবা অটোগ্রাফ নেন।
দুপুর ১২টায় সাবিরুল ইসলাম ইডিইউতে এলে তাঁকে স্বাগত জানান শিক্ষাপ্রতিষ্ঠানটির রেজিস্ট্রার শাফায়েত চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য মোহাম্মদ সিকান্দার খান, ডিন অব ফ্যাকাল্টিজ ওবায়দুল করিম, সহকারী অধ্যাপক রাশেদ আল করিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
বাংলাদেশ প্রসঙ্গে সাবিরুল ইসলাম বলেন, ‘বিশ্বে এই রাষ্ট্রকে বলা হয় উন্নয়নশীল দেশ। আপনাদের কাছে গরিব দেশ। কিন্তু আমি বলব সম্ভাবনাময় দেশ।’